তারেক রহমানেরত দিল্লি সফর, বিমসটেকের চেয়ার আর সার্কের দশ বছর

গত সোমবার সচিবালয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান একটা কথা বলেছেন, যেটা ঢাকার গণমাধ্যমগুলি ছেপেছে অভিমানের সুরে।

দিল্লির ব্রিকস সম্মেলনের আমন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেছেন, আমন্ত্রণটা প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে বিমসটেকের চেয়ারপারসনকে।

বাক্যটা অভিমানের না। গত এক দশকে ভারত প্রসঙ্গে বাংলাদেশি কোনো পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে এর চেয়ে নিখুঁত পর্যবেক্ষণ সম্ভবত আর বের হয় নাই। কারণ ভারত নিজেও ঠিক এই কথাটাই বলছে।

৪ আগস্ট দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে সরাসরি জিজ্ঞাসা করা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কোন পরিচয়ে দাওয়াত দেওয়া হয়েছে।

জবাব ছিল, দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ গেছে ফেব্রুয়ারিতে, আর ব্রিকসেরটা গেছে আলাদাভাবে, “বিমসটেকের বর্তমান চেয়ার” পরিচয়ে, যেভাবে অন্য আঞ্চলিক জোটের প্রধানদেরও ডাকা হয়।

অর্থাৎ দুই রাজধানী একমত যে, খামের উপরে বাংলাদেশ রাষ্ট্রের নাম নাই, আছে একটা সংগঠনের পদের নাম। ঢাকার রাজনৈতিক মহল এটাকে পড়ছে অবনমন হিসেবে, এবং সেই পড়াটা ভুল না।

২০২৩ সালে জোহানেসবার্গের ব্রিকসে শেখ হাসিনা গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পরিচয়ে, সদস্যপদপ্রার্থী অতিথি রাষ্ট্রের নেতা হিসেবে। তিন বছরের ব্যবধানে বাংলাদেশ হয়ে গেছে “বিমসটেকের চেয়ারপারসন।”

কিন্তু ব্রিকসের এই খামটা আসলে গল্পের ছোট অংশ।

বিমসটেক জিনিসটা কী, সেটা এক লাইনে বলে নেওয়া দরকার। বঙ্গোপসাগরের তীর ঘিরে সাত দেশের একটা জোট, জন্ম ১৯৯৭ সালে ব্যাংককে। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মিয়ানমার আর থাইল্যান্ড। সচিবালয় ঢাকায়।

তালিকাটা আরেকবার পড়েন। সার্কের আটটা দেশের মধ্যে তিনটা এখানে নাই, পাকিস্তান, আফগানিস্তান আর মালদ্বীপ।

যেটা নাই বলে জোটটার রাজনৈতিক অর্থ তৈরি হয়, সেটা পাকিস্তান।

ওইদিকে সার্ক হলো দক্ষিণ এশিয়ার সেই পুরানো জোট, ১৯৮৫ সালে ঢাকায় যার সনদ সই হয়েছিল। আটটা সদস্য, যার মধ্যে ভারত আর পাকিস্তান দুইজনই আছে।

এই একটা পার্থক্যের উপরেই পুরো গল্পটা দাঁড়ানো।

বিমসটেকের চেয়ারটা কিন্তু ভারতের বানানো পরিচয় না। বিমসটেকের সভাপতিত্ব ঘুরেফিরে সদস্যদের হাতে যায়, আর ২০২৫ সালের এপ্রিলে ব্যাংককের সম্মেলনে সেটা বাংলাদেশের হাতে আসে দুই বছরের জন্য, মেয়াদ শেষ ২০২৭ সালে।

তখন চেয়ারটা নিয়েছিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, নির্বাচনের পর সেটা বর্তেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর। দিল্লি তাঁকে ওই পরিচয়েই ডেকেছে।

ফলে অভিযোগটা একটু জটিল। ভারত ভুল নাম লেখে নাই, আমাদের দুইটা পরিচয়ের মধ্যে ছোটটা বেছে নিয়েছে। আর ওই ছোট পরিচয়টাও আমাদের নিজেদের অর্জন।

এখানে একটা প্রশ্ন থেকে যায়। ব্রিকসের মতো মঞ্চে ভারত বিমসটেকের চেয়ারকে ডাকবে কেন? বঙ্গোপসাগরের সাত দেশের একটা ঢিমেতালে চলা জোটের সভাপতির সেখানে কাজ কী?

