এক পাতার স্বীকৃতি, রাষ্ট্র যাদেরকে গোনায় ধরে না

২০২২ সালের জুনে সারা দেশে জনশুমারি হলো।

গণনার মুহূর্ত ধরা হয়েছিল ১৪ জুন দিবাগত রাত বারোটা। ফল প্রকাশের পর দেখা গেল, দেশের জনসংখ্যা ষোলো কোটি একান্ন লাখ।

এই শুমারিতে পুরুষ আর নারীর সঙ্গে হিজড়াদেরও আলাদা করে গণনা করা হয়েছিল। তাদের ঘরে সংখ্যা দাঁড়াল বারো হাজার ছয়শ উনত্রিশ।

আপত্তি উঠল প্রায় সঙ্গে সঙ্গে। এই জনগোষ্ঠীকে নিয়ে যারা মাঠে কাজ করেন, তাদের হিসাবে দেশে হিজড়ার সংখ্যা পঞ্চাশ হাজারের উপরে।

সেই হিসাব ধরলে, সরকারি গণনায় ধরা পড়েছেন চারজনে একজন। বাকি তিনজন গণনার বাইরে থেকে গেছেন।

এতজন বাদ পড়ার কারণটা অবশ্য বোঝা কঠিন না। যিনি কিশোর বয়সে পরিবার ছেড়ে বেরিয়ে গেছেন, ভোটার তালিকায় তিনি রয়ে গেছেন পুরানা নামে, পুরানা ঠিকানায়।

আর যেই ডেরায় তিনি এখন থাকেন, সেই ঠিকানা সরকারি কাগজে নাই।

ফলে গণনাকারী দরজায় দাঁড়িয়ে যাকে খুঁজলেন, কাগজের হিসাবে তিনি বহু আগেই অন্য মানুষ।

➖

সরকারি কাগজে এই জনগোষ্ঠীর নাম “হিজড়া”। গেজেটে এই শব্দ, জাতীয় পরিচয়পত্রের ফরমে এই শব্দ, ভোটার তালিকাতেও তাই।

আবার পাড়া-মহল্লায় এই একই শব্দ চলে গালি হিসেবে।

কোনো পুরুষকে ভীতু বা অক্ষম বোঝাতে হলে এই শব্দই ছুড়ে দেওয়া হয়। ফলে একজন মানুষের রাষ্ট্রীয় পরিচয় আর তার দিকে ছুড়ে দেওয়া অপমান, দুইটা একই শব্দে আরামে চলে।

তবে বড় জটিলতা হলো, কারা হিজড়া, তার কোনো মীমাংসা নাই। কোথাও বোঝানো হয় জন্মগত আন্তঃলিঙ্গ মানুষদের, ইসলামি ফিকহ যাদের বলে ‘খুনসা’।

কোথাও বোঝানো হয় তাদেরকে, যারা জন্মসূত্রে ছেলে, কিন্তু বেড়ে ওঠেন মেয়ের পরিচয়ে।

১৮৭১ সালে ব্রিটিশ সরকার একটা আইন করেছিল, ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট। আইনের দ্বিতীয় অংশ ছিল সরাসরি এই মানুষদের জন্য।

আইনটা এই মানুষদের নাম স্থানীয় প্রশাসনের খাতায় তুলে রাখা বাধ্যতামূলক করল। তারপর একে একে বন্ধ করল তাদের জীবনের সব চেনা রাস্তা।

প্রকাশ্যে নাচগান করা যাবে না, নারীর পোশাক পরা যাবে না, শিশু দত্তক নেওয়া যাবে না। এমনকি গুরু মারা গেলে তার সম্পত্তি চেলার হাতে যাওয়ার যে রেওয়াজ, সেটাও আর চলবে না।

তাদের জীবিকা চলত নাচগানে, বংশ চলত দত্তকে, উত্তরাধিকার চলত গুরু-চেলায়। তিনটাই এক আইনে বন্ধ করা হলো।

আইনটার কড়া প্রয়োগ হয়েছিল মূলত উত্তর ভারতে, বাংলায় সেই তুলনায় কম।

বাংলায় বেশি প্রয়োগ হয়েছিলো আরও পুরানা একটা আইন, ১৮৬০ সালের দণ্ডবিধির ৩৭৭ ধারা।

দেড়শো বছর পার হয়েছে, সেই দণ্ডবিধি আজও বহাল, ৩৭৭ ধারাসহ।

➖

স্বীকৃতি বলতে তাদের যা আছে, তা এক পাতার একটা গেজেট।

২০১৩ সালের নভেম্বরে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিল, হিজড়াদের “হিজড়া লিঙ্গ” হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। ২০১৪ সালের ২৬ জানুয়ারি গেজেট বের হলো।

