মৃত্যুরও একটা মান আছে, যেখানে আশি দেশের তালিকায় আমরা উনআশি

রাত দুইটা। একটা বেসরকারি হাসপাতালের আইসিইউর সামনের করিডরে পাঁচজন মানুষ দাঁড়িয়ে।

ভেতরে সত্তরোর্ধ্ব একজন মানুষ, যন্ত্রের সাথে বাঁধা। ডাক্তার এসে পরিবারকে যা বললেন তার সারমর্ম, উন্নতির সম্ভাবনা কার্যত নাই। এখন সিদ্ধান্ত আপনাদের।

করিডরে পাঁচজন মানুষ চুপ। বড় ছেলে দেশে, মেজো ছেলে ভিডিও কলে, কখনো ইউরোপ থেকে, কখনো মধ্যপ্রাচ্য থেকে। খালা একজন আছেন, তিনি কাঁদছেন। ছোট মেয়ে একবার আস্তে করে বলল, বাবা কি এভাবে থাকতে চাইতেন?

বড় ছেলে জবাব দিলো না। ডাক্তারের দিকে ফিরে বলল, যা লাগে করেন।

বাক্যটা খেয়াল করার মতো। যা লাগে করেন। এই দেশের হাসপাতালে সবচেয়ে বেশি উচ্চারিত ব্ল্যাংক চেক। সই করে পরিবার, ক্যাশ হয় অন্য কাউন্টারে। এবং বড় ছেলের আসলে কোনো উপায়ও ছিল না।

যেই লোকটা ভেতরে শুয়ে আছেন, তিনি কী চাইতেন, সেটা জানার কোনো ব্যবস্থা এই দেশে নাই। কোনোদিন ছিলও না।

এই লেখা সেই না-থাকা ব্যবস্থাটা নিয়ে।

➖

গত মাসে অস্ট্রেলিয়ার এক সাংবাদিক, স্টেফানি উড, তার বাবার মৃত্যুর কথা দ্য গার্ডিয়ানে লিখেছেন। বাবা মারা গেছেন প্রস্টেট ক্যানসারে, হাসপাতালে, বারো দিন অচেতন থেকে।

কষ্টের গল্প। কিন্তু গল্পটার ভেতরে একটা কাগজ ছিল।

বহু বছর আগে, সুস্থ থাকতে থাকতে, ভদ্রলোক একটা ফর্ম পূরণ করে রেখেছিলেন। তাতে লেখা ছিল, আমি যদি এমন অবস্থায় পৌঁছাই যেখান থেকে ফেরার আশা নাই, তাহলে আমাকে যন্ত্র দিয়ে টিকিয়ে রেখো না।

শুধু দেখো, আমার যেন ব্যথা না হয়।

কাগজটার নাম ‘অগ্রিম স্বাস্থ্য নির্দেশনা’। ইংরেজিতে অ্যাডভান্স হেলথ ডিরেক্টিভ। ব্যাপারটা আসলে খুব সরল, মানুষ যখন কথা বলার অবস্থায় থাকে না, তখনকার সিদ্ধান্তগুলি সে আগেই লিখে রেখে যায়।

ছেলেমেয়েকে অনুমান করতে হয় না, ঝগড়া করতে হয় না, অপরাধবোধে ভুগতে হয় না। বাবার ইচ্ছা কাগজে লেখা আছে, কাগজ কথা বলে।

স্টেফানি লিখেছেন, ওই কাগজটার জন্যই বাবার শেষ বারো দিন শান্ত ছিল। আর পাশের ঘরে আরেক রোগীর তিন আত্মীয় ডাক্তারের সঙ্গে চিৎকার করছিল। তাদের কোনো কাগজ ছিল না।

অস্ট্রেলিয়ায় এই কাগজ করে রাখে মাত্র ছয় শতাংশ মানুষ। এবং সেই দেশও এটা নিয়ে লজ্জিত। ওই লজ্জা থেকেই লেখাটা।

