অলাভজনক বিশ্ববিদ্যালয়, লাভজনক মালিকানা

চব্বিশ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন একটা নোটিশ ছেপেছিল।

দেশের একশো চারটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ত্রিশটাতে বৈধভাবে নিয়োগ পাওয়া কোন উপাচার্য নাই।

আইনের খাতায় উপাচার্যই বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী। তার সইয়ে সনদ, তার নামে সমাবর্তন। সেই পদ ত্রিশটা প্রতিষ্ঠানে খালি, কোথাও বছরের পর বছর।

তবু ক্লাস চলছে, ভর্তি চলছে, পরীক্ষা হচ্ছে, সনদ ছাপা হচ্ছে।

প্রধান ছাড়া প্রতিষ্ঠান চলে কীভাবে?

চলে, কারণ যে পদটা খালি, প্রতিষ্ঠান সেখান থেকে চলে না। চলে অন্য জায়গা থেকে। জায়গাটার নাম বোর্ড অব ট্রাস্টিজ।

গোড়ার কথাটা এক লাইনে এভাবে বলা যায়, সারা পৃথিবীতে বড়লোকে বিশ্ববিদ্যালয়কে টাকা দেয়। বাংলাদেশে বড়লোকে বিশ্ববিদ্যালয়ের মালিক হয়।

ফারাকটা এক শব্দের, কিন্তু ফলাফলটা একটা পুরা ব্যবস্থার।

➖

উনিশ শতকের শেষের আমেরিকায় ফেরা যাক।

পুঁজিপতিদের টাকা এত বড় আকারে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে শুরু করে তখনই, আর সেই টাকা কীভাবে নেওয়া হবে তার নিয়মাবলীও ঠিকঠাক হয় ওই সময়েই।

জন ডি রকফেলার তখন আমেরিকার তেল পরিশোধনের প্রায় পুরাটাই নিয়ন্ত্রণ করেন, তার কোম্পানির নাম স্ট্যান্ডার্ড অয়েল।

দেশের সবচেয়ে ঘৃণিত মানুষদেরও একজন তিনি। তেলের একচেটিয়া ব্যবসার জন্য পত্রিকাগুলি তার নাম দিয়েছিল ‘ডাকাত ব্যারন’।

তিনি শিকাগোতে একটা বিশ্ববিদ্যালয় বানালেন। ঢাললেন সাড়ে তিন কোটি ডলার, সে যুগের হিসাবে অকল্পনীয় অঙ্ক।

কিন্তু কোথাও নিজের নাম দিলেন না, পরিচালনায়ও ঢুকলেন না। বিশ্ববিদ্যালয়ের নাম হলো শহরের নামে, ইউনিভার্সিটি অব শিকাগো।

ইস্পাতের ব্যবসায়ী অ্যান্ড্রু কার্নেগিও একই পথের, তার লেখা বিখ্যাত কথাটা এমন, “দ্য ম্যান হু ডাইজ রিচ, ডাইজ ডিসগ্রেসড।”

স্ট্যানফোর্ড বানিয়েছিলেন ক্যালিফোর্নিয়ার রেলপথের মালিক লেল্যান্ড স্ট্যানফোর্ড। ডিউক ইউনিভার্সিটির টাকা এসেছিল জেমস বি ডিউকের সিগারেট থেকে।

জনস হপকিন্স ছিলেন বাল্টিমোর অ্যান্ড ওহাইও রেলরোডের বড় শেয়ারমালিক, যিনি উইলে লিখে গিয়েছিলেন তার সম্পত্তি দিয়ে একটা বিশ্ববিদ্যালয় আর একটা হাসপাতাল হবে।

ময়লা টাকা, পরিষ্কার প্রতিষ্ঠান, সবখানে ফর্মুলা এক। কিন্তু এই দুইয়ের মাঝখানে স্বাধীন একটা বোর্ড। হস্তক্ষেপের কোন সুযোগ নাই।

দুই হাজার আঠারো সালে আদালতের চাপে ভার্জিনিয়ার জর্জ মেসন ইউনিভার্সিটি কিছু পুরানা দলিল প্রকাশ করল।