এরপর বারো বছর কেটে গেছে। গেজেটটার পরে আর কোনো আইন হয় নাই।

উত্তরাধিকারের নিয়ম হয় নাই, বৈষম্যের প্রতিকার হয় নাই, এমনকি হিজড়া কারা, সেই সংজ্ঞাও ঠিক হয় নাই।

মাঝে উল্টা একটা সুপারিশ ঘুরে বেড়িয়েছে, ডাক্তারি পরীক্ষা করে বাছাই করা হোক, কে ‘আসল’ হিজড়া আর কে না।

কে কোন লিঙ্গের মানুষ, সেটা ঠিক করবে ডাক্তার।

প্রস্তাবটা শুনতে যত দেশি, ব্যাপারটা তত দেশি না। একই টানাপোড়েন এখন এই পুরা অঞ্চলে, এমনকি এই অঞ্চলের বাইরেও।

➖

ভারতের সুপ্রিম কোর্ট ২০১৪ সালে রায় দিয়েছিল, মানুষের লিঙ্গপরিচয় ঠিক হবে তার নিজের গভীর আত্মবোধে।

শরীর, ক্রোমোজোম বা অস্ত্রোপচার কোনো শর্ত না। নিজের ঘোষণাই যথেষ্ট।

বারো বছর পরে ভারতের সংসদ এই ভিত্তিটা সরিয়ে ফেলল।

২০২৬ সালের ১৩ মার্চ লোকসভায় সংশোধনী বিল উঠল। ২৪ মার্চ পাস হলো, পরদিন রাজ্যসভায় গেলো, আর ৩০ মার্চ রাষ্ট্রপতির সই পড়ল।

নতুন আইনে স্বীকৃতি পেতে লাগবে মেডিকেল বোর্ডের সনদ। সঙ্গে থাকবে বাধ্যতামূলক জাতীয় রেজিস্ট্রি, ট্রান্সজেন্ডার মানুষদের কেন্দ্রীয় তালিকা।

তালিকাভুক্তির বাধ্যবাধকতা দিয়েই ১৮৭১ সালের আইনটা শুরু হয়েছিল।

আইনের বিরুদ্ধে মামলা এখন সুপ্রিম কোর্টে, তিন বিচারপতির বেঞ্চে। আদালত শুনানিতে রাজি হয়েছে, তবে আইন স্থগিত করে নাই।

➖

পাকিস্তানে ঘটনাটা ঘটেছে বিপরীত দিক থেকে।

সেখানে অধিকার দিয়েছিল সংসদ। ২০১৮ সালের আইনে নিজের ঘোষণার ভিত্তিতে পরিচয়ের স্বীকৃতি ছিল, পরিচয়পত্রে আলাদা জায়গা ছিল।

আইন পাসের বছরই জাতীয় নির্বাচনে দাঁড়িয়েছিলেন তেরোজন হিজড়া-ট্রান্স প্রার্থী।

২০২৩ সালের মে মাসে ফেডারেল শরিয়ত কোর্ট রায় দিল, আইনের তিনটা ধারা ইসলামি বিধানের পরিপন্থী।

বাতিল হওয়া ধারা তিনটা হলো লিঙ্গপরিচয়ের সংজ্ঞা, নিজের ঘোষণার অধিকার, আর উত্তরাধিকার।

এই রায়ের বিরুদ্ধে আপিল সুপ্রিম কোর্টে গেছে তিন বছর হলো, নিষ্পত্তি হয় নাই। পরিচয়পত্রের আলাদা জায়গাটা মাঝে বন্ধ হয়ে পরে আবার চালু হয়েছে।

দাঁড়াল এই, ভারতে অধিকার দিয়েছিল আদালত, ফিরিয়ে নিচ্ছে সংসদ। পাকিস্তানে দিয়েছিল সংসদ, ফিরিয়ে নিয়েছে আদালত।

এইদিকে বাংলাদেশে টানাটানিটা নাই, কারণ ফিরিয়ে নেওয়ার মতো কিছু কখনো দেওয়া হয় নাই।

➖

ইউরোপের দিকে তাকালে ছবিটা আরও এলোমেলো।

ইউরোপীয় ইউনিয়নের সাতাশ দেশের মধ্যে নয়টা দেশে নিজের ঘোষণা যথেষ্ট। বারোটা দেশে এখনো ডাক্তারি শর্ত মানতে হয়।

