স্নিগ্ধা চৌধুরী থানায় গেছেন, তারপর?

স্নিগ্ধা চৌধুরীর ঘটনাটা মোটামুটি সবাই জেনে গেছেন।

চব্বিশে জুলাই রাতে একটা বিজ্ঞাপনের চুক্তির কথা বলে তাকে ডাকা হয় ঢাকার তিনশো ফিট রোডের পাশের এক বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। মামলার এজাহারে তিনি বলেছেন, সেখানে দুই ঘণ্টা তাকে হাত-পা বেঁধে মারধর করা হয়, গায়ে ঢালা হয় গরম কফি, দেখানো হয় তলোয়ার।

অভিযোগ ওই হাসপাতালের মালিক গোষ্ঠীর চেয়ারম্যান, এক আবাসন কোম্পানির কর্ণধারের বিরুদ্ধে। তার পক্ষের ব্যাখ্যা, তিনি স্নিগ্ধাকে “অন্য এক নারী” ভেবেছিলেন, যে তার সঙ্গে প্রতারণা করেছিল।

এইটুকু সবার জানা। কিন্তু যেখানে আমাদের নজর কম পড়ছে, সেটা এই ঘটনার প্রথম ধাপ। সবচেয়ে মৌলিক জায়গা। স্নিগ্ধা চৌধুরীকে ডাকা হয়েছিল কাজের কথা বলে।

বিনোদন জগতে নিগ্রহের সবচেয়ে পুরনো তরিকা এইটাই। একটা চরিত্রের প্রস্তাব, একটা চুক্তির আলাপ, একটা অডিশন। এই বন্দোবস্ত দুনিয়ার সব বিনোদন-শিল্পে কমবেশি একই রকম।

যেটা দেশে দেশে আলাদা, সেটা হলো এই ঘটনাগুলো সামনে আসার পর কী করা হয়। কোথাও আইন বদলেছে, কোথাও পুরো ইন্ডাস্ট্রি তদন্তের মুখে পড়েছে, আবার কোথাও অভিযোগ চাপা থেকেছে অভিযুক্তের মৃত্যু পর্যন্ত।

গত কয়েক বছরে এই খাতা দেশে দেশে খুলেছে। সেই নজিরগুলো পাশাপাশি রাখলে বোঝা যায়, বাংলাদেশ এখন কোথায় দাঁড়িয়ে আছে।

➖

দুই হাজার সতেরোর অক্টোবরে নিউ ইয়র্ক টাইমস ছাপে প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে তিন দশকের নিগ্রহের অনুসন্ধান। শুরুতে অভিযোগকারী ছিলেন কয়েকজন, কয়েক মাসের মধ্যে সংখ্যাটা আশি ছাড়ায়, তালিকায় অস্কারজয়ী অভিনেত্রীও ছিলেন।

ওই অক্টোবরেই “মি টু” কথাটা দুনিয়াজুড়ে ছড়ায়, শুধু ফেসবুকেই চব্বিশ ঘণ্টায় এক কোটি বিশ লাখ পোস্ট আর মন্তব্য ওঠে।

ওয়াইনস্টিনের বিচার আজও চলছে। নিউ ইয়র্কে তেইশ বছরের সাজা হয়েছিল, উচ্চ আদালত সেই রায় বাতিল করলে নতুন বিচারে তিনি আবার দোষী সাব্যস্ত হন। লস অ্যাঞ্জেলেসের আলাদা মামলায় ষোলো বছরের সাজাও আছে।

তবে এই এক মানুষের পরিণতির চেয়ে জরুরি হলো, তিনি এতদিন ঠিক কীভাবে পার পেয়ে যেতেন, সেই ব্যবস্থাটা চিহ্নিত হওয়া। ভরসা ছিল দুই ধরনের কাগজ।

ক্ষতিপূরণের বিনিময়ে মুখ বন্ধ রাখার চুক্তি, আর চাকরির শর্তের ভেতরে লুকানো এমন ধারা, যাতে অভিযোগ আদালতে না গিয়ে যায় গোপন সালিশে।

দুই হাজার বাইশে মার্কিন কংগ্রেস আইন করে দুইটারই শক্তি নষ্ট করে। যৌন হয়রানির অভিযোগ এখন আর গোপন সালিশে পাঠানো যায় না, এবং চাকরিতে ঢোকার সময় আগেভাগে সই করানো মুখ-বন্ধ চুক্তিও অকার্যকর।