এখন হিসাবটা বাংলাদেশের দিকে ঘোরান। প্রশ্নটা এখানে “কত শতাংশ মানুষ কাগজ করে” না। বাংলাদেশে কাগজটারই কোনো অস্তিত্ব নাই।

কোনো আইনে এই নির্দেশনার স্বীকৃতি নাই, কোনো হাসপাতালে এই ফর্ম নাই, কোনো আদালত এই কাগজ মানতে বাধ্য না। আপনি লিখে রাখতে পারেন, নোটারি করাতে পারেন, দেয়ালে টাঙাতে পারেন, আইনের চোখে সেটা একটা চিঠি, তার বেশি কিছু না।

অথচ উল্টা দিকের কাগজটা কিন্তু আছে। লাইফ সাপোর্টে নেওয়ার আগে স্বজনের লিখিত অনুমতি লাগে। এটা নিয়ম, স্বাস্থ্য অধিদপ্তর নিজেই বলে। মানে যন্ত্রে ঢোকানোর সময় রাষ্ট্র সই চায়।

এটাকে গরিব দেশের নিয়তি ভাবার সুযোগ নাই, কারণ পাশের দেশেই প্রমাণ আছে।

ভারতের সুপ্রিম কোর্ট দুই হাজার আঠারো সালে ‘অগ্রিম স্বাস্থ্য নির্দেশনা’কে আইনি স্বীকৃতি দিয়েছে। তেইশে প্রক্রিয়াটা সহজও করেছে, এখন নোটারির সত্যায়নেই চলে।

একই উপমহাদেশ, একই যৌথ পরিবার, একই “বাবাকে বলিস না” সংস্কৃতি। তারা কাঠামোটা বানিয়েছে। আমরা আলাপটাই তুলি নাই।

➖

মরারও যে একটা মান আছে, এবং সেই মান মাপা হয়, এটা অনেকেই জানেন না।

ইকোনমিস্ট পত্রিকার গবেষণা শাখা একবার আশিটা দেশের তালিকা করেছিল। কোন দেশে মানুষ কতটা যন্ত্রণাহীন, মর্যাদার মৃত্যু পায়। নাম কোয়ালিটি অব ডেথ ইনডেক্স।

মাপকাঠি ছিল ব্যথার চিকিৎসা কতটা মেলে, শেষ সময়ের সেবার লোকবল কত, রাষ্ট্রের নীতি কী।

আশি দেশের সেই তালিকায় বাংলাদেশ উনআশিতম।

আমাদের নিচে কোন একটা দেশ ছিল।

এশিয়া-প্যাসিফিকের আঠারো দেশের মধ্যে আমরা আঠারোতম। নিজেদের আয়-গোত্রের দেশগুলির মধ্যেও সর্বনিম্ন, মানে সমান গরিব দেশগুলিও আমাদের চেয়ে ভালোভাবে মানুষকে বিদায় দেয়।

দারিদ্র্য এখানে অজুহাত না, কারণ দারিদ্র্যের ঘরেও আমরা লাস্ট বেঞ্চে।

তালিকাটা যা মাপছিল তার একটা বড় অংশের নাম প্যালিয়েটিভ কেয়ার। পরিভাষাটা ভারী, কিন্তু ব্যাপারটা না।

সব চিকিৎসার লক্ষ্য রোগ সারানো না, কিছু রোগ সারে না। তখন চিকিৎসার কাজ বদলে যায়, ব্যথা কমানো, শ্বাসকষ্ট কমানো, মানুষটা যেন শেষ মাসগুলি কষ্টে না কাটায় সেটা দেখা। নিরাময় না, আরাম। এটাই প্যালিয়েটিভ কেয়ার।