উত্তরটা হলো, জোটটা ভারতের কাছে ঢিমেতালের কিছু না। দক্ষিণ এশিয়ায় ভারতের কূটনীতিতে বিমসটেকই এখন প্রধান হাতিয়ার, আর সেটা দাঁড় করানো হয়েছে সার্কের জায়গা নেওয়ার জন্য।

এক দশক ধরে চলা সেই কাজে বাংলাদেশ দর্শক ছিল না। সবচেয়ে জরুরি অধ্যায়টা লেখা হয় ২০১৬ সালের সেপ্টেম্বরে।

➖

১৮ সেপ্টেম্বর ২০১৬ তারিখে কাশ্মীরের উরিতে ভারতীয় সেনাঘাঁটিতে হামলায় উনিশ জন সৈনিক নিহত হন। ভারত দায় দেয় পাকিস্তানভিত্তিক জঙ্গিদের।

এর সাত সপ্তাহ পরে ইসলামাবাদে ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন হওয়ার কথা, ৯-১০ নভেম্বর।

২৭ সেপ্টেম্বর ভারত সার্কের তৎকালীন চেয়ার নেপালকে জানিয়ে দেয়, তারা ইসলামাবাদে যাচ্ছে না।

ভারতের চিঠির ভাষা ছিল, আঞ্চলিক পরিসরে সীমান্তের ওপার থেকে ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলা এবং “একটি দেশের পক্ষ থেকে সদস্য রাষ্ট্রগুলির অভ্যন্তরীণ বিষয়ে ক্রমবর্ধমান হস্তক্ষেপ” এমন পরিবেশ তৈরি করেছে, যা সম্মেলনের সফল আয়োজনের অনুকূল নয়।

একই দিনে বাংলাদেশও নেপালকে জানায়।

ঢাকার বিবৃতির ভাষা, “একটি দেশের পক্ষ থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ক্রমবর্ধমান হস্তক্ষেপ এমন পরিবেশ তৈরি করেছে, যা নভেম্বরে ইসলামাবাদে ১৯তম সার্ক শীর্ষ সম্মেলনের সফল আয়োজনের অনুকূল নয়।”

পরদিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের জানান, সিদ্ধান্ত মঙ্গলবারই নেপালের প্রধানমন্ত্রী ও সার্ক সচিবালয়কে জানানো হয়েছে, এবং সিদ্ধান্তটা বাংলাদেশের নিজের।

দুই রাজধানীর দুই বিবৃতিতে একই গঠন, একই “একটি দেশ”, একই “অনুকূল নয়”, ব্যবধান কয়েক ঘণ্টার। কূটনীতিতে এই মাপের ভাষাগত মিল কাকতালীয় হয় না।

ঢাকার বিবৃতির পরের অংশে ছিল সেই বাক্য, যেটা আজ পড়লে অস্বস্তি হয়, সার্ক প্রক্রিয়ার “উদ্যোক্তা” হিসেবে বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতায় তার অঙ্গীকারে অবিচল।

যে সংগঠনের জন্মপ্রস্তাব জিয়াউর রহমানের, যার সনদ সই হয়েছিল ঢাকায় ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর, তার সম্মেলন আটকানোর চিঠিতে বাংলাদেশ নিজের পরিচয় লিখেছিল প্রতিষ্ঠাতার।

সার্কের নিয়মে সব সিদ্ধান্ত সর্বসম্মত, এবং একটি সদস্য অনুপস্থিত থাকলেই সম্মেলন স্থগিত। কাজেই সম্মেলন আটকাতে ভারতের চিঠিটাই যথেষ্ট ছিল।

বাংলাদেশ, ভুটান আর আফগানিস্তানের চিঠিগুলির প্রয়োজন ছিল অন্য কারণে, সেগুলি একটা ভারতীয় সিদ্ধান্তকে “আঞ্চলিক মত”-এর চেহারা দিয়েছে।

৩০ সেপ্টেম্বর সম্মেলন স্থগিত হয়। তারপর আর কখনো হয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব সার্ক-বিষয়ক ব্রিফে, এই বছরের জুনের সংস্করণেও, এক লাইনে লেখা যে, উনিশতম সম্মেলন অনুষ্ঠিত হয়নি।

সার্কের স্ট্যান্ডিং কমিটি শেষ বসেছিল ২০১৬ সালের মার্চে।

এর উনিশ দিন পরে, ১৬ অক্টোবর, গোয়ায় ব্রিকস সম্মেলনের পাশে ভারত আয়োজন করে ব্রিকস-বিমসটেক আউটরিচ। ব্রিকসের চল হলো, আয়োজক দেশ মূল সম্মেলনের পাশে অতিথি হিসেবে বাইরের কোনো জোটকে ডাকতে পারে।

সেই বছর ভারত ডাকল বিমসটেককে।

শেখ হাসিনা যান, সঙ্গে নেপাল, ভুটান, শ্রীলঙ্কার নেতারা, মিয়ানমারের অং সান সু চি।

ইসলামাবাদের পরিত্যক্ত টেবিলের প্রায় সব মুখ গোয়ায় হাজির, কেবল একটি দেশ বাদ। ডেইলি স্টার পরদিন শিরোনাম করেছিল ইংরেজিতে, “মিনি সার্ক সামিট অ্যাট বিমসটেক।”

ট্রিবিউন ইন্ডিয়ার প্রতিবেদক লিখেছিলেন, সার্কের বদলে বিমসটেককে ডাকার লক্ষ্য পরিষ্কার, পাকিস্তানকে বাইরে রাখা।

