গতকাল কুমিল্লা সরকারি মহিলা কলেজের সামনের রাস্তাটা ছিল কোমরপানির নিচে। পানি ঢুকে গিয়েছিল ভবনের ভেতরেও। তার মধ্য দিয়ে মেয়েরা হেঁটে গেছে পরীক্ষার হলে। কেউ নৌকায়, কেউ ভ্যানে, কেউ পায়ে।
শুধু ‘অ্যাডমিট কার্ড’ মাথার উপরে তুলে ধরা। নিজে ভিজছে, কিন্তু রাষ্ট্রকে দেখানোর কাগজটা ভিজছে না।
এই বছর এইচএসসি দিচ্ছে বারো লাখ সত্তর হাজার পরীক্ষার্থী। বন্যা ও ভারী বৃষ্টির মধ্যেও পরীক্ষা স্থগিত হয়নি, চট্টগ্রাম বোর্ড ছাড়া। প্রশ্নপত্রে ভুলও ধরা পড়েছে।
যেই মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে, তার মন্ত্রীর জন্ম উনিশশো সাতান্ন সালে।
এবং একটা হিসাব এখানে করে ফেলা দরকার। তিনি এই মন্ত্রণালয়ে প্রথম বসেছিলেন দুই হাজার এক সালে। পুরো একটা মেয়াদ শেষ করে বিদায়ও নিয়েছিলেন দুই হাজার ছয়ে।
মানে যেই ছেলেমেয়েরা গতকাল পানি ভেঙে তার নেওয়া পরীক্ষা দিতে গেলো, তাদের জন্মের আগেই তিনি এই মন্ত্রণালয়ের চেয়ারে বসা শেষ করেছিলেন।
আজ দুপুরে সেই ছেলেমেয়েরা সায়েন্স ল্যাব আর উত্তরায় রাস্তা আটকেছে। দাবি একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
দৃশ্যটা চেনা লাগছে?
লাগারই কথা। আজ চৌদ্দই জুলাই। ঠিক দুই বছর আগে, এই তারিখেই, এক প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে আন্দোলনরত ছাত্রদের সম্পর্কে বলেছিলেন, রাজাকারের নাতিপুতি।
সেই রাতেই হল থেকে মিছিল বেরিয়েছিল।
এখন কেউ বলছে না ইতিহাস হুবহু ফিরে আসছে। আসেও না কখনো। একটা পরীক্ষা আর একটা গণঅভ্যুত্থান এক জিনিস না, এবং রাস্তা আটকানো মানেই রেজিম পড়ে যাওয়া না।
কিন্তু তারিখ মিলে যাওয়াটা একটা প্রশ্ন সামনে এনে ফেলে। প্রশ্নটা এই না যে, আবার কি তাই হবে। প্রশ্নটা হলো, দুই বছরে রাষ্ট্রটা আসলে কতটুকু বদলালো।
কারণ যেই ছেলেমেয়েরা সেবার রাস্তায় নেমেছিল, আর যারা আজ নামলো, তারা একই তরুণ প্রজন্ম। এমনকি অনেক ক্ষেত্রে একই মুখ। শুধু গদিতে বসা মানুষগুলো বদলেছে।
➖
একটা কথা গোড়াতেই সাফ করে নেওয়া ভালো। গতকাল যারা পানিতে নেমেছিল, তারা হয়তো কেউ কেউ ঠিক অর্থে জেনজি না হতে পারে।
কিন্তু তারুণ্য কোনো জন্মসালের খোপ না। এটা একটা মেজাজ, একটা নাড়ি। গতকালের পানিতে-নামা কিশোরটা জেনজি না হতে পারে, কিন্তু সে একই স্রোতের পরের ঢেউ।
দুই হাজার চব্বিশের জুলাই-আগস্টে যা ঘটেছিল, পৃথিবী তাকে নাম দিয়েছে ইতিহাসের প্রথম সফল জেনজি বিপ্লব। জাতিসংঘের হিসাবে প্রাণ গিয়েছিল চৌদ্দশোর বেশি মানুষের। পনেরো বছরের একটা রেজিম ভেঙে পড়েছিল পাঁচ সপ্তাহে।