বাংলাদেশে প্রতি বছর প্রায় ছয় লাখ মানুষের এই সেবা দরকার হয়। ভাগ করলে দাঁড়ায়, দিনে হাজার ষোলোশো মানুষ। তাদের জন্য যা আছে তা ঢাকার হাতেগোনা কয়েকটা প্রতিষ্ঠানে, কয়েকশো শয্যায়, মুষ্টিমেয় প্রশিক্ষিত মানুষের হাতে।

কাগজে একটা জাতীয় কৌশলপত্রও আছে। মানে রাষ্ট্রের লিখিত ইচ্ছা, আমরা এটা করব। সেই কাগজ নিয়ে আন্তর্জাতিক মূল্যায়নের রায়টাই যথেষ্ট, উদ্দেশ্যের ঘোষণামাত্র, বাস্তবায়নের কোনো ব্যবস্থা নাই।

এই খাতের একজন জ্যেষ্ঠ চিকিৎসকের নিজের ভাষায়, প্যালিয়েটিভ কেয়ার বাংলাদেশে বিলাসিতা।

বাক্যটা আরেকবার পড়ার দরকার নাই। শুধু মনে রাখেন, বিলাসিতা বলা হচ্ছে ব্যথার ওষুধকে।

➖

ব্যথার ওষুধের হিসাবটা আলাদা করে লেখা দরকার, কারণ এইখানে বাংলাদেশ শুধু পিছিয়ে না, প্রায় শূন্যে।

দুনিয়াজুড়ে মরণাপন্ন রোগীর তীব্র ব্যথার মূল ওষুধ মরফিন। সস্তা ওষুধ, বানানো সহজ, একশো বছরের পুরানা। বৈশ্বিক গড়ে একজন মানুষের ভাগে বছরে জোটে প্রায় সাড়ে একষট্টি মিলিগ্রাম।

বাংলাদেশে জোটে শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম। পৃথিবীর গড় মানুষ যতটুকু ব্যথার উপশম পায়, বাংলাদেশের মানুষ পায় তার হাজার ভাগের এক ভাগ।

গবেষকদের হিসাবে দেশের প্রকৃত চাহিদা বছরে অন্তত পাঁচশো ত্রিশ কেজি মরফিন। এক বছরে ব্যবহার হয়েছে তেরো কেজি।

আর যেটুকু ওরাল মরফিন মেলে, তা প্রায় পুরাটাই ঢাকার হাতে গোনা কয়েকটা হাসপাতালে। রংপুরের গ্রামে ক্যানসারের শেষ ধাপের বৃদ্ধার জন্য ওষুধটা কার্যত পৃথিবীতে নাই।

কেন নাই, তার উত্তর মাদক আইনের খাতায়। মরফিন আফিমজাত, আফিমজাত মানে নেশার ভয়, নেশার ভয় মানে লাইসেন্স-নিবন্ধন-নজরদারির এমন জাল যে বেশিরভাগ হাসপাতাল আর ফার্মেসি ঝামেলাটাই নেয় না।

রাষ্ট্র নেশা আটকাতে বেড়া দিয়েছে, বেড়ায় আটকা পড়েছে ক্যানসারের রোগী। ওদিকে ফেনসিডিল সীমান্ত পার হয় ট্রাকে ট্রাকে। নেশাখোরের সাপ্লাই চেইন অটুট, মুমূর্ষুর সাপ্লাই চেইন কাগজে বন্ধ।

➖

তাহলে শেষ সময়টায় মানুষ যায় কোথায়। উত্তর, আইসিইউতে। আর আইসিইউর পাটিগণিতটা এই দেশের সবচেয়ে নিষ্ঠুর অঙ্কগুলির একটা।

সরকারি হাসপাতালে আইসিইউ শয্যা মোট এক হাজার ছয়শো বিশটা, সতেরো কোটি মানুষের দেশে। তার দশ শতাংশ অচল।

উনিশ জেলার সদর হাসপাতালে সেবাটা পুরাপুরি বন্ধ, মানে ওই জেলাগুলিতে গুরুতর রোগীর জন্য সরকারি ব্যবস্থা বলে কিছু নাই। আর বেসরকারি হাসপাতালে আইসিইউ কয়টা আছে?