গোয়ার আউটরিচের ফলাফল-দলিলে একটা নির্দেশও ঢুকল, বিমসটেকের নিজস্ব মোটর ভেহিকেল চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখা হবে।

শুনতে নিরীহ প্রশাসনিক লাইন, কিন্তু ঠিক এই চুক্তিটাই দুই বছর আগে সার্কে আটকে গিয়েছিল।

➖

২০১৪ সালের নভেম্বরে কাঠমান্ডুতে ১৮তম সার্ক সম্মেলনে তিনটা চুক্তি টেবিলে উঠেছিল। পাকিস্তান দুটো আটকে দেয়, সার্ক মোটর ভেহিকেল চুক্তি আর সার্ক রেল চুক্তি, অভ্যন্তরীণ প্রস্তুতি শেষ হয়নি, এই যুক্তিতে।

পাস হয় কেবল বিদ্যুৎ সহযোগিতার কাঠামো চুক্তি। ভারতের জন্য এটা ছিল সার্কের কাঠামোগত শিক্ষা যে, এই টেবিলে পাকিস্তান বসে থাকলে ভারতের সংযোগ-পরিকল্পনা এক ইঞ্চিও আগাবে না।

কারণ সার্কের সর্বসম্মতির নিয়মটা দুই দিকে কাটে। যে নিয়মে ভারত ২০১৬ সালে সম্মেলন আটকেছে, সেই একই নিয়মে পাকিস্তান ২০১৪ সালে চুক্তি আটকেছিল।

ভারতের উত্তর এসেছিল সাত মাসের মধ্যে, এবং সেটা সার্কের ভিতরে না।

২০১৫ সালের ১৫ জুন থিম্পুতে সই হয় বিবিআইএন মোটর ভেহিকেল চুক্তি। নামটা এসেছে চার দেশের আদ্যক্ষর থেকে, বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল।

এই চুক্তির কাজটা সীমান্তে মাল খালাসের ঝামেলা তুলে দেওয়া।

এখন ভারতের ট্রাক বেনাপোলে এসে মাল নামায়, সেটা বাংলাদেশি ট্রাকে তোলা হয়, ওপারে গিয়ে আবার নামানো হয়। চুক্তি কার্যকর থাকলে একই ট্রাক চার দেশের ভিতরে ঢুকে সোজা গন্তব্যে যেতে পারে।

কাঠমান্ডুতে পাকিস্তান যেটা আটকেছিল, সেটাই, শুধু পাকিস্তানকে বাদ দিয়ে। আর বাংলাদেশ সই করেছিল শুরুতেই।

এই বিবিআইএন মোটর ভেহিকেল চুক্তির পরবর্তী ঘটনামালা আলাদা করে বলার দরকার আছে, কারণ এটা একটা প্যাটার্নের প্রথম নমুনা।

ভুটানের জাতীয় পরিষদ ২০১৬ সালের নভেম্বরে চুক্তিটা প্রত্যাখ্যান করে, পরিবেশ, অবকাঠামো আর বিদেশি যানবাহনের সংখ্যায় কোনো সীমা না থাকার যুক্তিতে।

বাকি তিন দেশ আগানোর সিদ্ধান্ত নেয় ২০২১ সালে। প্রটোকলের খসড়া চূড়ান্ত হয় ২০২৫ সালের এপ্রিলে। সই হওয়ার এগারো বছর পরেও চুক্তিটা কার্যকর হয়নি।

এই পরিবারের একটামাত্র জিনিস বাস্তবে কাজ করেছে, ২০২৪ সালের অক্টোবরে সই হওয়া ভারত-নেপাল-বাংলাদেশ ত্রিদেশীয় বিদ্যুৎ চুক্তি। যার আওতায় নভেম্বর থেকে ভারতের গ্রিড হয়ে নেপালের চল্লিশ মেগাওয়াট বাংলাদেশে আসে।

লক্ষ করার মতো ব্যাপার, ২০১৪ সালে কাঠমান্ডুতে পাকিস্তান একটামাত্র যে সার্ক চুক্তি পাস হতে দিয়েছিল, সেটাও ছিল বিদ্যুতেরই।

সেই সার্ক চুক্তি কাগজে রয়ে গেছে, আর কাজের বিদ্যুৎটা গেল সার্কের বাইরের লাইনে, এক দশক পরে।

হাসিনার আমলে বাংলাদেশ এই স্থাপত্যে শুধু সই করেনি, ইটও গেঁথে গেছে।

বিমসটেকের স্থায়ী সচিবালয় ঢাকায় আনার সিদ্ধান্ত হয় ২০১৪ সালের মার্চে, আর সেই বছরের ১৩ সেপ্টেম্বর গুলশান-২-এর একটা বাড়িতে শেখ হাসিনা নিজে সেটা উদ্বোধন করেন, ইসলামাবাদ বয়কটের দুই বছর আগে।