অভ্যুত্থানের ঠিক এক বছরের মাথায়, গত বছরের জুলাইয়ে, সানেম আর অ্যাকশনএইডের একটা জরিপ হলো। দুই হাজার তরুণ-তরুণী, পনেরো থেকে পঁয়ত্রিশ বছর, আট বিভাগ।
তাদের বিরাশি দশমিক সাত শতাংশ বললো, তারা রাজনীতিতে যুক্ত হতে চায় না।
যেই প্রজন্ম এক বছর আগে খালি হাতে সরকার ফেলেছে, সেই প্রজন্মই এটা। কোনো না কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত আছে তাদের কত জন? এক দশমিক ছয় শতাংশ।
অথচ ওই একই জরিপে প্রায় সাতাত্তর শতাংশ বলেছে, ভোট তারা দেবে।
তিনটা সংখ্যা পাশাপাশি রাখলে ধাঁধাটা নিজেই খুলে যায়। এই প্রজন্ম রাজনীতিবিমুখ না। এই প্রজন্ম রাজনৈতিক দলবিমুখ। সে সিস্টেম ছাড়েনি। সে সিস্টেমের দরজাগুলো ছেড়েছে, কারণ প্রতিটা দরজার সামনে একজন দারোয়ান বসে আছে, এবং দারোয়ানদের প্রায় সবার জন্ম গত শতকের পঞ্চাশের দশকে।
জরিপের আরেকটা সংখ্যা এই দারোয়ানদের মাপ দেয়। রাজনৈতিক দলগুলোর এজেন্ডা দেশের আসল সমস্যা ধরতে পারছে, এটা বিশ্বাস করে মাত্র এগারো দশমিক আট শতাংশ তরুণ।
প্রতি একশো জনে বারো জনও না।
➖
এই প্রজন্মকে আরও ভালো করে বুঝতে হলে কাঠমান্ডুর দিকে তাকাতে হয়।
দুই হাজার পঁচিশের আটই সেপ্টেম্বর। নেপালের তরুণরা দুর্নীতির বিরুদ্ধে সমাবেশ ডেকেছে। সমাবেশে ঢোকার একটা শর্ত ছিল, যেটা পৃথিবীর কোনো রাজনৈতিক সমাবেশে সম্ভবত আগে কখনো দেখা যায়নি।
বয়স আটাশের বেশি হলে ঢোকা যাবে না।
কাঠমান্ডুর তুমুল জনপ্রিয় মেয়র বালেন শাহ, র্যাপার থেকে রাজনীতিবিদ হওয়া মানুষ, ফেসবুকে লিখলেন, তিনি যেতে পারছেন না। বয়সে কুলাচ্ছে না।
এই একটা নিয়মের ভেতরে পুরো প্রজন্মটার মেজাজ ধরা আছে। আমাদের রাজনীতিতে বয়স মানে অধিকার। যে যত সিনিয়র, তার দাবি তত আগে। নেপালের ওই মাঠে বয়স মানে ছিল অযোগ্যতা। জ্যেষ্ঠতার পুরো মুদ্রাটাই তরুণরা এক ঘোষণায় অচল করে দিয়েছিল।
ক্ষোভটা জমছিল অনেক দিন ধরে। নেপালি সোশ্যাল মিডিয়ায় তখন ভাইরাল একটা হ্যাশট্যাগ, ‘নেপোবেবি’। রাজনীতিবিদদের সন্তানদের বিদেশ-ভ্রমণ, ব্র্যান্ডের ঘড়ি, সুইমিংপুলের ছবি, পাশে সাধারণ তরুণের বেকারত্ব।
সরকার জবাব দিলো ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে।
চার দিন পরে রাস্তায় নামলো স্কুল ইউনিফর্ম পরা কিশোর-কিশোরীরা। পুলিশ গুলি চালালো। নেপালের গণতান্ত্রিক ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত দিন। শেষ হিসাবে মৃত ছিয়াত্তর, আহত দুই হাজারের বেশি। প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন, পার্লামেন্ট জ্বললো।
