স্পেন জিতল, দখলদারদের গাইয়ে জ্বালা ধরানোটাই যথেষ্ট

গতকাল রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতল স্পেন। অধিনায়ক রদ্রির হাতে ট্রফি তুলে দিলেন দুইজন মানুষ।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো, আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ঠিক সেই মুহূর্তে, সাড়ে নয় হাজার কিলোমিটার দূরে, গাজার ধ্বংসস্তূপের মাঝে শত শত মানুষ উল্লাসে ফেটে পড়ল।

আল-জাজিরার ক্যামেরা দৃশ্যটা ধরেছে।

ভাঙা দালানের সারি, তাঁবুর শিবির, আর তার মাঝে জোড়াতালি দেওয়া স্ক্রিনের সামনে জড়ো হওয়া মানুষ, যারা স্পেনের গোলে চিৎকার করছে এমনভাবে, যেন গোলটা তাদের নিজেদের।

কারণ তাদের হিসাবে, গোলটা তাদের নিজেদেরই।

ফাইনালের আগের দিন গাজার পঙ্গু ফুটবলারদের দল “গাজা আল-ইরাদা”, বাংলায় যার মানে গাজার সংকল্প, ধ্বংস হয়ে যাওয়া গাজা স্টেডিয়ামে একটা প্রতীকী ম্যাচ খেলেছিল, স্পেনের পতাকা উড়িয়ে।

দলটার কোচ হাতেম আল-মাগরিবি সাংবাদিকদের বলেছিলেন, গোটা ফিলিস্তিনি জাতি চায় স্পেন বিশ্বকাপ জিতুক।

গাজার একজন নাগরিক আহমেদ আল-বোজম বলেছিলেন এভাবে, আমি শতভাগ স্পেনের পক্ষে, কারণ তারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছিল।

জয়ের পর ফিলিস্তিন রাষ্ট্রের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে স্পেনকে অভিনন্দন জানান হল, ফিলিস্তিন আর স্পেনের পতাকার মাঝে হৃদয়ের চিহ্ন বসিয়ে।

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বিবৃতি দিলেন, এই জয়ের আর কোনো অর্জন যদি না-ও থাকে, দখলদারদের গায়ে জ্বালা ধরানোই যথেষ্ট।

পশ্চিম তীরে মিছিল হলো, নিউইয়র্কের আরব-অধ্যুষিত বে রিজে, যাকে সবাই চিনে “লিটল প্যালেস্টাইন” হিসাবে, সেখানে রাস্তা বন্ধ করে উৎসব হলো।

মাদ্রিদ-বার্সেলোনার বিজয়-চত্বরে, স্পেনের নিজের উৎসবের ভেতরে, উড়ল ফিলিস্তিনের পতাকা। স্লোগান উঠল, ফ্রি প্যালেস্টাইন।

অর্থাৎ ঘটনাটা পরিষ্কার। একটা ইউরোপীয় দেশের ফুটবল ট্রফিকে পৃথিবীজুড়ে ফিলিস্তিনের সমর্থকরা উদযাপন করছে ফিলিস্তিনের বিজয় হিসেবে।

প্রশ্ন উঠতে পারে, এটা কি বাড়াবাড়ি না? এগারোজন স্প্যানিশ ফুটবলারের এই সাফল্য গাজার একটা শিশুরও প্রাণ বাঁচায় নাই। তাহলে?

না, বাড়াবাড়ি না। এই উদযাপনের পেছনে একটা নিখুঁত রাজনৈতিক পাঠ আছে। স্পেনের এখানে পৌঁছানোর গল্প সেটাই দেখায়।

এগারোজন ফুটবলারের একটা গোল আর গাজার একটা জাতির টিকে থাকা, এই দুইয়ের মধ্যে যে সম্পর্ক, সেটা কল্পনা না, রাজনীতি।

➖

স্পেনের খাতাটা আগে খোলা যাক, কারণ এই সমর্থন নিছক একটা পতাকা-নাড়ানো মুহূর্ত থেকে জন্ম নেয় নাই।

এটা তৈরি হয়েছে ধাপে ধাপে, এবং প্রতিটা ধাপে স্পেন ইউরোপের বাকিদের চেয়ে এক কদম আগে হেঁটেছে।