দেখা গেল, কোখ ফাউন্ডেশনের কোটি ডলারের দানে যেসব অধ্যাপক-পদ চলে, সেই অধ্যাপক বাছাইয়ের পাঁচ সদস্যের কমিটিতে দুইজনের মনোনয়নের অধিকার দাতা নিজের হাতে রেখেছিল।

সব গণমাধ্যমে শিরোনাম হলো। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট স্বীকার করলেন, চুক্তিগুলি একাডেমিক স্বাধীনতার মানে পৌঁছায় না।

সব দাতা-চুক্তি পর্যালোচনার নির্দেশ দিলেন।

কেলেঙ্কারির মাপটা খেয়াল করেন। পাঁচ আসনের কমিটিতে দাতার দুইটা আসন। তাতেই মামলা, তদন্ত, দুঃখপ্রকাশ।

বাংলাদেশে ওই কমিটির নাম বোর্ড অব ট্রাস্টিজ। এবং পাঁচটা আসনই দাতার। আইন মেনেই।

➖

আইনটার নাম বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০।

কাগজে প্রতিটা বেসরকারি বিশ্ববিদ্যালয় অলাভজনক, উদ্যোক্তারা তহবিল দিবেন, বিনিময়ে এক টাকাও নিতে পারবেন না।

সেই আইনেই লেখা, উপাচার্য নিয়োগ দিবেন আচার্য, মানে রাষ্ট্রপতি।

কিন্তু রাষ্ট্রপতি বাছবেন তিনটা নামের একটা তালিকা থেকে, সেই তালিকাটা পাঠাবে ট্রাস্টি বোর্ড।

সারকথা হল, যিনি তহবিল দেন, তিনিই বোর্ডে বসেন, আর বোর্ডই সর্বোচ্চ কর্তৃপক্ষ।

আমেরিকায় দাতা আর প্রতিষ্ঠানের মাঝখানে যে দূরত্বটা নিয়মে বাঁধা, আমাদের আইন সেটা রাখার কোন প্রয়োজন বোধ করে নাই।

ফলে, প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসে, এবং প্রশ্নটা সবারই, যে খাতে মুনাফা ওঠানো আইনত নিষেধ, দেশের সবচেয়ে হিসাবি শিল্পগোষ্ঠীগুলি সেই খাতে এত আগ্রহী কেন?

প্রতি বছর সরকার-অনুমোদিত ফার্মে নিরীক্ষার কথা আইনে আছে। বাস্তবে বহু বিশ্ববিদ্যালয় বছরের পর বছর প্রতিবেদনই জমা দেয় না।

তবু ধরে নেই, আইনটা অক্ষরে অক্ষরে মানা হচ্ছে। আইন ফাঁকি দিয়ে এক টাকাও কেউ পকেটে নিচ্ছেন না।

কিন্তু তাতেও মালিকানার প্রাপ্তি শেষ হয় না।

ব্রডশিটের হিসাবে এমন প্রাপ্তি অন্তত পাঁচ রকম, আর তার একটাও মুনাফা না।

➖

প্রথম প্রাপ্তি, নগদ।

ইউজিসির হিসাবে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন পঞ্চান্ন হাজার। মেডিকেল-ইঞ্জিনিয়ারিং মিলিয়েও সেটা লাখখানেক।

চব্বিশ সালের এইচএসসিতে শুধু জিপিএ-৫ পেয়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শো এগারোজন। পাস করেছে দশ লাখের বেশি।

সংখ্যা দুইটা পাশাপাশি রাখেন।

শুধু জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী দিয়েই দেশের সব পাবলিক আসন ভরে গিয়েও দেড়গুণ বাকি থাকে। বাকি সাড়ে আট লাখের হিসাব তার আরও পরের কথা।

এই ভিড়টাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি। টিউশন কত হবে, তা বেঁধে দেওয়ার একটা প্রস্তাব ইউজিসি একবার তুলেছিল, কার্যকর হয় নাই।