সচিবালয়টা ঢাকায় আসার পিছনে ভারতের হাত ছিল। ওয়াশিংটনের কার্নেগি এনডাওমেন্টের গবেষক কনস্টান্টিনো জাভিয়ের ২০১৮ সালে লিখেছেন, ঠিকানা ঠিক করার দর-কষাকষি দিল্লি আড়াল থেকে সাজিয়ে দিয়েছিল, আর প্রথম মহাসচিব কে হবেন তাতেও তাদের কথা চলেছে।

সেই গবেষণাতেই সচিবালয়ের মাপ দেওয়া আছে, বার্ষিক বাজেট দুই লাখ ডলারের কাছাকাছি, কর্মী দশজনের কম, আর বাজেটের প্রায় এক-তৃতীয়াংশের জোগানদার ভারত।

তুলনায় সার্ক সচিবালয়ে তখন কর্মী পঞ্চাশের মতো, আসিয়ানে একশো।

এরপর ট্রানজিট।

২০২৩ সালের এপ্রিলে জাতীয় রাজস্ব বোর্ডের এক স্থায়ী আদেশে ভারত পেয়ে যায় চট্টগ্রাম আর মোংলা বন্দরে মাল নামিয়ে বাংলাদেশের ভিতর দিয়ে সেটা তার উত্তর-পূর্বের রাজ্যগুলিতে নেওয়ার স্থায়ী অনুমতি।

ভূগোলটা মনে রাখলে সুবিধাটা বোঝা যায়। ত্রিপুরা, আসাম, মিজোরাম, ভারতের এই রাজ্যগুলি বাংলাদেশের গা ঘেঁষে, কিন্তু ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে জোড়া কেবল শিলিগুড়ির সরু একটা করিডর দিয়ে।

কলকাতা থেকে ত্রিপুরায় মাল পাঠাতে হলে ওই করিডর ঘুরে যেতে হয়, পথ ষোলোশো কিলোমিটার। চট্টগ্রাম বন্দর ব্যবহার করলে সেটা নেমে আসে সাড়ে চারশোতে।

নয় বছরে দিল্লি পেয়েছে বিকল্প সংগঠনের ঠিকানা, সার্ক বয়কটে দ্বিতীয় সই, উপ-আঞ্চলিক চুক্তি আর বন্দর। বিনিময়ে বিমসটেক বাংলাদেশকে কী দিয়েছে, সেই হিসাবটা এবার করা যাক।

➖

হিসাবটা সংক্ষেপে করা যায়, কারণ ঘরটা প্রায় খালি।

মুক্তবাণিজ্য চুক্তি বা এফটিএর কাজটা সরল। সদস্য দেশগুলি একে অন্যের পণ্যে শুল্ক তুলে দেয়, ফলে বাংলাদেশের পোশাক বা ওষুধ থাইল্যান্ড কিংবা ভারতের বাজারে ঢোকে শুল্ক ছাড়াই, দাম কমে, প্রতিযোগিতায় সুবিধা হয়।

বিমসটেকের অর্থনৈতিক দাবিটা মূলত এই একটা চুক্তির উপরেই দাঁড়ানো।

এর কাঠামো চুক্তি সই হয়েছিল ২০০৪ সালের ফেব্রুয়ারিতে। বাইশ বছর পার হয়েছে, চুক্তিটা নেই।

সাতটা উপচুক্তির একটাও শেষ হয় নাই। পণ্যের খসড়া হয়েছে, কিন্তু আটকে আছে রুলস অব অরিজিনে।

মানে কোন পণ্যকে আসলে “বাংলাদেশের পণ্য” বলা হবে, কতটুকু কাঁচামাল দেশে যোগ হলে সেটা শুল্কমুক্ত সুবিধা পাবে, সেই মাপকাঠিতে। সেবা আর বিনিয়োগে আট দফা করে আলোচনার পরও দলিল নেই।

আর এখানেই সবচেয়ে বিব্রতকর তারিখটা ঢাকার নিজের, ২০১৮ সালের নভেম্বরে ঢাকায় বাণিজ্য আলোচনা কমিটির ২১তম বৈঠকের পর ঘোষণা এসেছিল, ২০১৯ সালেই চুক্তিটা চালু হয়ে যাবে।

২০২৩ সালে সংগঠনের মহাসচিব নিজে স্বীকার করেছেন, অগ্রগতি “সত্যি বলতে খুবই ধীর।”

আর ২০২৫ সালের এপ্রিলে ব্যাংককের ষষ্ঠ শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্র কমিটিকে নির্দেশ দিয়েছে “আর কোনো বিলম্ব ছাড়া” কাজ শেষ করতে, কোনো তারিখ ছাড়াই। ফলাফলের সংখ্যাটা নির্মম, বিমসটেক সদস্যদের মোট বাণিজ্যের ছয় থেকে সাত শতাংশ হয় নিজেদের মধ্যে।

সার্কের ভেতরে সংখ্যাটা ছয়ের নিচে, আসিয়ানে বাইশ থেকে পঁচিশ। সার্ক ছেড়ে বিমসটেকে এসে বাণিজ্যের অঙ্কে আমাদের লাভ প্রায় কিছুই না।