দুই হাজার চব্বিশের মে মাসে স্পেন আয়ারল্যান্ড আর নরওয়েকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল, পশ্চিম ইউরোপের বড় দেশগুলোর মধ্যে প্রথম সারিতে।

ইসরায়েল রাষ্ট্রদূত ডেকে পাঠাল, মাদ্রিদ পিছু হটল না।

তারপর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস একের পর এক এমন সব কথা বলতে শুরু করলেন, যা ইউরোপের কোনো সরকারপ্রধানের মুখে এর আগে শোনা যায় নাই।

গাজার ঘটনাকে তিনি প্রকাশ্যে গণহত্যা বললেন।

ইসরায়েলগামী অস্ত্রের জন্য নিজের বন্দর বন্ধ করলেন, অস্ত্র-বাণিজ্যে নিষেধাজ্ঞার ডিক্রি আনলেন।

আর ফুটবলের প্রশ্নে, বললেন, রাশিয়াকে যদি ইউক্রেনের জন্য আন্তর্জাতিক ক্রীড়া থেকে বের করে দেওয়া যায়, তাহলে ইসরায়েলকে কেন না।

কথাটা নিছক কথায় থাকে নাই।

গত বছর স্পেনের মাটিতে সাইক্লিংয়ের বিখ্যাত আসর লা ভুয়েলতায় ইসরায়েলি দলের অংশগ্রহণের প্রতিবাদে এমন জনস্রোত নেমেছিল যে একাধিক স্টেজ মাঝপথে থামিয়ে দিতে হয়, শেষ স্টেজ আর শেষই করা যায় নাই।

রাষ্ট্র প্রতিবাদকারীদের দমন করে নাই। সানচেস বরং বলেছিলেন, স্পেনের মানুষের এই অবস্থান তার গর্বের জায়গা।

এই মে মাসে, বার্সেলোনা লিগ জেতার পর ছাদখোলা বাসের প্যারেডে, আঠারো বছরের লামিন ইয়ামাল, যার বাবা মরক্কোর অভিবাসী, হাতে তুলে নিয়েছিলেন ফিলিস্তিনের পতাকা।

ইসরায়েলি মহল ক্ষুব্ধ হলো। আর স্পেনের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে তার পক্ষ নিলেন, বললেন, লামিন শুধু সেই সংহতিটুকু প্রকাশ করেছে, যা লক্ষ লক্ষ স্প্যানিশ নাগরিক অনুভব করে।

লামিনকে নিয়ে গর্ব করার এটাও আরেকটা কারণ।

পুরা টুর্নামেন্ট জুড়ে স্পেনের গ্যালারিতে ক্যামেরা বারবার খুঁজে পেয়েছে অভিনেতা হাভিয়ের বার্দেমকে, হাতে ফিলিস্তিনের পতাকা।

সেমিফাইনালে তাকে বলতে শোনা গেছে, টিকে থাকাটাই প্রতিরোধ।

উল্টো দিকে ফাইনালের প্রতিপক্ষের খাতাটাও দেখুন, কারণ প্রতীকের যুদ্ধে প্রতিপক্ষও হিসাবের অংশ।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ঘোষিত ইসরায়েলপন্থী রাষ্ট্রনায়কদের একজন, নেতানিয়াহু নিজে আর্জেন্টিনার সমর্থনে মুখ খুলেছেন, আর্জেন্টিনার ম্যাচে ইসরায়েলি পতাকাও দেখা গেছে।

ফলে ইহুদি ও ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোই এই ফাইনালের নাম দিয়ে ফেলেছিল “প্রক্সি যুদ্ধ।”

দুনিয়ার দুইশো কোটি মানুষের চোখের সামনে, দুই ঘণ্টার জন্য, মধ্যপ্রাচ্যের সবচেয়ে রক্তাক্ত প্রশ্নটা দুইটা জার্সির রং পেয়ে গেল।

এবং যে রংটা ফিলিস্তিনের পক্ষে, সেটা জিতল।

➖

এবার মূল প্রশ্নে আসি। এই জয়কে ফিলিস্তিনের বিজয় হিসেবে উদযাপন করাটা কি ঠিক কাজ?