তারপর ঘটলো সেই ঘটনা, যেটা পড়লে আসলেই অবাক হতে হয়।
দেশ চালাবে কে, এই প্রশ্নের মীমাংসা হলো ডিসকর্ডে। গেমারদের আড্ডার প্ল্যাটফর্ম। ইয়ুথ এগেইনস্ট কারাপশন নামের সার্ভারে সদস্য তখন প্রায় দেড় লাখ, একসাথে অনলাইনে দশ হাজারের বেশি।
ঘণ্টার পর ঘণ্টা তর্ক, দফায় দফায় ভোট, এমনকি তথ্য যাচাইয়ের জন্য আলাদা চ্যানেল। সেই ভোটে জিতে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি, নেপালের প্রথম নারী সরকারপ্রধান।
মানবজাতির ইতিহাসে প্রথমবার একটা রাষ্ট্রের নেতৃত্ব ঠিক হলো গেমিং সার্ভারে।
আরেকটা দৃশ্য আছে, ছোট, কিন্তু জরুরি। সংকটের দিনগুলোতে সেনাপ্রধান যখন জেনজি প্রতিনিধিদের এক বিতর্কিত ব্যবসায়ী আর একটা রাজনৈতিক দলের সাথে এক টেবিলে বসাতে চাইলেন, প্রতিনিধিরা বৈঠক ছেড়ে বেরিয়ে গেলো।
তাদের যুক্তি, ওদের সাথে এক কাতারে দাঁড়ালে আন্দোলনের বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে।
নিজেদের পক্ষের রাজনীতিবিদের সাথেও এক ছবিতে আসতে রাজি না। দল-অ্যালার্জি এতটাই।
অথচ ছয় মাস পরে এরাই ভোট দিয়ে বালেন শাহকে প্রধানমন্ত্রী বানালো। দুইশো পঁচাত্তর আসনের মধ্যে একশো বিরাশি। পঁয়ত্রিশ বছর বয়সে নেপালের ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।
তাহলে হিসাবটা কী দাঁড়ালো? এরা নেতা চায় না, কথাটা ভুল। এরা নেতা চায়। শুধু উত্তরাধিকারসূত্রে পাওয়া নেতা চায় না। চায় নিজেদের হাতে বানানো নেতা।
➖
এবার দিল্লি।
গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি এক শুনানিতে মন্তব্য করলেন, যেটা গোটা দেশ শুনলো এভাবে, বেকার তরুণরা তেলাপোকার মতো।
চব্বিশ ঘণ্টার মধ্যে বোস্টনে বসা ত্রিশ বছরের এক তরুণ খুলে ফেললো একটা পার্টি। নাম, ককরোচ জনতা পার্টি। সদস্য হওয়ার শর্ত দুটো। “অলস হতে হবে, এবং বেকার।”
চার দিনে তাদের ইনস্টাগ্রাম ফলোয়ার ছাড়িয়ে গেলো বিজেপিকে। যেই বিজেপি নিজেকে বলে পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল। কিছুদিনের মধ্যে ফলোয়ার উনিশ মিলিয়নের উপরে।
জুনের ছয় তারিখে জন্তর মন্তরে হাজার হাজার তরুণ জড়ো হলো, মুখে তেলাপোকার মুখোশ, হাতে ফুল।
এই ব্যাকরণটা আমরা চিনি। দুই বছর আগের সেই চৌদ্দই জুলাইয়ের রাতে ঢাকার হলগুলো থেকে যেই মিছিল বেরিয়েছিল, তার স্লোগান ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার।
গালিটাকে গিলে ফেলা না। গালিটাকে পরে ফেলা।
ঢাকা থেকে কাঠমান্ডু হয়ে দিল্লি, এই প্রজন্মের প্রথম অস্ত্র একটাই।