ফলে দামটা ঠিক করে বোর্ডরুম।

সেই টাকা ভেতরে ঢোকে। কিন্তু বের হয় কোন পথে, সেই প্রশ্নের সবচেয়ে বিস্তারিত উত্তর আছে একটা এজাহারে।

দুদক মামলাটা করে বাইশ সালের পাঁচই মে।

আসামি দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ পাঁচ ট্রাস্টি, আর একটা হাউজিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।

এজাহারের অভিযোগ, স্থায়ী ক্যাম্পাসের নামে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি কেনা হয়েছে সিন্ডিকেট, ইউজিসি আর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাশ কাটিয়ে।

কাগজে জমির দাম দেখানো পাঁচশো কোটি টাকা। বাস্তবে কেনা দুইশো কোটিতে।

মাঝখানের প্রায় তিনশো চার কোটি টাকা ফিরে এসেছে চেক হয়ে, অভিযুক্তদের নিজেদের নামে। জমা হয়েছে নিজেদের নামের এফডিআরে।

শুনানিতে হাইকোর্ট যে মন্তব্য করেছিল, সেটা এই লেখার সারাংশ হতে পারত। খুন হলে ক্ষতি হয় এক পরিবারের। টাকা পাচারে ক্ষতি পুরা সমাজের।

আদালত এটাও বলেছিল, এই বিশ্ববিদ্যালয়ের টিউশন এত চড়া যে বহু অভিভাবকের সাধ্যে কুলায় না।

চার ট্রাস্টি জেলে গেলেন। পরে দুইজন জামিন পেলেন দুইটা শর্তে। দেশ ছাড়তে পারবেন না, আর অনুমতি ছাড়া ঢুকতে পারবেন না ক্যাম্পাসে।

দুই বছর পরে দুদক আরেকটা মামলা করল, এইবার সাবেক আট ট্রাস্টির নামে।

অভিযোগ, নিজেদের ব্যবহারের জন্য দশটা বিলাসবহুল গাড়ি, কেনা আর রক্ষণাবেক্ষণ মিলিয়ে দশ কোটি সাতচল্লিশ লাখ টাকা, সবটাই বিশ্ববিদ্যালয়ের সাধারণ তহবিল থেকে।

এই বিশ্ববিদ্যালয়ের ফটকের হিসাব ব্রডশিটের পাঠক আগেই জানেন। দেড়শোর কাছাকাছি পাহারাদার, আট ঘণ্টা ডিউটির মাসিক দর সাড়ে আট থেকে নয় হাজার টাকা।

মামলার অঙ্ক ভাগ করলে গাড়িপ্রতি পড়ে এক কোটির বেশি। ওই ফটকের একজন পাহারাদারের বেতনে এক কোটি টাকা জমতে লাগবে একশো বছরের বেশি।

গাড়িগুলি ঢুকত ওই ফটক দিয়েই।

মামলাগুলি বিচারাধীন, অভিযোগ আদালতে প্রমাণিত হয় নাই। উপাচার্যের ভাষ্য ছিল, বিষয়টা বিচারাধীন, আইন তার নিজের পথে চলুক।

তবে মামলার আগেই ইউজিসি দুই দফা তদন্ত করেছিল, ষোলো এবং উনিশ সালে। দুইবারই তারা দেখেছিল, জমি কেনা হয়েছে বাজারদরের অনেক ওপরে।

এই ঘটনা একটা বিশ্ববিদ্যালয়ের কি না, তার একটা আভাস দিয়েছেন ইউজিসিরই এক কর্মকর্তা, নাম গোপন রেখে।

তার ভাষ্য, সিন্ডিকেট সদস্যরা বৈঠকপিছু নেন চার-পাঁচ লাখ টাকা, আর শিক্ষার্থীর টাকায় ট্রাস্টিদের দামি গাড়ি আর ফ্ল্যাট হয়।

তদন্ত হয় না, কারণ রাজনৈতিক আর আর্থিক প্রভাব।

কথাগুলি তিনি বলেছেন নাম গোপন রেখে, যদিও নিয়ন্ত্রক সংস্থাটা তারই।

➖

দ্বিতীয় প্রাপ্তি, জমি।

আইনই বলে দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যেতে হবে। জমি কেনা তাই শুধু সুযোগ না, বাধ্যবাধকতা।