ঠিক কাজ, এবং কারণটা আবেগের না, হিসাবের।

ব্রডশিট আগের লেখায় দেখিয়েছে, এই খেলাটার দখল নিয়ে ক্ষমতা আর জনতার লড়াই সাতশো বছরের পুরনো, আর লড়াইটা চলে ঠিক এইখানে, খেলাটার মানে কে ঠিক করবে।

পাঁচশো কোটি মানুষ যে মঞ্চটার দিকে তাকিয়ে থাকে, সেই মঞ্চে কোন পতাকাটা উড়বে আর কোনটা উড়বে না, এটা একেবারেই আলঙ্কারিক প্রশ্ন না, এটা ভূখণ্ডের প্রশ্ন, দৃশ্যমানতা সেই ভূখণ্ড।

ফিলিস্তিনের লড়াই তো শুধু বোমার বিরুদ্ধে না। তার আরেকটা ফ্রন্ট হলো ভুলে যাওয়ার বিরুদ্ধে।

দুই বছরের বেশি সময় ধরে চেষ্টা চলছে একটা জাতিকে খবরের পাতা থেকে, মানচিত্র থেকে, পৃথিবীর মনোযোগ থেকে মুছে ফেলার।

সেই লড়াইয়ে গতকাল রাতে যা ঘটল, ইতিহাসের সবচেয়ে বেশি দর্শক-দেখা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের পরিচয়ের সঙ্গে জুড়ে গেল ফিলিস্তিনের নাম।

বিজয়ের রাতে মাদ্রিদের চত্বরে যে পতাকাটা উড়ল, সেটা শুধু স্পেনের না।

আর উদযাপন নিজেও একটা রাজনৈতিক কাজ, এটা ভুললেও চলবে না। গাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে যে মানুষগুলো গতকাল চিৎকার করেছে, তাদের আনন্দটা বিলাসিতা না।

যে জনগোষ্ঠীকে দুই বছর ধরে শুধু লাশ গোনা শেখানো হয়েছে, তাদের জন্য একটা রাতের উল্লাস মনোবলের প্রশ্ন, অবরুদ্ধ জাতির কাছে মনোবল রসদের মতোই জরুরি।

হামাস-নেতার ওই নির্মম-সরল বাক্যটা, দখলদারের গায়ে জ্বালা ধরানোটাই যথেষ্ট, কথাটা আসলে দুর্বলের যুদ্ধশাস্ত্রের পুরনো সূত্র।

যার হাতে বোমারু বিমান নাই, তার হাতে প্রতিপক্ষের রাতের ঘুম নষ্ট করার প্রতিটা উপায়ই অস্ত্র।

তাছাড়া প্রতীক জিনিসটা বাস্তবকে বদলায়ও, ধীরে, কিন্তু বদলায়। ইয়ামালের পতাকা-নাড়ানোর ছবিটা কোটি তরুণের ফোনে ঢুকেছে, যাদের অনেকে ফিলিস্তিন শব্দটা খবরে শুনলে স্ক্রল করে চলে যেত।

সানচেসের “রাশিয়াকে পারলে ইসরায়েলকে কেন নয়” প্রশ্নটা একবার উচ্চারিত হওয়ার পর প্রশ্নটা আর অকল্পনীয় নাই।

নিষেধাজ্ঞার রাজনীতিতে অকল্পনীয় থেকে কল্পনীয় হওয়াটাই প্রথম ধাপ।

স্পেনের স্বীকৃতির পর আরও কয়েকটা ইউরোপীয় দেশ সেই পথে হেঁটেছে। প্রতীক থেকে নজির, নজির থেকে নীতি, এই সিঁড়িটা ইতিহাসে বহুবার কাজ করেছে।

সুতরাং যারা গতকাল রাতে এই ট্রফিকে নিজেদের বলে দাবি করেছে, তারা আবেগে ভেসে যায় নাই। তারা একটা মঞ্চ দখল করেছে, যে মঞ্চটা এমনিতে তাদেরকে কেউ দিয়ে দিত না।

➖

তবু কেবল উদযাপনটুকু লিখে শেষ করলে এটা প্রচারপত্র হয়ে যায়। খতিয়ানের আরও কিছু কথা বাকি থেকে যায়, যেগুলো না মেলালে ছবিটা মিথ্যা হবে।