সাংগঠনিক শৃঙ্খলার হিসাবও একই রকম। সনদে লেখা আছে শীর্ষ সম্মেলন হবে দুই বছর অন্তর। ১৯৯৭ সালে জন্মের পর সম্মেলন হয়েছে ছয়টা, গড় ব্যবধান চার বছরের বেশি, নিয়মটা একবারও রক্ষা হয়নি।

সনদটাই সই হয়েছে ২০২২ সালে, কার্যকর হয়েছে ২০২৪ সালের মে মাসে। তার আগের সাতাশ বছর বিমসটেকের নিজের নামে চুক্তি করার আইনি অস্তিত্বটুকুও ছিল না।

সংযোগের যে মহাপরিকল্পনা নিয়ে এত আলোচনা, তার দুইশো সাতষট্টি প্রকল্পের প্রায় ষাট শতাংশ এখনো পরিকল্পনার খাতায়, অর্থায়ন অনিশ্চিত।

কিন্তু বাংলাদেশের জন্য আসল পরীক্ষা বাণিজ্য না। আসল পরীক্ষা রোহিঙ্গা, কারণ মিয়ানমার এই সংগঠনের সদস্য এবং সংকটের উৎস-রাষ্ট্র একই টেবিলে বসে।

২০১৭ সালের বিতাড়নের পর বিমসটেকের তিনটা শীর্ষ সম্মেলন হয়েছে। কাঠমান্ডু ২০১৮, কলম্বো ২০২২, ব্যাংকক ২০২৫।

তিনটা ঘোষণাপত্রের কোথাও “রোহিঙ্গা” শব্দটা নাই। “রাখাইন”ও নাই।

ব্যাংককের সম্মেলনে মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং সশরীরে উপস্থিত ছিলেন। সেই ঘরে বসেই প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস মঞ্চ থেকে বলেছিলেন, অমীমাংসিত রোহিঙ্গা সংকট গোটা অঞ্চলকে অস্থির করার ক্ষমতা রাখে।

সেদিনই গৃহীত ঘোষণাপত্রে কথাটার কোনো চিহ্ন নেই।

এখানে একটা প্রচলিত ভুল শুধরে নেওয়া দরকার। অনেকে ধরে নেন, বিমসটেকের সনদে দ্বিপক্ষীয় বিষয় তোলা নিষেধ, ফলে এই নীরবতা।

নিষেধের ধারাটা আসলে সার্কের সনদে, দশম অনুচ্ছেদ, দ্বিপক্ষীয় ও বিতর্কিত বিষয় আলোচনার বাইরে থাকবে। বিমসটেকের সনদে এমন কোনো ধারা নেই।

কারণটা আরও সাদামাটা, আর সেটা লিখেছে দিল্লিরই এক গবেষণা সংস্থা, অবজারভার রিসার্চ ফাউন্ডেশন। ২০১৮ সালে বিষয়টা আলোচ্যসূচিতেই ওঠে নাই, কারণ মিয়ানমারের সঙ্গে সংঘাত এড়াতে কোনো সদস্য দেশই সেটা প্রস্তাব করে নাই।

অর্থাৎ সার্কের নীরবতার অন্তত একটা সাংবিধানিক ব্যাখ্যা ছিল। বিমসটেকেরটা সিদ্ধান্ত।

তাহলে ভারত এই সংগঠনটাকেই কেন পছন্দ করে? সহজ উত্তরটা হলো, বিমসটেকে ভারত আরও বড়।

যদিও সংখ্যা উল্টো কথা বলে, ২০২৪ সালের হিসাবে বিমসটেকের সম্মিলিত অর্থনীতিতে ভারতের ভাগ প্রায় ছিয়াত্তর শতাংশ, সার্কে উনআশি। থাইল্যান্ডের অর্থনীতি পাকিস্তানের চেয়ে বড় বলে অনুপাতে ভারত সার্কেই বেশি ভারী।

ফলে পার্থক্যটা আকারের না, ব্যবস্থার।

সার্কে এমন একটা সদস্য ছিল, যে সর্বসম্মতির নিয়ম ভারতের বিরুদ্ধে ব্যবহার করত এবং করেছে। বিমসটেকে সে ইচ্ছা বা ওজন কারো নেই, আর ব্যবস্থাও রাখা হয় নাই।

সনদে বিরোধ মীমাংসার একমাত্র পথ “সংলাপ, পরামর্শ ও আলোচনা”, কোনো সালিশি কাঠামো নাই, ছোট সদস্যের কোনো রক্ষাকবচ নাই।

বাইরের চোখও নাই। সার্কে নয়টা দেশ পর্যবেক্ষক হিসেবে আছে, মানে ভোট নেই কিন্তু আলোচনার ঘরে বসার অধিকার আছে। চীন আর জাপান সেই মর্যাদা পেয়েছিল ২০০৫ সালে ঢাকার সম্মেলনেই।