বুলগেরিয়া, হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় পরিচয় বদলানোর কোনো পথ খোলা নাই।

ব্রিটেনের সুপ্রিম কোর্ট ২০২৫ সালে রায় দিয়েছে, সরকারি সনদ নিয়ে কেউ লিঙ্গ বদলালেও সমতা আইনের হিসাবে তিনি নারী গণ্য হবেন না।

ওই আইনে “নারী” বলতে বোঝাবে জন্মসূত্রে নারীদেরই।

এই রায়ের পর ইউরোপের অধিকার-সূচকে ব্রিটেন নেমে এসেছে আলবেনিয়া আর রাশিয়ার কাছাকাছি।

আবার ২০২৬ সালের মার্চে ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালত হেঁটেছে সম্পূর্ণ উল্টা পথে।

রায় দিয়েছে, নিজের দেশ ছেড়ে অন্য সদস্য দেশে বসবাসকারী নাগরিকদের জন্য প্রতিটা রাষ্ট্রকে লিঙ্গস্বীকৃতির একটা কার্যকর পথ রাখতেই হবে, পথ একেবারে বন্ধ রাখাটাই আইনভঙ্গ, আর সেই পথে অস্ত্রোপচারের শর্ত চাপানো যাবে না।

জায়গা আলাদা, ভাষা আলাদা, কিন্তু ঝগড়াটা সবখানে ঘুরেফিরে একই প্রশ্নে এসে ঠেকে। মানুষ নিজে বলবে সে কে, নাকি রাষ্ট্র তার শরীর দেখে ঠিক করে দেবে।

➖

সিগন্যালে হাততালি দিয়ে টাকা চাওয়া মানুষটাকে আমরা দেখি।

অথচ নিজের আত্মীয় বা সহকর্মীদের মধ্যে হিজড়া কেউ আছেন, এমন লোক শহরে খুঁজে পাওয়া কঠিন।

সরল জীববিজ্ঞান মতে, আন্তঃলিঙ্গ জন্মের হার দেশে দেশে মোটামুটি এক।

আর লিঙ্গপরিচয়ের এই ভিন্নতা ধনী-গরিব বাছে না।

এমন সন্তান সব ঘরেই জন্মায়। পার্থক্য শুরু হয় পরে। এই ভিন্নতা নিয়ে সন্তানটা কোন পথে যায়, সেখানে।

গরিব ঘরে কথাটা জানাজানি হলে সন্তান একসময় বাড়ি ছাড়ে, কখনো নিজে থেকে, কখনো চাপে পড়ে।

তখন আশ্রয় বলতে থাকে কেবল হিজড়া ডেরা। সেখান থেকেই শুরু হয় গুরু-চেলার জীবন, সিগন্যাল, বাধাই।

এই পুরা পথটা যেহেতু রাস্তার উপর দিয়ে যায়, সবার চোখে পড়ে।

ধনী বা মধ্যবিত্ত ঘরের ঠিক একই সন্তান যায় অন্য পথে। কেউ পরিবারের মান বাঁচাতে বিয়ে করে সংসারী হওয়ার চেষ্টা করে, কেউ সবটা চেপে গোপনে বাঁচে।

কেউ সুযোগ পেলে দেশ ছেড়ে চলে যায়।

ভারতের ব্যাঙ্গালোরে আঠারো মাস ধরে চালানো একটা নৃবিজ্ঞান গবেষণার নামই রাখা হয়েছে এক ট্রান্স নারীর মুখের কথায়, “আমি হিজড়া না।”

গবেষক লিজ মাউন্ট দেখিয়েছেন, শিক্ষিত মধ্যবিত্ত ট্রান্স নারীরা বেশ যত্ন করেই নিজেদের হিজড়াদের থেকে আলাদা রাখেন, কারণ ওই শব্দটার গায়ে দারিদ্র্যের দাগ বসে গেছে।

আবার এই দুই ধারার ঠিক মাঝখানে আটকা-পড়া মানুষও আছেন। ভারতেরই আরেক গবেষণায় বিয়াল্লিশ বছরের একজন নিজের দশা বুঝিয়েছেন খুব স্পষ্টভাবে।

পরিবারের সম্মানের কারণে রাস্তায় নেমে ভিক্ষা করা যায় না, আবার ডেরায় গিয়ে হিজড়া হয়ে ওঠাও যায় না, এদিকে পড়াশোনা নাই বলে চাকরিও জোটে না।