স্বাস্থ্য অধিদপ্তরের কাছে সেই সংখ্যাটাই নাই। রাষ্ট্র জানে না।

ফলে বাজার জানে। বেসরকারি আইসিইউর দৈনিক ভাড়া হাসপাতালভেদে যা খুশি তাই, বারো দিনে পাঁচ লাখ টাকার বিলের ঘটনা পত্রিকায় ছাপা হয়েছে।

ভাড়া নিয়ন্ত্রণের কথা উঠলে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার জবাবটা হুবহু তুলে দেওয়ার মতো, “আমাদের আপাতত কিছু করার নেই, যেভাবে চলছে সেভাবেই চলবে।”

যেভাবে চলছে, সেভাবে চলাটা কেমন, তা করিডরের ওই পরিবার জানে। উন্নতির আশা নাই, ডাক্তার বলে দিয়েছেন। তবু মেশিন চলছে, কারণ মেশিন খোলার প্রস্তাব যে তুলবে, পরিবারের চোখে সে-ই নিষ্ঠুর।

কাগজ নাই, তাই ভালোবাসা প্রমাণের একটাই ভাষা বাকি, খরচ। জমি বেচা, ধারদেনা, শেষ দিন পর্যন্ত বিল। যেন মৃত্যুর পর অন্তত এই বাক্যটা বলা যায়, আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই।

বাক্যটা সত্যও। ত্রুটিটা কোনোদিন চেষ্টায় ছিলও না। ত্রুটি আদতে ব্যবস্থায়, যেই ব্যবস্থা একটা পরিবারকে এই পরীক্ষায় ফেলে দিয়ে নিজে সরে দাঁড়িয়েছে।

পশ্চিমের কাগজগুলিতে এখন উল্টা বিতর্ক চলে, হাসপাতালে না মরে ঘরে মরার অধিকার নিয়ে।

নিউইয়র্কে নিজের বিছানায় মরতে চাওয়া এক ক্যানসার রোগীর পরিবারের খরচ হয়েছিল পঁয়ষট্টি হাজার ডলার, সেটা নিয়ে তোলপাড় লেখালেখি। বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ এমনিতেই ঘরে মারা যায়।

কিন্তু মিলটা এইটুকুই। ওখানে ঘরে-মরা একটা অর্জন, লড়ে আদায় করতে হয়। এখানে ঘরে-মরা মানে হাসপাতালে জায়গা হয় নাই, বা টাকা ফুরিয়ে গেছে।

ঘরে ব্যথার ওষুধ পৌঁছায় না, নার্স আসে না, কেউ জিজ্ঞাসাও করে না। একই বিছানা, দুই মহাদেশে দুই অর্থ। ওইখানে অধিকার, এইখানে পরিত্যাগ।

➖

আরেকটা স্তর আছে, যেটা টাকার আগেই আসে। তথ্য।

উপরের সবকিছু, কাগজ, প্যালিয়েটিভ কেয়ার, মেশিনের সিদ্ধান্ত, সবকিছুর গোড়ায় একটা শর্ত, মানুষটা জানবে সে মারা যাচ্ছে। এই দেশে সেই শর্ত পূরণ হয় না।

চর্চাটা সবার চেনা। ডাক্তার রিপোর্ট হাতে পান, ডেকে নেন রোগীর ছেলেকে, আলাদা করে। ছেলে শোনে, তারপর পরিবার বৈঠকে বসে সিদ্ধান্ত নেয়, বাবাকে বলা যাবে না, সহ্য করতে পারবেন না।

এরপর বাড়িতে শুরু হয় একটা যৌথ অভিনয়। বাবা জিজ্ঞাসা করেন রিপোর্টে কী আসছে, সবাই বলে তেমন কিছু না, ওষুধে সেরে যাবে।