আর বড় অঙ্কের টাকা নাড়ানোর এর চেয়ে বৈধ উপলক্ষ কম আছে। শিক্ষার জন্য জমি।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঘটনাটা তাই দুই ভাগেই পড়া যায়। টাকা বের হয়েছিল জমির দামের হিসাব ধরে, এইদিকে জমি কেনাটা ছিল আইনের বাধ্যবাধকতা।

তবে জমির হিসাবটা এখানেই শেষ না। ক্যাম্পাস বসার পর জমির দামের অঙ্কটা উল্টা দিক থেকেও কাজ করে।

একটা ক্যাম্পাস মানে হাজার শিক্ষার্থীর প্রতিদিনের যাতায়াত। মানে দোকান, মেস, রেস্তোরাঁ, বাস রুট। মানে আশপাশের জমির দাম বেড়ে যাওয়া।

যে গ্রুপের হাউজিং ব্যবসা আছে, তার জন্য বিশ্ববিদ্যালয়টা তাই দ্বিতীয় দফায় লাভ দেয়। প্রথমে জমি কেনার সময়, তারপর জমির দাম বাড়ার সময়।

দেশের সবচেয়ে বড় ক্যাম্পাসের বেসরকারি বিশ্ববিদ্যালয়টার ডাক-ঠিকানা, ড্যাফোডিল স্মার্ট সিটি, বিরুলিয়া, সাভার।

বিশ্ববিদ্যালয় শহরের ভেতরে না। শহরটাই বিশ্ববিদ্যালয়ের নামে।

➖

তৃতীয়ত, ইকোসিস্টেম।

আইনে ট্রাস্টিদের লাভ নেওয়া নিষেধ। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কেনাকাটা নিষেধ না।

বিশ্ববিদ্যালয় ভবন ভাড়া নেয়, নির্মাণ করায়, বই ছাপায়, খাবার সরবরাহ নেয়, ব্যাংকে টাকা রাখে, শিক্ষার্থীদের ল্যাপটপ ধরিয়ে দেয়।

প্রতিটা লেনদেনের অন্য পারে যদি নিজের গ্রুপেরই একটা কোম্পানি থাকে, তাহলে টাকাটা আর মুনাফা হিসেবে বিতরণ করতে হয় না।

সেটা বের হয়ে যায় খরচের খাতা ধরে, ভাড়া বা বিলের নামে।

যেমন ড্যাফোডিল গ্রুপ তাদের প্রতিষ্ঠানগুলিকে একসাথে ডাকে ড্যাফোডিল ফ্যামিলি নামে।

নিজেদের ওয়েবসাইটের ভাষ্যে সেখানে চুয়ান্নর বেশি প্রতিষ্ঠান, চারটা ক্ষেত্র, শিক্ষা, আইসিটি, ব্যবসা, স্বাস্থ্যসেবা।

বিশ্ববিদ্যালয়টা সেই তালিকার একটা নাম, পাশে কম্পিউটার কোম্পানি, প্রশিক্ষণ প্রতিষ্ঠান, স্কুল, ভেঞ্চার ক্যাপিটাল।

তালিকাটা তারা লুকায় না, বিজ্ঞাপনে লেখে।

এই বিন্যাসের সবচেয়ে খোলামেলা রূপটা অবশ্য অন্য জায়গায়।

পোশাক মালিকদের সমিতি বিজিএমইএ ১৯৯৯ সালে একটা ফ্যাশন-টেক্সটাইল ইনস্টিটিউট খোলে। বারো সালে সেটা পূর্ণ বিশ্ববিদ্যালয় হয়।

চট্টগ্রামে তাদের দ্বিতীয়টা এসেছে বাইশ সালে।

➖

চতুর্থত, বৈধতা

আর এইটাই সম্ভবত আসল প্রাপ্তি।

টাকা দিয়ে জমি হয়, গাড়ি হয়, লাইসেন্স হয়। সম্মানটা হয় না। ওইটার জন্য লাগে প্রতিষ্ঠান।