সেটের ভেতরেও একটা বদল এসেছে, ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে এখন আলাদা একজন সমন্বয়ক রাখাটা নিয়মে দাঁড়িয়েছে, যার একমাত্র কাজ অভিনয়শিল্পীর সম্মতির সীমা দেখভাল করা।

➖

কোরিয়ার গল্পটা উল্টা। সেটা ব্যর্থতার কেস-স্টাডি।

দুই হাজার নয়ের মার্চে জাং জা-ইয়ন নামের ঊনত্রিশ বছরের এক অভিনেত্রী আত্মহত্যা করলেন। জনপ্রিয় এক টিভি সিরিয়ালের কারণে তখন তার মুখ ঘরে ঘরে পরিচিত।

আত্মহত্যার আগে তিনি রেখে গেলেন সাত পৃষ্ঠার চিঠি। সেখানে লেখা, এজেন্সি তাকে বাধ্য করত “মদের টেবিলে সেবা” দিতে, আর যাদের সেবা দিতে হতো তাদের তালিকায় নাম একত্রিশজনের। মিডিয়া মালিক, পত্রিকার কর্তা, প্রযোজক, পরিচালক।

তদন্ত হলো, একত্রিশজনের মধ্যে শাস্তি পেলেন একজন, তার নিজের এজেন্সির প্রধান। সাজা হলো, এক বছরের স্থগিত কারাদণ্ড আর একশো ষাট ঘণ্টা সমাজসেবা। বাকিদের কারো বিরুদ্ধে মামলাই আর দাঁড়ায় নাই।

দশ বছর পরে, দুই হাজার উনিশে, দেশজুড়ে দাবির মুখে প্রেসিডেন্টের নির্দেশে সেই মামলা আবার খোলা হলো। পুনঃতদন্ত কমিটি স্বীকার করল, প্রথম তদন্ত ছিল ভুলভ্রান্তিতে ভরা। কিন্তু ততদিনে বেশিরভাগ অভিযোগের সময়সীমা শেষ। আইন বলল, দেরি হয়ে গেছে।

জাং জা-ইয়নের চিঠির একত্রিশজনের কেউ আজ পর্যন্ত জেল খাটে নাই।

➖

জাপানে নীরবতাও টিকেছিল লম্বা সময়।

জনি কিতাগাওয়া ছিলেন জাপানি পপ-সংগীতের সবচেয়ে ক্ষমতাধর মানুষ, কিশোর ছেলেদের তারকা বানানোর প্রায় একচেটিয়া কারখানা তার এজেন্সি।

তার বিরুদ্ধে কিশোরদের ওপর যৌন নিগ্রহের অভিযোগ পত্রিকায় ছাপা হয়েছিল উনিশশো নিরানব্বইতে। তিনি মানহানির মামলা করেন, এবং দুই হাজার তিনে টোকিওর উচ্চ আদালত রায় দেয়, নিগ্রহের অভিযোগগুলোর সত্যতা আছে।

এরপরও কিছু বদলায় নাই। তার তারকা ছাড়া অনুষ্ঠান চলে না বলে টিভি চ্যানেলগুলো প্রসঙ্গটাই তুলত না। এই এড়িয়ে চলার একটা ডাকনামও ছিল ইন্ডাস্ট্রিতে, ‘জনি ট্যাবু’।

কিতাগাওয়া মারা যান দুই হাজার উনিশে, এবং মৃত্যুর পরেও জাপানি মিডিয়ায় ছাপা হয় মূলত শোক আর স্তুতি।

খাতা খোলে আরও চার বছর পরে, বিবিসির একটা তথ্যচিত্রে সাবেক কিশোর শিল্পীরা মুখ খোলার পর। সেই বছরই এজেন্সিটা প্রকাশ্যে মেনে নেয়, অভিযোগ সত্য।

ক্ষতিপূরণের দাবি জমা পড়ে প্রায় এক হাজার, কোম্পানি নিজের নাম মুছে নতুন নামে দাঁড়ায়, যার একমাত্র কাজ ছিল ক্ষতিপূরণ মেটানো। ছয় দশকের নিগ্রহের এই স্বীকৃতিটুকু পেতে লেগে গেল অভিযুক্তের মৃত্যু আর একটা বিদেশি টিভি চ্যানেল।