ক্ষমতা তাকে যে নামে ছোট করে, সেই নামটাকেই সে পতাকা বানায়। রাজাকার, নেপোবেবির উল্টা পিঠ, তেলাপোকা। যে প্রজন্ম আয়রনির ভেতরে বড় হয়েছে, তার কাছে ক্ষমতার আন্তরিক অপমানের চেয়ে নিজের বিদ্রূপী আত্মপরিচয় ঢের শক্তিশালী।
বুড়া রাজনীতি এই অস্ত্রটার সামনে অসহায়। কারণ তার গোটা কারবারই সম্মান-অসম্মানের হিসাবে। যাকে অপমান করলে সে অপমানটা সানন্দে পরে নেয়, তাকে আর অপমান করা যায় না।
➖
এইবার ঘরের হিসাব। বিএনপি ঠিক কোথায় কোথায় ধরা খাচ্ছে, সেটা অনুমানের বিষয় না। চারটা জায়গা।
প্রথম জায়গাটার নাম ‘জমিদারি মেজাজ’।
নির্বাচনী প্রচারের সময় দলের স্ট্যান্ডিং কমিটির প্রবীণ সদস্য মির্জা আব্বাস ভোটের এজেন্টদের সামনে বক্তব্য দিলেন। সারমর্ম, বিএনপির নেতাকর্মীরা বছরের পর বছর জেল খেটেছে, দশকের পর দশক আন্দোলন করেছে, চব্বিশের আন্দোলনের কৃতিত্ব কোনো একক গোষ্ঠীর না।
এবং তারপর সেই খোঁচা, কেউ কেউ এমন আচরণ করছে যেন তারা দ্বিতীয়বার দেশ স্বাধীন করে ফেলেছে।
বাক্যটা ভেঙে দেখেন। এখানে রাজনীতি একটা খতিয়ান। কে কত বছর জেল খেটেছে, তার হিসাব। যে আগে কষ্ট করেছে, পাওনা তার আগে।
জ্যেষ্ঠতার এই দলিল দিয়ে চাপা দেওয়া হচ্ছে চৌদ্দশো লাশের হিসাব।
জমির বদলে কষ্ট, খাজনার বদলে পদ। জমিদারি ব্যবস্থার কাঠামোটা হুবহু এক, শুধু ফসলটা আলাদা।
দ্বিতীয় জায়গাটার নাম ‘খ্যাতগিরি’।
পুরান দলের সেই আত্মতুষ্ট মেজাজ, নিজেকে ইতিহাসের একমাত্র নায়ক ভাবা, আর নতুন যা কিছু, তাকে হয় শাগরেদ নয়তো আপদ গণ্য করা।
নজিরটা নির্বাচনের মাঠ থেকেই। ঢাকার একটা আসনে বিএনপির প্রবীণ প্রার্থীর মুখোমুখি দাঁড়িয়েছিল নতুন দলের এক তরুণ নেতা। প্রচারের সময় সেই তরুণ প্রার্থী অভিযোগ তুললেন, তার ওপর হামলা হয়েছে। আর অভিজ্ঞ প্রার্থীর জবাব এলো এমন এক সুরে, ছোট ভাই তো, একটু আধটু হয়ই, সিটটা ছেড়ে দিলেও পারত।
সিটটা ছেড়ে দিলেও পারত।
যেন এখানে প্রতিদ্বন্দ্বী তরুণটা প্রতিদ্বন্দ্বীই না, সে ছোট ভাই। রাজনীতি এখানে সমানে সমানে লড়াই না, বড় ভাইয়ের দরবারে ছোট ভাইয়ের আবদার। বড় ভাই দয়া করলে সিট মেলে, না করলে মেলে না।
ভোট, প্রতিযোগিতা, নতুন দল, এসব যেন নিছক শিষ্টাচারের প্রশ্ন, বড়কে সম্মান দেখানোর প্রশ্ন।
যে প্রজন্ম রাস্তায় নেমে বুঝিয়ে দিয়েছে ক্ষমতা উত্তরাধিকারের জিনিস না, তাকে ফিরে বলা হচ্ছে, লাইনে দাঁড়াও, তোমার সিরিয়াল পরে। এই মেজাজটাই খ্যাতগিরি।
বয়স আর পুরানো দিনের আন্দোলনের সিন্দুক খুলে বসে থাকা, আর নতুন যা আসছে তাকে সেই সিন্দুকের হিসাবে মাপা।
তৃতীয় জায়গাটার নাম ‘মহল্লার পাণ্ডা’।