কথাটা নতুন না, এই লেখার শুরুতেই ছিল। রকফেলার শিকাগোতে টাকা ঢেলেছিলেন এই জিনিসটার জন্যই।
এই ভূখণ্ডেও অভ্যাসটা পুরানা।

জমিদাররা কলেজ বানাতেন বাপ-মায়ের নামে, নিজের নামে। সমাজে ওঠার সিঁড়িটা বরাবরই বিদ্যার নাম ধরে বানানো।

রকফেলারকে বিনিময়ে ছাড়তে হয়েছিল নিয়ন্ত্রণ। এমনকি, নিজে নামও। প্রতিষ্ঠান যত স্বাধীন, তার সম্মান তত বেশি, এবং এই সম্মানের ভাগ দাতার কাছে আসে ঠিক ওই স্বাধীনতার কারণেই।

আমাদের এখানে বৈধতা আসে মালিকানা হাতে রেখেই। নামসহ।

ড্যাফোডিল গ্রুপের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ইউনাইটেড গ্রুপের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিজিএমইএর বিইউএফটি।

গ্রুপের নামটা তখন প্রতিটা সনদে ছাপা হয়, প্রতি বছর, হাজারে হাজারে।

উনিশশো আঠারো সালে আমেরিকান অর্থনীতিবিদ থর্স্টেইন ভেবলেন এই বিষয়ে একটা বই লিখেছিলেন।

উপশিরোনাম, ব্যবসায়ীদের হাতে বিশ্ববিদ্যালয় পরিচালনার কারবার বিষয়ে একটা স্মারক।

তার ভয় ছিল, বোর্ড যদি ব্যবসায়ীদের হাতে থাকে, প্রশাসকরাও প্রতিষ্ঠান চালাবেন ব্যবসার নিয়মে। বেশি ভর্তি, বেশি প্রচার, বেশি নামডাক।

ভেবলেন লিখেছিলেন আশঙ্কা হিসেবে। আমরা সেটাকে কাঠামো হিসেবে গড়ে তুলেছি।

➖

পঞ্চমত, রাষ্ট্র।

একশোর বেশি বিশ্ববিদ্যালয়ের মালিকদের একটা সমিতি আছে, এপাব। তার সভাপতির পদে ২০২৩ সালে নির্বাচিত হন শেখ কবির হোসেন, শেখ হাসিনার আত্মীয়।

পাঁচই অগাস্টে সরকার পড়ল। ষোলোই অগাস্ট, এগারো দিনের মাথায়, সমিতির জরুরি বৈঠকে ভারপ্রাপ্ত সভাপতি হলেন ড্যাফোডিলের সবুর খান।

পঁচিশ সালের জুলাইয়ে নিয়মিত নির্বাচনে তিনিই পূর্ণ সভাপতি।

সহ-সভাপতির দুইটা পদের একটায় নর্থ সাউথের বেনজীর আহমেদ, রূপগঞ্জের মামলায় যিনি আসামি ছিলেন।

এইসব পদ খালি থাকে না। কী কারণে থাকে না, ইউজিসির এক কর্মকর্তা সেটা বলেছেন নাম গোপন রেখে।

তার ভাষ্য, বেশির ভাগ ট্রাস্টি বোর্ডই গঠিত হয়েছে গত সরকারের আমলে রাজনৈতিক প্রভাবে, আর চলছে মুনাফার ব্যবসা হিসেবে।

তারিখগুলি পাশাপাশি রাখলে হিসাবটা পরিষ্কার হয়।

পঁচিশ সালে ইউজিসির এক সদস্য জানালেন, অন্তত বিশ থেকে ত্রিশটা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে টাকা পাচার আর তহবিল তসরুফের গুরুতর অভিযোগ জমেছে।

প্রমাণ মিললে বোর্ড ভেঙে প্রশাসক বসানোর কথাও উঠল।

কিন্তু সরকার না পড়া পর্যন্ত তদন্তের কাঠি নড়লো না।

আঠারো সালেই ইউজিসি আইন সংশোধনের সুপারিশ পাঠিয়েছিল। কমিশনের অনুমতি ছাড়া বোর্ড বদলানো যাবে না, বিশ্ববিদ্যালয়ের টাকা সরানো যাবে না।