প্রথম কথাটা ট্রফি হস্তান্তরের দৃশ্যেই।

যে ট্রফিকে ফিলিস্তিনের বিজয় বলা হচ্ছে, সেটা রদ্রির হাতে তুলে দিয়েছেন সেই মানুষ, যার সরকারের ভিসা-দেয়ালে আটকে ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের প্রধান এই বিশ্বকাপে ঢুকতেই পারেননি।

যার পাঠানো বোমায় গাজার স্টেডিয়ামগুলো ধ্বংসস্তূপ।

দ্বিতীয়ত, এই টুর্নামেন্টেই ফিফা ট্রাম্পের হাতে তুলে দিয়েছে তাদের সদ্য-বানানো “শান্তি পুরস্কার।” আর ইসরায়েলের সদস্যপদ স্থগিতের ফিলিস্তিনি দাবিটা আজও পড়ে আছে সেই “পর্যালোচনা কমিটিতে”।

তৃতীয় কথাটা স্পেনের নিজের। মাদ্রিদের ঘোষণা আর মাদ্রিদের বন্দরের মধ্যে ফাঁক আছে।

স্পেনেরই শান্তি-গবেষণা সংস্থাগুলো বারবার দেখিয়েছে, নিষেধাজ্ঞার ঘোষণার পরেও ইসরায়েলি অস্ত্র-প্রযুক্তির কিছু কেনাকাটা নানা পথে চালু থেকেছে।

চতুর্থ কথাটা প্রক্সি-যুদ্ধের অন্য পক্ষ নিয়ে। এই পুরা সমীকরণে আর্জেন্টিনার একটা অবিচারের হিসাবও জমা রইল। মিলেই ইসরায়েলপন্থী, নেতানিয়াহু আর্জেন্টিনার সমর্থক, সবই সত্য।

কিন্তু আর্জেন্টিনার ফুটবল দলটা এই সংঘাত নিয়ে কোনোদিন একটা শব্দও বলে নাই, বরং আঠারো সালে ফিলিস্তিনি অধিকারকর্মীদের চাপে জেরুজালেমে ইসরায়েলের সঙ্গে প্রীতি ম্যাচ বাতিল করেছিল এই আর্জেন্টিনা।

আর শেষ কথাটা সবচেয়ে ভারি। ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের খাতায় এই যুদ্ধে নিহত খেলোয়াড় আর ক্রীড়াবিদের সংখ্যা শত শত। গতকালের গোল তাদের একজনকেও ফেরায় নাই।

আজ সকালে গাজায় রেশনের লাইন একই আছে, আকাশও একই আছে।

➖

তাহলে দুইটা সত্যকে পাশাপাশি রেখে শেষ করতে হয়।

গতকাল রাতে ফিলিস্তিনের সমর্থকরা একটা প্রতীক দখল করেছে, এই দখলটা ন্যায্য। সাতশো বছরের সেই পুরনো লড়াইয়ে, খেলাটার মানে কে ঠিক করবে, তারা একটা রাউন্ড জিতেছে।

পাঁচশো কোটি মানুষের মঞ্চে তাদের পতাকাটা উড়েছে, এবং সেটা উড়িয়েছে চ্যাম্পিয়নরা নিজেরাই।

এই প্রাপ্তিকে ছোট করে দেখানো পুরনো ভুল, যে ভুলে প্রতীকের রাজনীতিকে “স্রেফ প্রতীক” বলে উড়িয়ে দেওয়া হয়।

যেন পতাকা, গান আর জার্সি দিয়ে জাতিগুলো কোনোদিন টেকেনি।

কিন্তু সেইসাথে দখল করা প্রতীক আর জেতা যুদ্ধ এক জিনিস না। ট্রফিটা এসেছে ট্রাম্পের হাত ঘুরে, ফিফার কমিটি এখনো পর্যালোচনায়, গাজার মাঠগুলো এখনো ধ্বংসস্তূপ।

গাজার ধ্বংসস্তূপে যারা গতকাল রাতে চিৎকার করেছে, তারা অবশ্য এই তফাতটা কাউকে বুঝিয়ে দেওয়ার অপেক্ষায় নেই।

যে মানুষ ভাঙা স্টেডিয়ামে ক্রাচে ভর দিয়ে ফুটবল খেলে, প্রতীক আর বাস্তবের দূরত্বটা তার চেয়ে ভালো পৃথিবীতে কেউ জানে না।

0 FacebookTwitterEmail

মন্তব্য করুন