বিমসটেকে পর্যবেক্ষক একটাও নাই, আর সদস্য হতে হলে দেশটাকে হতে হবে বঙ্গোপসাগর-অঞ্চলের লাগোয়া। এই শর্তই চীনকে স্থায়ীভাবে দরজার বাইরে রাখে।

ভারত সার্ক ত্যাগ করেনি সার্ক ছোট বলে। ত্যাগ করেছে সেখানে তার হাত বাঁধা পড়ত বলে। বিমসটেকে কারো হাত বাঁধার ব্যবস্থাই নাই।

দিল্লি এই অবস্থান নিয়ে লুকোচুরিও করে না। জয়শঙ্কর ২০২৪ সালের অক্টোবরে বলেছেন, সার্ক আগাচ্ছে না কারণ এক সদস্য সীমান্তের ওপার থেকে সন্ত্রাস চালায়।

২০২৫ সালের মার্চে সংসদীয় কমিটিতে বলেছেন, সার্ক “পজ করা আছে, ফুল স্টপ দেওয়া হয়নি।”

মুখপাত্র জয়সওয়াল বলেছেন, দক্ষিণ এশিয়ার সবাই জানে কারা সার্ককে আটকে রেখেছে।

আর নিঃশব্দ ভাষাটা পড়া যায় অতিথি তালিকায়, ২০১৪ সালে মোদির প্রথম শপথে দাওয়াত পেয়েছিলেন সার্কের নেতারা, নওয়াজ শরিফসহ।

২০১৯ সালের দ্বিতীয় শপথে সার্কের বদলে বিমসটেক, পাকিস্তান অনুপস্থিত, ২০২৪ সালের তৃতীয় শপথেও তাই।

➖

এই ইতিহাসের ভিতরে দাঁড়িয়ে গত দুই বছরের দিকে তাকালে একটা জিনিস স্পষ্ট হয়, বাংলাদেশের অবস্থান বদলেছে, এবং এই বদলটা এলোমেলো না।

শুরুটা অন্তর্বর্তী সরকারের আমলে। ২০২৪ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে মুহাম্মদ ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে সার্ক পুনরুজ্জীবনের প্রস্তাব তোলেন।

পরের বছর জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চ থেকে তিনি যা বলেন, তা দক্ষিণ এশিয়ার কূটনীতিতে বিরল রকমের সরাসরি।

সার্কের ধারণাটাই বাংলাদেশে জন্মেছিল, কিন্তু “কোনোভাবে এটা একটা দেশের রাজনীতির সঙ্গে মেলেনি। আমরা এর জন্য খুবই দুঃখিত।”

মঞ্চটা জাতিসংঘের, “একটা দেশ” শব্দবন্ধটা ২০১৬ সালের সেই যুগল-বিবৃতিরই, শুধু আঙুলটা এবার অন্যদিকে ঘোরানো।

মাঝের ধাপটাও লেখা আছে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে মাস্কটে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জয়শঙ্করের কাছে দুটো জিনিস চেয়েছিলেন। গঙ্গা চুক্তি নবায়নের আলোচনা, আর সার্কের স্ট্যান্ডিং কমিটির বৈঠক।

জয়শঙ্কর বৈঠকের পর যে বিবরণ প্রকাশ করলেন, তাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আছে, বিমসটেক আছে, সার্ক শব্দটা নেই। বৈঠক কেমন হলো, সাংবাদিকদের এই প্রশ্নে তৌহিদ হোসেনের পুরো উত্তর ছিল দুই শব্দের, “ইট ওয়াজ ওকে।”

আর ফেব্রুয়ারির নির্বাচনের পরে যে সরকার এসেছে, তারা এই লাইনটাকে বিচ্ছিন্ন বিবৃতি থেকে ঘোষিত নীতিতে তুলেছে।

খলিলুর রহমান দায়িত্ব নেওয়ার পরদিনই বলেছেন, পররাষ্ট্রনীতি ফিরবে জিয়াউর রহমানের ধারায়, মূলমন্ত্র “বাংলাদেশ ফার্স্ট।”

এপ্রিলে তুরস্কের আন্তালিয়ায়, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের পাশের চেয়ারে বসে, তিনি ঘোষণা করেছেন সার্ক পুনরুজ্জীবন প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম প্রধান পররাষ্ট্রনীতিগত লক্ষ্য।

জুনে মস্কোয় গিয়ে লাভরভের কাছে চেয়েছেন ব্রিকস ও এসসিওতে বাংলাদেশের অন্তর্ভুক্তির সমর্থন।

জুলাইয়ে সবচেয়ে সাহসী দৃশ্যটা মঞ্চস্থ হয়েছে খোদ দিল্লিতে।

অজিত দোভালের আয়োজনে বিমসটেকের জাতীয় নিরাপত্তা প্রধানদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, বলে এসেছেন যে, দুটো আঞ্চলিক প্রক্রিয়ারই হাত ধরাধরি করে চলা উচিত।