উদ্দেশ্যটা মমতা, তাতে সন্দেহ নাই। ফলাফল হলো, নিজের মৃত্যুর খবরে মানুষটা নিজেই সবার শেষে, বেশিরভাগ ক্ষেত্রে কোনোদিনই না।

যেই মানুষের ঠিক করার কথা সে শেষ দিনগুলি কোথায় কাটাবে, কাকে কী বলে যাবে, কী মাফ করবে, কী মাফ চাইবে, তার কাছে মূল তথ্যটা পৌঁছায় না। সিদ্ধান্তের কাগজ তো দূরের আলাপ, সিদ্ধান্তের কাঁচামালই তাকে দেওয়া হয় না।

অগ্রিম নির্দেশনার আইন করা রাষ্ট্রের কাজ। কিন্তু এই নীরবতাটা রাষ্ট্রের বানানো না। এটা আমরা বানিয়েছি, ঘরে ঘরে, মমতার নামে।

➖

সততার খাতিরে দুইটা কথা।

এক, এই পুরো শূন্যতার দায় শুধু সরকারের ঘাড়ে চাপানো যায় না। মৃত্যু নিয়ে কথা বলাটা আমাদের ঘরে কুসংস্কার। বাবা নিজে থেকে ওসিয়তের কথা তুললে ছেলেমেয়েরাই থামিয়ে দেয়, এসব বলবেন না তো, কিছু হয় নাই আপনার।

যেই সমাজ আলাপটাই হতে দেয় না, সেখানে ফর্ম ছাপা হলেও সই করত কয়জন, প্রশ্ন আছে। আইনের শূন্যতা রাষ্ট্রের, আলাপের শূন্যতা আমাদের।

দুই, শূন্যের ভেতরেও কয়েকজন মানুষ কাজটা করছেন। দুই হাজার সাত সাল থেকে এই দেশে প্যালিয়েটিভ মেডিসিন একটা স্বীকৃত বিভাগ, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভাগ খুলেছে, ঢাকায় বাড়ি বাড়ি গিয়ে সেবা দেওয়ার ছোট কর্মসূচি চলছে।

যারা সেই সেবা পেয়েছেন তাদের সন্তুষ্টি জরিপে উঠে এসেছে চোখে পড়ার মতো ফল। মানুষগুলি প্রমাণ করে ফেলেছেন যে এই দেশেও এটা সম্ভব। তাদের সমস্যা সামর্থ্য না, সংখ্যা, ছয় লাখের চাহিদার সামনে তারা কয়েকশো।

➖

করিডরের সেই পরিবারটার গল্পটা যেভাবে শেষ হয়, সেটাও আপনার চেনা।

মেশিন একসময় খোলা হলো। সিদ্ধান্তে না, টাকায়। আর যেদিন খোলা হলো, মৃত্যুসনদে কারণের ঘরে লেখা হলো, বার্ধক্যজনিত মৃত্যু। শব্দটা শুনতে শান্ত, প্রায় স্বাভাবিক।

আসলে সেটা একটা স্বীকারোক্তি, কী থেকে মারা গেলেন, কেউ খুঁজে দেখে নাই।

জানাজায় লোক হলো ভালো। সবাই বলল, “শান্তিতে গেছেন।”

কেউ জানে না কথাটা সত্য কি না। জানার উপায়ও নাই। যেই মানুষটা গেলেন, শেষ মাসগুলি কেমন কাটুক তিনি চাইতেন, হাসপাতালের যন্ত্রে না নিজের ঘরে জানালার পাশে, প্রশ্নটা তাকে জীবনে কেউ করে নাই।

না রাষ্ট্র, না হাসপাতাল, না পরিবার। প্রশ্নটার কোনো ফর্ম নাই। থাকলে হয়তো উত্তরটা লেখা থাকত।

0 FacebookTwitterEmail

মন্তব্য করুন