➖

বাংলাদেশের সবচেয়ে কাছের নজির কেরালার।

দুই হাজার সতেরোর ফেব্রুয়ারিতে মালয়ালম সিনেমার প্রথম সারির এক অভিনেত্রীকে চলন্ত গাড়িতে ধর্ষণ করা হয়, ব্ল্যাকমেইলের জন্য দৃশ্য ধারণ করা হয়। ষড়যন্ত্রের অভিযোগ ওঠে সুপারস্টার দিলীপের বিরুদ্ধে, সেই মামলা এখনো চলছে।

এই ঘটনার পর ইন্ডাস্ট্রির নারীরা নিজেরাই সংগঠন বানান, উইমেন ইন সিনেমা কালেকটিভ।

তাদের চাপে রাজ্য সরকার অবসরপ্রাপ্ত বিচারপতি হেমার নেতৃত্বে কমিটি বসায়, দায়িত্ব দেয় পুরা ইন্ডাস্ট্রির ভেতরের অবস্থা তদন্তের। কমিটি রিপোর্ট জমা দেয় দুই হাজার উনিশে, সরকার সেটা প্রকাশ করে নাই সাড়ে চার বছর। শেষে আদালতের চাপে, দুই হাজার চব্বিশের আগস্টে, রিপোর্ট বের হয়।

রিপোর্টে যা লেখা ছিল, তা মালয়ালম সিনেমার চেনা ছবিটাই বদলে দেয়। ইন্ডাস্ট্রি চালায় গুটিকয় পুরুষের একটা চক্র, কাজ পাওয়ার শর্ত হিসেবে শরীর চাওয়া হয়, মুখ খুললে কাজ বন্ধ, এমনকি সেটে নারীদের জন্য টয়লেট পর্যন্ত নাই।

প্রকাশের এক মাসের মধ্যে চল্লিশের বেশি এফআইআর হয়, অভিযুক্তদের মধ্যে নামী অভিনেতা-পরিচালকও আছেন, আর শিল্পী সমিতির পুরো নেতৃত্ব পদত্যাগ করে, সভাপতি সুপারস্টার মোহনলাল-সহ।

ভারতের আরও একটা অভিজ্ঞতা এখানে মনে রাখার মতো। উনিশশো সাতানব্বইয়ে ভারতের সুপ্রিম কোর্ট কর্মক্ষেত্রে যৌন হয়রানি ঠেকাতে বিশাখা গাইডলাইন দিয়েছিল, বলেছিল, আইন না হওয়া পর্যন্ত এটাই নিয়ম। সেই আইন শেষ পর্যন্ত হয়েছে দুই হাজার তেরোতে।

ষোলো বছর লেগেছে, কিন্তু হয়েছে।

➖

ফ্রান্সে পুরো তদন্তটা শুরু হয়েছিল একজনের মুখ খোলায়।

দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে সিনেমার জাতীয় পুরস্কারের মঞ্চে দাঁড়িয়ে অভিনেত্রী জুদিত গদরেশ জানান, কিশোরী বয়সে দুই পরিচালকের হাতে তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন, এবং দাবি তোলেন, পার্লামেন্ট পুরা ইন্ডাস্ট্রি তদন্ত করুক।

পার্লামেন্ট সেই দাবি নেয়। ছয় মাসে সিনেমা-থিয়েটার-টিভির সাড়ে তিনশো জনের সাক্ষ্য শোনা হয়, দুই হাজার পঁচিশের এপ্রিলে কমিশন লেখে, এই জগতে যৌন সহিংসতা “সিস্টেমিক”, সঙ্গে দেয় ছিয়াশিটা সুপারিশ, শিশুশিল্পীর সুরক্ষা থেকে সরকারি অনুদানের শর্ত পর্যন্ত।

ওই একই সময়ে ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত অভিনেতা জেরার দ্যপার্দিও সেটে দুই নারীকে নিগ্রহের দায়ে দোষী সাব্যস্ত হন, আঠারো মাসের স্থগিত দণ্ড। কান উৎসবও সেই বছর নিগ্রহের অভিযোগ থাকা এক অভিনেতাকে লাল গালিচায় উঠতে দেয় নাই।

➖

বাংলাদেশের হাইকোর্টও কর্মক্ষেত্রে যৌন হয়রানি ঠেকাতে নির্দেশনা দিয়ে রেখেছে, ভারতের বিশাখার প্রায় আদলেই।