ভারত যে সংগঠন বানিয়েছেই সার্ককে সরানোর জন্য, সেই সংগঠনের ঘরে বসে সার্কের নাম উচ্চারণ করাটা কূটনৈতিক ভদ্রতার মোড়কে একটা স্পষ্ট বার্তা।

ভারতের জবাবে সার্ক প্রসঙ্গ ছিল না, ছিল সমুদ্র-নিরাপত্তা সহযোগিতার নতুন প্রস্তাব।

কিন্তু দুই সপ্তাহ পরে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু স্বাধীনতা দিবসের ভাষণে সার্ক পুনরুজ্জীবনের ডাকে গলা মেলালেন, ভারত-পাকিস্তান মধ্যস্থতার প্রস্তাবসহ।

ঢাকা যে লাইনটা একা টানছিল, সেটা আঞ্চলিক হতে শুরু করেছে।

এর পাশে পাকিস্তানের খাতাটা রাখলে ছবিটা পূর্ণ হয়। ২০২৪ সালের নভেম্বরে কয়েক দশক পর করাচি থেকে সরাসরি কার্গো জাহাজ ভিড়েছে চট্টগ্রামে।

২০২৫ সালের আগস্টে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছেন।

২০২৬ সালের জানুয়ারিতে চৌদ্দ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হয়েছে, বিমানবাহিনী প্রধান রাওয়ালপিন্ডিতে গেছেন, জেএফ-১৭ যুদ্ধবিমান নিয়ে আলোচনা চলছে, মে মাসে দশ বছরের মাদকবিরোধী সমঝোতা হয়েছে, বারোজন জ্যেষ্ঠ কর্মকর্তা লাহোরে প্রশিক্ষণ নিয়ে এসেছেন ইসলামাবাদের খরচে।

২০১৬ সালের সেই বিবৃতির “একটি দেশ” এখন এমন একটা দেশ, যেখানে ঢাকা থেকে সপ্তাহে দুটো সরাসরি ফ্লাইট যায়।

ভারত বিমসটেক বানিয়েছিল পাকিস্তানকে আঞ্চলিক কাঠামো থেকে আলাদা করতে, বাংলাদেশ দেখিয়ে দিচ্ছে, কাঠামো দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আটকানো যায় না।

তারেক রহমানের জুনের সফরটাও এই খাতায় পড়তে হয়। প্রথম গন্তব্য মালয়েশিয়া, তারপর বেইজিং।

অর্থাৎ “নতুন প্রধানমন্ত্রীর প্রথম সফর দিল্লিতে হবে” বলে দক্ষিণ এশিয়ায় যে অলিখিত প্রথা ভারত ধরে নেয়, সেটা শুরুতেই নাকচ।

বেইজিংয়ে সম্পর্কের নাম বদলে হয়েছে “অভিন্ন ভবিষ্যতের সমাজ”, চীনের কূটনৈতিক অভিধানে এটাই বন্ধুত্বের সর্বোচ্চ ধাপ। দক্ষিণ এশিয়ায় এই মর্যাদা এর আগে পেয়েছে কেবল পাকিস্তান।

আর সবচেয়ে বাস্তব জিনিসটা মোংলায়।

যে বন্দর-অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প ২০১৫ সালে মোদির ঢাকা সফরে ভারত পেয়েছিল এবং দশ বছরে যেখানে এক কোপ মাটিও কাটেনি, ২০২৫ সালে তালিকাচ্যুত হওয়ার পর এই জুনে সেটার চুক্তি হয়েছে চীনা কোম্পানির সঙ্গে।

তিস্তার সম্ভাব্যতা যাচাইও গেছে চীনের কাছে। খলিলুর রহমান তিস্তা প্রসঙ্গে যে বাক্যটা বলেছেন, সেটা এই সরকারের কূটনীতির সংক্ষিপ্ততম ভাষ্য। আমরা তো খালি বসে থাকতে পারি না, আমাদের নিজেদের কাজ আছে।

এমনকি যে ঘটনাটাকে আপাতদৃষ্টিতে অবহেলা মনে হয়, সেটাও এই ছকে অন্যরকম দেখায়।

বিমসটেকের সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই হয়েছিল ২০২৫ সালের এপ্রিলে ব্যাংককে। বাংলাদেশও সই করেছিল।

কিন্তু সই আর অনুস্বাক্ষর দুইটা আলাদা জিনিস। মন্ত্রী সই করেন, তারপর রাষ্ট্র নিজের আইনি প্রক্রিয়ায় সেটা অনুমোদন করে দলিল জমা দিলে চুক্তিটা ওই দেশের জন্য বাধ্যতামূলক হয়।

দ্বিতীয় ধাপটার নাম অনুস্বাক্ষর।

ভারত, ভুটান, থাইল্যান্ড আর মিয়ানমার সেটা করেছে, ফলে চুক্তিটা এই মে মাসে কার্যকর হয়েছে। করেনি তিনটা দেশ, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা।

