দিল্লির যন্তর মন্তরে একটা তাঁবুর ভেতরে উনষাট বছরের একজন মানুষ শুয়ে আছেন। আজ তার না-খাওয়ার উনিশতম দিন।
সোনম ওয়াংচুক। লাদাখের প্রকৌশলী ও শিক্ষা-সংস্কারক। ‘থ্রি ইডিয়টস’ সিনেমার ফুংসুক ওয়াংড়ু চরিত্রটা বানানো হয়েছিল তাকে দেখেই।
গত ২৮ জুন থেকে তিনি অনির্দিষ্টকালের অনশনে। তিনি একা না। ক্যাম্পে আরও কয়েকজন তরুণ অনশনে আছেন, তাদের একজন গত সোমবার জ্ঞান হারিয়ে হাসপাতালে গেছেন।
তাঁবুর চারপাশে প্রতিদিন কয়েকশো মানুষের অবস্থান কর্মসূচি, সন্ধ্যায় সংখ্যাটা হাজার ছাড়ায়। বর্ষার বৃষ্টির মধ্যে সপ্তাহের পর সপ্তাহ তারা খোলা আকাশের নিচে।
তাদের দাবি, ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
গত কয়েক সপ্তাহ ধরে ভারতের সোশ্যাল মিডিয়া থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম, সবখানে এই অনশন নিয়ে আলোচনা। বিরোধী নেতারা প্রকাশ্যে অনুরোধ করছেন, ওয়াংচুক যেন অনশন ভাঙেন।
আর যার পদত্যাগ চাওয়া হচ্ছে, সেই মন্ত্রী ও তার মন্ত্রণালয়? উনিশ দিনে একটাও মন্তব্য করেননি।
➖
গত ৩ মে ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-ইউজি অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থী বাইশ লাখ উনআশি হাজার। কেন্দ্র সাড়ে পাঁচ হাজারের বেশি, দোহা-দুবাই-সিঙ্গাপুর-কাঠমান্ডুতেও।
আর ভারতজুড়ে মেডিকেলের সিট এক লাখ ত্রিশ হাজারেরও কম। মানে প্রতি সতেরো জনে ঢুকবে একজন।
পরীক্ষার আগেই হাতে-লেখা একটা ‘গেস পেপার’ ঘুরছিল। পরীক্ষার পর মিলিয়ে দেখা গেল, গেস পেপারের সঙ্গে আসল প্রশ্নের মিল অস্বাভাবিক। রাজস্থান পুলিশের তদন্তে জাল খুলতে থাকল। ৯ দিনের মাথায়, ১২ মে, পুরো পরীক্ষাটাই বাতিল ঘোষণা করা হলো।
তদন্ত গেল সিবিআইয়ের হাতে। গ্রেপ্তার হলো খোদ পরীক্ষা-সংস্থা এনটিএ-র ভেতরের লোকসহ কয়েকজন, পুনের এক রসায়ন-প্রভাষককে চিহ্নিত করা হলো মূল অভিযুক্ত হিসেবে।
তদন্তকারীদের হিসাবে ফাঁস হওয়া প্রশ্ন বিক্রি হয়েছে দশ থেকে পঁচিশ লাখ রুপিতে, কোচিং সেন্টার আর দালালের নেটওয়ার্ক ঘুরে।
দামটার একটা যুক্তি আছে। ভারতে সরকারি মেডিকেল কলেজে পড়ার খরচ নামমাত্র, প্রাইভেটে লাগে এক কোটি রুপির কাছাকাছি।
অর্থাৎ একটা সরকারি সিটের বাজারমূল্য প্রায় এক কোটি। দশ লাখের প্রশ্ন সেই এক কোটির জিনিসেরই ডিসকাউন্ট টিকিট। যতদিন সিটের দাম এক কোটি, প্রশ্নের দাম দশ লাখ থাকবেই।
বাতিলের মূল্য দিল অবশ্য অন্যরা। ঘোষণার পর অন্তত চারজন পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। তাদের একজন রাজস্থানের একুশ বছরের প্রদীপ কুমার।
উত্তরপত্র মিলিয়ে দেখা গিয়েছিল, এবার তার নম্বর সাড়ে ছয়শোর উপরে, সরকারি কলেজে সিট প্রায় নিশ্চিত। দিনমজুর বাবা ছেলের কোচিংয়ের জন্য পৈতৃক জমি বেচে পাঁচ লাখ রুপির বেশি খরচ করেছিলেন।
আর ঘটনাটা বিচ্ছিন্নও না। বিরোধীদের হিসাব আর সংবাদমাধ্যমের যোগফল বলছে, গত এক দশকে ভারতে প্রায় ৮৯টা পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, পুনঃপরীক্ষা নিতে হয়েছে ৪৮ বার।