➖

শেষ করার আগে ন্যায্য হিসাবটা মিলানো দরকার।

এতক্ষণ যা লেখা হলো তাতে মনে হতে পারে, দোষটা বেসরকারি বিশ্ববিদ্যালয় নামের জিনিসটারই। তা না।

রাষ্ট্র পঞ্চান্ন হাজার আসন নিয়ে দশ লাখ পাস করা শিক্ষার্থীর সামনে দাঁড়িয়েছিল, সেই শূন্যতায় ঢুকেছে এই খাত।

তিন দশকে লাখো তরুণ ডিগ্রি পেয়েছেন, শিক্ষক তৈরি হয়েছে, কোথাও কোথাও গবেষণাও দাঁড়িয়েছে।

যে মেয়েটা পরিবারের প্রথম গ্র্যাজুয়েট, তার সনদপত্র মিথ্যা না। কোন বোর্ডরুমে কী সিদ্ধান্ত হয়েছিল, তাতে ওই সনদের দাম কমে না।

এই খাতের শিক্ষকদের বড় অংশও ওই একই কাঠামোর ভেতরে, তারা মালিক না।

ফলে সমস্যা এই বিশ্ববিদ্যালয়গুলির থাকা না থাকায় না। সমস্যা মালিকানা আর পরিচালনা এক হাতে থাকায়।

এবং এর উত্তর সরকারিকরণও না।

রাষ্ট্র নিজের বিশ্ববিদ্যালয়গুলি কেমন চালায়, সেই হিসাব মিলাতে বসলে এই লেখার চেয়ে সেটা ছোট হবে না।

উত্তর, মালিকানা আর পরিচালনা, এই দুইটাকে আলাদা করা।

➖

আমেরিকান শিক্ষাবিদ ক্লার্ক কার একটা হিসাব করেছিলেন।

পনেরোশো বিশ সালের আগে প্রতিষ্ঠিত হয়ে পশ্চিমা দুনিয়ায় আজও প্রায় একই চেহারায়, একই কাজে টিকে আছে এমন প্রতিষ্ঠান পঁচাশিটার মতো।

ক্যাথলিক চার্চ, তিনটা পার্লামেন্ট, কয়েকটা সুইস ক্যান্টন।
বাকি সত্তরটাই বিশ্ববিদ্যালয়।

কারের ভাষায়, যে রাজারা শাসন করতেন তারা নাই, সামন্তপ্রভুরা নাই, একচেটিয়া কারবারি গিল্ডগুলি নাই। বিশ্ববিদ্যালয়গুলি একই জায়গায়, কোনো কোনোটা একই ভবনে।

হার্ভার্ডের বয়স আমেরিকার চেয়ে একশো চল্লিশ বছর বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয় নিজের চোখে দুইটা রাষ্ট্রের জন্ম দেখেছে।

এত আয়ুর কারণ জটিল না। এই প্রতিষ্ঠানগুলির কোনো মালিক নাই। মালিক মারা গেলে, দেউলিয়া হলে, কিংবা পালালে যেই জিনিসটা মরে না, সেটাই শতাব্দী পার হয়ে যায়।

আমরা উল্টা পরীক্ষাটা চালু করেছি। প্রতিটা বিশ্ববিদ্যালয়ের মালিক আছে, এবং প্রতি চারটার একটায় উপাচার্য নাই।

গ্রুপ যেদিন দেউলিয়া হবে, মালিক যেদিন পালাবেন, সেদিন তার বিশ্ববিদ্যালয় কোথায় দাঁড়াবে, হাজার হাজার শিক্ষার্থীর সনদে কার সই থাকবে, এই প্রশ্ন আমরা কখনো করি নাই।

উপাচার্য ছাড়াও যে বিশ্ববিদ্যালয় চলে, এই দেশ তা প্রমাণ করেছে। মালিক ছাড়া চলে কি না, সেই পরীক্ষাটা এখনো বাকি।

0 FacebookTwitterEmail

মন্তব্য করুন