গত বছরের নয়ই জুলাই, পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে, প্রকাশ্য দিনের আলোয়, ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে থেঁতলে মারা হলো।
কারণ, চাঁদা আর ব্যবসার নিয়ন্ত্রণ। জড়িতদের তালিকায় উঠে এলো ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নাম।
সেটা ছিল ক্ষমতায় আসার আগে।
আর ক্ষমতায় আসার পরে, চার মাসের মাথায়, দেশজুড়ে হাটবাজার, ঘাট, বাসস্ট্যান্ড দখল আর সরকারি টেন্ডার নিয়ন্ত্রণের হিড়িক। পত্রিকাগুলো দেখলে এই বাস্তবতা সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। সেই ফিরিস্তি টেনে সরকারি দলকে বিব্রত করা এখানে উদ্দেশ্য না।
তবে অবস্থা এমন দাঁড়িয়েছে যে বিএনপি এখন নিজের নেতাদের লাল কার্ড দেখানোর তালিকা বানাচ্ছে।
আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের রিপোর্টে ঢাকার এক বিশ্লেষকের পর্যবেক্ষণ এক লাইনে এমন, বিএনপির প্রধান শত্রু জামায়াতও না, আওয়ামী লীগও না। বিএনপি নিজেই।
এবার এই পাণ্ডাতন্ত্রের সাথে তরুণের হিসাবটা মেলান। সানেমের সেই জরিপে যে বিরাশি শতাংশ রাজনীতি থেকে দূরে, তাদের প্রধান কারণটা কী ছিল?
প্রায় ঊনষাট শতাংশ বলেছিল, রাজনৈতিক সহিংসতার ভয়।
মহল্লার পাণ্ডা হলো সেই ভয়ের স্থানীয় ঠিকানা। সে শুধু চাঁদা তোলে না। সে প্রতিদিন পাড়ার তরুণকে চোখে আঙুল দিয়ে দেখায়, রাজনীতির দরজা দিয়ে ঢুকলে ভেতরে কী অপেক্ষা করছে।
আর সর্বশেষ, চতুর্থ জায়গাটা সবচেয়ে নীরব, ‘রাষ্ট্র তাকে কিছু দিচ্ছে না’।
ছেচল্লিশতম বিসিএসে আবেদন করেছিল তিন লাখ পঁচিশ হাজারের বেশি প্রার্থী। পদ ছিল তিন হাজার একশো চল্লিশটা। প্রতি একশো জনে চাকরি পাবে একজনেরও কম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ভোরবেলার লাইনটা দেখেছেন? বহু আগে থেকেই ছেলেমেয়েরা বিসিএসের পড়া শুরু করে।
এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাংবাদিককে বলেছিল, এই দেশের তরুণের সামনে রাস্তা তিনটা। বিসিএস, ব্যাংকের পরীক্ষা, নয়তো আইইএলটিএস।
তৃতীয় রাস্তাটাই এখন হাইওয়ে। পনেরো বছরে বিদেশগামী শিক্ষার্থীর সংখ্যা তিনগুণ। দেশের সেরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ব্যাচের প্রায় অর্ধেক দেশ ছাড়ে, এবং ফেরে না। স্নাতক বেকারত্ব সাড়ে তেরো শতাংশ।
এই সংখ্যাগুলোকে সাধারণত ব্রেন ড্রেনের ঘরে ফেলা হয়। ভুল ঘর। এগুলো আসলে ভোটের সংখ্যা।
এই প্রজন্মের সবচেয়ে সৎ ব্যালটটা ভোটকেন্দ্রে পড়ে না। পড়ে আইইএলটিএস সেন্টারে।