এরই মধ্যে রাজস্থানের এক মন্ত্রী প্রকাশ্যে বলে বসলেন, পেপার লিক তেমন বড় কোনো ব্যাপার না।
➖
এইভাবে জন্ম হলো ‘ককরোচ জনতা পার্টি’র, সংক্ষেপে সিজেপি।
মে মাসে, প্রশ্ন ফাঁস-কাণ্ডের এই উত্তাপের মধ্যে। ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এক শুনানিতে বেকার তরুণদের একাংশকে তুলনা করলেন তেলাপোকার সঙ্গে। চব্বিশ ঘণ্টার মধ্যে বোস্টন ইউনিভার্সিটির ছাত্র অভিজিৎ দিপকে গালিটাকেই দলের নাম বানিয়ে খুলে ফেললেন সিজেপি।
দলের আত্মপরিচয়, অলস, বেকার আর ‘চিরকাল-সঠিক’দের প্রতিনিধি। কয়েক দিনে ইনস্টাগ্রামে ফলোয়ার দাঁড়াল দুই কোটির উপরে।
কিন্তু আসল ঘটনা তার কিছুদিন পরে, মাঠে। যন্তর মন্তরে তাদের অবস্থান কর্মসূচি আরম্ভ হলো, যেটা এখনও চলছে। দলটার কোনো আনুষ্ঠানিক কাঠামো নাই, কমিটি নাই, ফান্ড নাই। সমর্থকরা নিজের খরচে দিল্লি আসে, তাঁবুতে থাকে।
পুলিশের ব্যারিকেড আছে, তবে অবস্থান কর্মসূচি তুলে দেওয়ার চেষ্টা এখনো হয় নাই।
আয়োজকদের ভাষ্যে, দাবিটা এখন এক মন্ত্রীর পদত্যাগ ছাড়িয়ে আরও বড় প্রশ্নে গিয়ে ঠেকেছে। পরীক্ষা-ব্যবস্থা, বিচারবিভাগ, রাজনীতি, মিডিয়া, যে প্রতিষ্ঠানগুলির উপর ছাত্রদের আস্থা ভেঙে পড়েছে, তাদের জবাবদিহি।
সরকারের জবাবটাও নথিভুক্ত করে রাখা দরকার। বাতিল হওয়া নিটের পুনঃপরীক্ষা হয় ২১ জুন। তার আগে টেলিগ্রামে নতুন ফাঁসের গুজব ছড়ালে সরকার ১৬ থেকে ২২ জুন গোটা ভারতে টেলিগ্রামই ব্লক করে দেয়, মেসেজ এডিটের ফিচার বন্ধ রাখে ৩০ জুন পর্যন্ত।
টেলিগ্রাম আদালতে গিয়ে হেরে যায়। আর পুনঃপরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয় বিমানবাহিনীকে।
হিসাবটা একটু পাশাপাশি রাখেন। যেই রাষ্ট্র একটা খাম পাহারা দিতে পারে নাই, সে এক সপ্তাহের জন্য একশো চল্লিশ কোটি মানুষের মেসেজিং-অ্যাপ বন্ধ করতে পারে।
ফলে বোঝা যায়. সক্ষমতার ঘাটতির প্রশ্ন না এটা, অগ্রাধিকারের হিসাব। রাষ্ট্র হঠাৎ পরীক্ষা পাহারা দিতে শুরু করল, কিন্তু পরীক্ষার্থীকে না।
➖
এই আন্দোলনে সোনম ওয়াংচুকের ঢুকে পড়া ঘটনাটাকে জাতীয় খবর থেকে আন্তর্জাতিক খবর বানিয়েছে। এবং তার নিজের খতিয়ানটাও এখানে জরুরি, নাহলে এই অনশনের ওজন ধরা যায় না।
ওয়াংচুক লাদাখের মানুষ। ২০১৯ সালে জম্মু-কাশ্মীর ভাগ হয়ে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর থেকে সেখানকার মূল দাবি দুইটা। পূর্ণ রাজ্যের মর্যাদা, আর সংবিধানের ষষ্ঠ তফসিলের সুরক্ষা। যাতে জমি-চাকরি-পরিবেশের উপর স্থানীয়দের নিয়ন্ত্রণ থাকে।
এই দাবিতে ওয়াংচুক ২০২৪-এর মার্চে ২১ দিনের অনশন করেছেন, ওই বছরের অক্টোবরে দিল্লিতে আরেক দফা।
২০২৫-এর ২৪ সেপ্টেম্বর লেহতে সেই আন্দোলনের বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। গুলিতে মারা যায় চারজন, আহত হয় পুলিশসহ অন্তত ৪৫ জন। ওয়াংচুক বরাবর অহিংসার কথা বলে এসেছেন, তার স্ত্রীর ভাষ্যমতে সহিংসতার নিন্দাও করেছিলেন।