নারী আইনজীবীদের সংগঠনের করা মামলায়, দুই হাজার নয়ে। প্রতিটা প্রতিষ্ঠানে অভিযোগ কমিটি থাকবে, তিরিশ দিনে তদন্ত শেষ হবে, আর আইন না হওয়া পর্যন্ত এই নির্দেশনাই আইনের মতো মানতে হবে।

ভারতের গাইডলাইন আইন হতে লেগেছিল ষোলো বছর। বাংলাদেশের নির্দেশনার বয়স এই বছর সতেরো হলো, আইন হয় নাই।

ফাঁকটা আরও গভীরে, যৌন হয়রানি নামের অপরাধটার সংজ্ঞাই বাংলাদেশের কোনো আইনে নাই। দণ্ডবিধিতে নাই, শ্রম আইনে নাই।

নড়াচড়া যে একেবারে নাই তা না। এই বছরের জানুয়ারিতে আগের সরকারের উপদেষ্টা পরিষদ একটা অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে, সেখানে প্রথমবারের মতো সংজ্ঞাও আছে, অনলাইনে হয়রানি পর্যন্ত।

কিন্তু ছয় মাস পার হয়ে গেলেও সেটা গেজেট হয়ে আইনে দাঁড়ায় নাই। সতেরো বছরের অপেক্ষার সর্বশেষ ঠিকানা আপাতত ওই খসড়াটাই।

অভিযোগ শোনার এখনও আলাদা কোনো ঘর নাই বলে সব অভিযোগের ঠিকানা একটাই, থানা।

থানার রাস্তাটা কেমন, এই ইন্ডাস্ট্রি তা আগেও দেখেছে। দুই হাজার একুশের জুনে অভিনেত্রী পরীমনি অভিযোগ করেন, ঢাকার এক অভিজাত ক্লাবে প্রভাবশালী এক ব্যবসায়ী তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেছেন। মামলা হয়, দেশ তোলপাড় হয়।

এর দুই মাসের মধ্যে র‍্যাব অভিযান চালায় পরীমনির নিজের বাসায়, মাদক মামলায় তিনি গ্রেপ্তার হন, জেল খাটেন। তার নিজের করা মামলা বাতিল হয় নাই, কিন্তু আদালতে সাক্ষ্য দেওয়ার সুযোগ পেতে তার লেগেছে তিন বছরের বেশি, আর তার বিরুদ্ধের মামলাগুলো চলেছে নিজস্ব গতিতে।

ফলে হিসাবটা এই ইন্ডাস্ট্রিতে অজানা না। অভিযোগ করলে চরিত্র নিয়ে টানাটানি, কাজ কমে যাওয়া, উল্টা মামলা, তিনটাই এখানে ঘটতে দেখা গেছে।

➖

স্নিগ্ধা চৌধুরী থানায় গেছেন, মামলা করেছেন, পুলিশ ঘটনাস্থলের বর্ণনাও মিলিয়ে দেখেছে। এই মামলার যা হওয়ার, আদালতে হবে।

তবে অন্য দেশের নজিরগুলো পাশে রাখলে একটা পার্থক্য স্পষ্ট। আমেরিকা এক লোককে জেলে পাঠিয়ে থামে নাই, আইন বদলেছে। কেরালা এক ঘটনার পরে সমস্ত ইন্ডাস্ট্রির তদন্ত করিয়েছে।

ফ্রান্স একজন অভিনেত্রীর মঞ্চের কয়েক মিনিটের কথাকে নিয়ে গেছে সাড়ে তিনশো সাক্ষীর সংসদীয় কমিশনে। আর কোরিয়া-জাপানের অভিজ্ঞতায় দেরির ফলটাও জানা, সময়সীমা ফুরায়, অভিযুক্ত মারা যান, পড়ে থাকে শুধু ক্ষতিপূরণের হিসাব।

বাংলাদেশের হাতে এই মুহূর্তে আছে সতেরো বছর ধরে আইন হওয়ার অপেক্ষায় থাকা একটা হাইকোর্ট নির্দেশনা, সংজ্ঞাহীন একটা অপরাধ, কমিটিহীন একটা ইন্ডাস্ট্রি, আর থানার একটা রাস্তা।

সেই রাস্তার আগের যাত্রীর অভিজ্ঞতা কেমন ছিল, পরীমনির পাঁচ বছরে তা লেখা আছে।

স্নিগ্ধা চৌধুরীর মামলাটা এখন সেই রাস্তায়।

0 FacebookTwitterEmail

মন্তব্য করুন