চেয়ারম্যান নিজেই নিজের আমলের প্রধান চুক্তিটা অনুমোদন করেনি।

স্টিমসন সেন্টারের বিশ্লেষক সৌম্য ভৌমিক এই তিন দেশের মিলটা ধরিয়ে দিয়েছেন। তিনটারই ভারতের সঙ্গে অসম সম্পর্ক সামলানোর দীর্ঘ অভিজ্ঞতা আছে।

হাসিনার আমলের অভ্যাস ছিল আগে সই, পরে হিসাব। এখন হিসাবটা আগে হচ্ছে।

মোংলা, মস্কো, আন্তালিয়া আর এই না-করা অনুস্বাক্ষর, চারটা আলাদা ঘটনা একই বাক্য বলছে। বাংলাদেশ আর অগ্রিম দিচ্ছে না।

➖

এই জায়গায় দাঁড়িয়ে দীনেশ ত্রিবেদীর কথা ভাবা যাক। ভারতের নতুন হাইকমিশনার জুন মাসে ঢাকায় এসেছেন প্লেনে না চড়ে, পেট্রাপোল-বেনাপোল সীমান্ত হেঁটে পার হয়ে।

তিনি বাংলা বলেন, রাজনীতিক হিসেবে ঢাকায় ভারতের প্রথম অ-পেশাদার-কূটনীতিক নিয়োগ, এবং এই সপ্তাহে দুই দিনে তিনটা মন্ত্রণালয় ঘুরে বলে গেছেন, বসলে সব সমস্যার সমাধান হয়।

সীমান্ত হেঁটে পার হওয়াটা সুন্দর দৃশ্য, এবং দৃশ্যটার রাজনৈতিক মূল্যও আছে। কিন্তু ঢাকার পাওনার খাতা দৃশ্য দিয়ে চলে না।

১৯৯৬ সালের গঙ্গা চুক্তি, যেটা ফারাক্কার পানি দুই দেশের মধ্যে ভাগ করে, তার ত্রিশ বছরের মেয়াদ শেষ হচ্ছে এই ডিসেম্বরে।

নবায়নের আলোচনা চেয়ে বাংলাদেশ আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ৮ জুন, আর আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত দিল্লি সেই চিঠির জবাবই দেয় নাই।

২০২৫ সালে ভারত স্থলবন্দর দিয়ে আমাদের পোশাক আর পাট ঢোকা বন্ধ করেছিল, সেই নিষেধাজ্ঞা আজও বহাল। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ বিশ মাস ধরে দিল্লির ভাষায় “পরীক্ষাধীন।”

যে হাইকমিশনার হেঁটে সীমান্ত পার হন, তার সরকার একটা চিঠির জবাব দিতে দুই মাস পার করে দেয়। এই দুটো তথ্য পাশাপাশি রাখলে বোঝা যায়, সৌজন্য আর কূটনীতির পার্থক্যটা ঢাকা এখন যেভাবে ধরছে, সেটাই খলিলুর রহমানের ওই বাক্যের আসল প্রেক্ষাপট।

চেয়ারপারসনের নামে পাঠানো খামের জবাব চেয়ারপারসনের প্রতিনিধি দিয়েই দেওয়া যায়, প্রধানমন্ত্রীর সফরের দাম আলাদা, এবং সেই দাম এখন আর হাসিমুখ দিয়ে শোধ হবে না।

সেপ্টেম্বরে দিল্লির সম্মেলনে বাংলাদেশের কে যাবে, সেই প্রশ্নের মীমাংসা কয়েক সপ্তাহেই হয়ে যাবে।

টেকসই প্রশ্নটা অন্য।

বিমসটেকের চেয়ারের মেয়াদ শেষ হবে ২০২৭ সালে, সংগঠনের ত্রিশ বছর পূর্তির বছরে, এবং সপ্তম শীর্ষ সম্মেলনটা ঢাকায় হওয়ার সম্ভাবনা আছে।

সার্কের প্রস্তাব এসেছিল জিয়াউর রহমানের কাছ থেকে। যে সংগঠন সার্ককে সরিয়েছে, তার ঠিকানা দিয়েছিলেন শেখ হাসিনা। আর সেই সংগঠনের চেয়ার এখন বাংলাদেশের হাতে।

চেয়ারম্যান হিসেবে ইউনূস ব্যাংককের মঞ্চ থেকে রোহিঙ্গার কথা বলতে পেরেছিলেন, ঘোষণাপত্রে ঢোকাতে পারেননি। মঞ্চ চেয়ারম্যানের, ঘোষণাপত্রটা সর্বসম্মতির, বিমসটেকে বাংলাদেশের ক্ষমতার সীমা ওই দুইয়ের মাঝখানে।

সংগঠনের ত্রিশ বছর পূর্তির সম্মেলন ২০২৭ সালে ঢাকায় বসতে পারে, আর তখন প্রথমবার আয়োজকের কলমটা থাকবে আমাদের হাতে। ওই কলম দিয়ে কী লেখা হবে, তার মহড়া এখনই চলছে।

0 FacebookTwitterEmail

মন্তব্য করুন