তবু দুই দিন পর তাকেই ‘প্রধান উসকানিদাতা’ আখ্যা দিয়ে গ্রেপ্তার করা হয় জাতীয় নিরাপত্তা আইনে, যে আইনে বিনা বিচারে বারো মাস পর্যন্ত আটকে রাখা যায়। তাকে রাখা হয় লাদাখ থেকে প্রায় বারোশো কিলোমিটার দূরে, রাজস্থানের যোধপুর কারাগারে।
সঙ্গে লাদাখে কারফিউ, ইন্টারনেট বন্ধ, শতাধিক তরুণ গ্রেপ্তার।
সরকার বলেছিল, অঞ্চল শান্ত আছে। ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো জবাব দিয়েছিলেন, কবরস্থানের নীরবতা আর মন্দিরের শান্তি এক জিনিস না।
এই বছরের ১৪ মার্চ, সুপ্রিম কোর্টে শুনানির কয়েক দিন আগে, সরকার নিজেই আটকাদেশ প্রত্যাহার করে। ফলে দাঁড়ায়, প্রায় ছয় মাসের বন্দিত্ব, কোনো বিচার ছাড়াই।
এই মানুষটা জানেন ভারতে প্রতিবাদের দাম কত, দামটা তিনি নগদে মিটিয়েছেন। তবু ছাড়া পাওয়ার সাড়ে তিন মাসের মাথায় তিনি আবার অনশনে বসলেন। এবার নিজের লাদাখের দাবিতেও না।
রাজস্থান-বিহার-উত্তরপ্রদেশের সেই ছেলেমেয়েদের জন্য, যাদের সঙ্গে তার জীবনে দেখা হয়নি।
কেন অনশনই? এপি-কে দেওয়া সাক্ষাৎকারে তার যুক্তিটা এক লাইনের। অনশন না করলে বিকল্প কী, রাস্তায় দাঙ্গা? সেটা তো আমরা চাই না।
কথাটার ভেতরে অনশনের পুরো রাজনীতিটা আছে।
আদালতের দরজায় ‘জাতীয় নিরাপত্তা আইন’। রাস্তায় নামলে গুলি আর গ্রেপ্তার। সংসদের দরজায় সংখ্যার পাহারা। এভাবে সবগুলো দরজা বন্ধ হওয়ার পর একটাই অহিংস পথ খোলা থাকে, যার উপর রাষ্ট্রের এখতিয়ার পুরোপুরি চলে না।
সেটা নিজের শরীর।
➖
দুইটা সৎ কথা এখানে আলাদাভাবে উল্লেখ করা দরকার।
এক, ওই চারটা আত্মহত্যার একমাত্র কারণ ফাঁস, এমন সরল হিসাব হয় না। ভারতে ছাত্র-আত্মহত্যা এমনিতেই মহামারি। জাতীয় অপরাধ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রকাশিত হিসাবে বছরে প্রায় চৌদ্দ হাজার ছাত্রছাত্রী আত্মহত্যা করে, দিনে গড়ে আটত্রিশ জন।
ফলে প্রশ্ন ফাঁস এই মহামারির জন্ম দেয় নাই, বরং প্রশ্ন ফাঁস একটা শেষ ধাক্কার মত ছিলো।
দুই, আন্দোলনের দাবিটাও মাপে ছোট। একজন মন্ত্রীর পদত্যাগ। অথচ প্রধান গেলে আরেক প্রধান আসবে, সতেরো-এক অনুপাতটাও থাকবে, এক কোটির সিট থাকবে, দশ লাখের প্রশ্ন থাকবে।
যদিও ছোট দাবিরও একটা দাম আছে, আদায় হলে তখন এইটুকু ধরে নেওয়া যায়, জবাবদিহি নামের জিনিসটা এই ব্যবস্থার ভেতরেও আদায়যোগ্য।
➖
শেষে আলাপটা বাংলাদেশের দিকে এনেই শেষ করি।
আবেদ আলীর নাম মনে আছে? পিএসসির সাবেক গাড়িচালক। ২০২৪-এর ৭ জুলাই রাতে এক বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনে বেরোল, তার চক্র বছরের পর বছর নিয়োগ পরীক্ষার প্রশ্ন বেচেছে।
তখন যা জানা গিয়েছিল, সেটা ছিল হিমশৈলের চূড়া। পুরো ছবিটা এসেছে এই বছরের ১৮ মে, আদালতে জমা পড়া ৪১ পৃষ্ঠার চার্জশিটে।