ফলে সিগন্যালের ওই দৃশ্যটা আসলে লিঙ্গবৈচিত্র্যের পুরো ছবি না। ভিন্নতা জন্মায় সব ঘরে সমান, কিন্তু ডেরা পর্যন্ত এসে পৌঁছায় শুধু সেইটুকু, যার পিছনে পরিবারের টাকা ছিল না।

➖

বাড়ি ছাড়ার মুহূর্তটা কেমন, তা নিয়ে ঢাকায় একটা বড় নৃতাত্ত্বিক গবেষণা হয়েছিল ২০০৯ সালে।

শরফুল ইসলাম খান ও তার সহকর্মীদের হাতে, পঞ্চাশজন হিজড়ার দীর্ঘ সাক্ষাৎকার নিয়ে।

সাক্ষাৎকারগুলি বলছে, ছাড়াটা এক রাতের ঘটনা না। শৈশবে প্রথমে বদলায় বাড়ির লোকের চাহনি, তারপর কথাবার্তা, তারপর শাসন।

সিদ্ধান্তটা পাকা হয় তখন, যখন নিজের মতো আরও কারো দেখা মেলে। ফলে বেরিয়ে যাওয়াটা শুধু তাড়া খাওয়া না, একই সঙ্গে জীবনে প্রথমবারের মতো কোথাও জায়গা পাওয়াও।

জায়গাটার নাম ডেরা। গুরুমা নতুন চেলাকে ঘরে তোলেন, খাওয়ান, কাজ শেখান। সম্পর্কটার নিজস্ব নামও আছে, দুধ বেটি।

তবে এই আশ্রয়ের দাম হলো, চেলার সব রোজগার জমা পড়ে গুরুমার হাতে। ওই গবেষণাতেই কেউ কেউ বলেছেন, ডেরাতেও তাদের শরীর নিরাপদ ছিল না।

ফলে কেউ কেউ দ্বিতীয়বার এই গুরুর ঘরও ছেড়ে যান।

➖

জীবনের হিসাব যা-ই হোক, মৃত্যুর পরের হিসাবটা আরও জট পাকানো।

ডেরার কেউ মারা গেলে তার জমানো টাকা বা সম্পত্তি কে পাবে, আইনে এর উত্তর নাই।

জন্মের পরিবারের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেছে বহু বছর আগে, অথচ ওয়ারিশি আইনের চোখে উত্তরাধিকারী তারাই।

আর যে চেলা শেষ দিন পর্যন্ত পাশে ছিল, আইনের চোখে সে কেউ না।

গুরু-চেলার এই উত্তরাধিকার ১৮৭১ সালের আইন নিষিদ্ধ করেছিল। দেড়শো বছর পার হয়ে গেছে, তার বদলে অন্য কোনো ব্যবস্থা আজও দাঁড়ায় নাই।

দাফন নিয়েও নানা কথা শোনা যায়, গোপন জানাজা, রাতের অন্ধকারে কবর। যদিও এর বেশিরভাগই লোকমুখের কথা, নথিতে নাই।

পাকিস্তানে দাফনের অধিকার অস্বীকারের ঘটনা তবু আন্তর্জাতিক গবেষণাপত্রে উঠে এসেছে, বাংলাদেশে সেটাও নাই।

না থাকার মানে অবশ্য এই না যে, ঘটনা ঘটে না।

➖

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের কথা হয়তো মনে আছে। ২০২১ সালের নভেম্বরে সেখানে ইউনিয়ন পরিষদ নির্বাচন হলো।

স্বতন্ত্র প্রার্থীদের একজন নজরুল ইসলাম রিতু। শিশু বয়সে এই গ্রাম থেকেই তিনি পালিয়েছিলেন, আশ্রয় নিয়েছিলেন ঢাকার এক ডেরায়।

ফিরেছেন অনেক বছর পরে। এসে গ্রামের দুইটা মসজিদ তোলায় টাকা দিয়েছেন, দিয়েছেন হিন্দুদের মন্দিরেও।

ভোটের ফল ঘোষণা হলো রাতে। রিতু পেলেন নয় হাজার পাঁচশ সাতান্ন ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী, তখনকার ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী, পেলেন চার হাজার পাঁচশ উনত্রিশ।

ব্যবধান ছিলো দ্বিগুণেরও বেশি।

জনশুমারিতে রাষ্ট্র এই জনগোষ্ঠীর চারজনের তিনজনকেই খুঁজে পায় নাই। ত্রিলোচনপুরে সেই সংকটের উত্তর মিললো অন্যভাবে।

রাষ্ট্র যাকে গুনতে পারে না, একটা ইউনিয়ন তাকে বেছে নিতে পারে।

0 FacebookTwitterEmail

মন্তব্য করুন