চার্জশিট বলছে, চক্রের শুরু ১৯৯৭ সালে। ওই বছরের ২ ডিসেম্বর আবেদ আলী পিএসসিতে গাড়িচালক হিসেবে যোগ দেন, আর কমিশনের সদস্যদের গাড়ি চালানোর সুবাদে পেয়ে যান ভেতরে অবাধ যাতায়াতের সুযোগ।
প্রথম পর্বের ব্যবসা ছিল ডামি পরীক্ষার্থীর। একজন আসল প্রার্থীর সঙ্গে দুইজন ডামি ঢুকিয়ে দেওয়া, বিনিময়ে এক থেকে দেড় লাখ টাকা। এভাবে ২০০৫ পর্যন্ত।
তারপর সরাসরি প্রশ্নে। সিআইডির ভাষ্যে অন্তত ত্রিশটা নিয়োগ পরীক্ষা, ৪৫তম বিসিএসের প্রিলি পর্যন্ত। পদ্ধতিটাও রীতিমতো শিল্প। পরীক্ষার আগের রাতে ভাড়া-করা ঘরে, চক্রের নিজেদের ভাষায় ‘বুথে’, প্রার্থীদের জড়ো করে ফাঁস হওয়া উত্তর মুখস্থ করানো হতো।
চার্জশিটে আসামি ছিলো ৫৫ জন, গ্রেপ্তার ৩৬। তালিকায় পিএসসির কর্মকর্তা-কর্মচারী, অন্য দপ্তরের কর্মচারী, ব্যবসায়ী, ছাত্র, আর পরীক্ষার্থী জোগাড় করে দেওয়া দালাল।
তবে এই তিন দশকের গল্পে সবচেয়ে অস্বস্তিকর তারিখটা ২০১৪ সালের ২২ এপ্রিল। ওইদিন এক নন-ক্যাডার নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তরপত্র সরবরাহের অভিযোগে আবেদ আলীর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। অভিযোগ প্রমাণিত হয়। তিনি চাকরিচ্যুত হন।
অর্থাৎ রাষ্ট্র লোকটাকে চিনেছিল, প্রমাণ পেয়েছিল, শাস্তিও দিয়েছিল। কিন্তু তারপরও চক্রটা চলল আরও দশ বছর।
➖
২০২৪-এর জানুয়ারিতে আমাদের পলিটেকনিকের জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়।
চার্জশিট বলছে, পরীক্ষার দুই দিন আগে পিএসসির অফিস সহায়কের কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করে চল্লিশজন প্রার্থীর কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। লেনদেন প্রায় আশি লাখ টাকা।
ফাঁস ধরা পড়েছে, সিআইডি তদন্ত করছে। আসামিরা আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
তারপর ২০২৫-এর ২৩ জানুয়ারি পিএসসি ওই পরীক্ষারই ফল প্রকাশ করল। তিন হাজার পাঁচশো চৌত্রিশ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করে দিল।
ভারত বাইশ লাখ মানুষের পরীক্ষা নয় দিনের মাথায় বাতিল করেছে, তদন্ত সিবিআইয়ে গেছে, আর জবাবদিহি চেয়ে একজন উনষাট বছরের মানুষ উনিশ দিন ধরে না খেয়ে আছেন দেশ-বিদেশের ক্যামেরার সামনে।
আমরা ফাঁস প্রমাণিত জেনেও গেজেট করেছি।
২০২৪-এর জুলাইয়ে খবর হয়েছিল, আবেদ আলীর হাত ধরে যারা বিসিএস ক্যাডার হয়েছেন, তাদের তালিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে। কিন্তু সেই তালিকা প্রকাশিত হয়েছে, এমন খবর আজও আসেনি।
তারিখটাও খেয়াল করার মতো। আবেদ আলীর খবর এসেছিল ২০২৪-এর ৭ জুলাই। ‘রাজাকার’ মন্তব্য আসে ১৪ জুলাই। মাঝখানে সাত দিন।
যে প্রজন্ম রাস্তায় নেমেছিল কোটার বিরুদ্ধে, তার পকেটে ততদিনে আরেকটা প্রমাণও ছিল। পরীক্ষা নামের চুক্তিটা রাষ্ট্র নিজেই ভাঙে।
যন্তর মন্তরের তাঁবুগুলি তাই আমাদের কাছে বিদেশি দৃশ্য না। ওই একই গল্প, শুধু তাদের মঞ্চে এখনো একজন না খেয়ে শুয়ে আছেন। আমাদের মঞ্চে তালিকাটা এখনো ড্রয়ারে।