বিদেশগমনের প্রতিটা ওয়ান-ওয়ে টিকিট একেকটা অনাস্থা প্রস্তাব। রাষ্ট্র সেই প্রস্তাবগুলো গোনে ঠিকই, তবে রেমিট্যান্সের ঘরে। অনাস্থার ঘরে না।
➖
তাহলে সব মিলিয়ে হিসাবটা কী দাঁড়ালো? ঢাকা, কাঠমান্ডু, দিল্লির ঘটনাগুলো পাশাপাশি রাখলে চারটা সূত্র বেরিয়ে আসে।
এক, এই প্রজন্ম রাষ্ট্রবিরোধী না, উত্তরাধিকারবিরোধী। কোটা, নেপোবেবি, দাদাগিরি, জেল-খাটার জ্যেষ্ঠতা, সব একই জিনিসের আলাদা আলাদা নাম। জন্মসূত্রে বা বয়সসূত্রে পাওনা।
তার লড়াই ওই পাওনার দলিলটার বিরুদ্ধে।
দুই, তার সংগঠন নেতাহীন, এবং এটা দুর্বলতা না, নকশা। নেতা থাকলেই নেতাকে কেনা যায়, জেলে ভরা যায়, টেবিলে বসিয়ে বশ করা যায়। এই শিক্ষা সে বই পড়ে পায়নি, হাতেকলমে পেয়েছে।
তিন, তার মাতৃভাষা আয়রনি। গালিকে পতাকা বানানো তার স্বভাবধর্ম, আর এই অস্ত্রের সামনে সম্মান-কারবারি বুড়া রাজনীতি নিরস্ত্র।
‘তেলাপোকা’ বা ‘ফার্মের মুরগি’ এখানে কাজ করে না।
চার, তার শেষ অস্ত্র প্রস্থান। রাস্তায় নামা তার প্রথম বিকল্প না, শেষ বিকল্প। প্রথম বিকল্প একটা দরজা। দেশের ভেতরে দরজা না পেলে, দেশের বাইরের দরজা।
➖
তবে একটা সৎ কথা এখানে বলে রাখা দরকার, নইলে পুরো লেখাটাই তারুণ্য-বন্দনা হয়ে যাবে।
মার্কিন গবেষণায় এখন রীতিমতো একটা তত্ত্ব দাঁড়িয়ে গেছে, ‘ডাবল জেনজি’ তত্ত্ব। কোভিডের আগে বড় হওয়া আর কোভিডের ভেতরে বড় হওয়া আসলে দুইটা আলাদা প্রজন্ম।
ইয়েলের জরিপ বলছে, আঠারো থেকে বাইশ বছরের ছেলে আর মেয়েদের রাজনৈতিক অবস্থানের ফারাক কোথাও কোথাও একচল্লিশ পয়েন্ট।
বাংলাদেশেও জুলাইয়ের সেই অখণ্ড ঐক্য ভোটের বাক্সে গিয়ে তিন ভাগ হয়েছিল।
মানে জেনজি কোনো দল না। মতাদর্শও না। জেনজি একটা শর্ত।
যেই মুহূর্তে রাষ্ট্র চৌদ্দ বছরের একটা ছেলেকে কোমরপানিতে নামায়, সেই মুহূর্তে সে ওই শর্তের ভেতরে ঢুকে পড়ে।
যেদিন রাষ্ট্র শর্তটা ভাঙে, চরমভাবে, প্রকাশ্যে, সেদিন তারা এক হয়ে যায়। বাকি দিনগুলোতে তারা আলাদা আলাদা মানুষ। ক্লান্ত, বিরক্ত, লাইব্রেরির লাইনে, কোচিংয়ের ক্লাসে, এম্বাসির ওয়েটিং রুমে।
শাসকের জন্য এটাই সবচেয়ে ভয়ের খবর। যে শক্তি সংগঠিত, তাকে মাপা যায়, কেনা যায়, ভাঙা যায়। আর যে শক্তি ছড়ানো, ঘুমন্ত, এবং শুধু শাসকের নিজের ভুলের অপেক্ষায় বসে থাকে, তাকে সামলানোর একটাই উপায়। ভুলটা না করা।
গত দুই বছরে দক্ষিণ এশিয়ার তিনটা সরকার সেই ভুলটা করে দেখিয়েছে। একজন বলেছিল রাজাকার। একজন বন্ধ করেছিল ছাব্বিশটা অ্যাপ। একজন বলেছিল তেলাপোকা।
#ব্রডশিট #জেনজি #বাংলাদেশ #রাজনীতি #দক্ষিণএশিয়া #বিএনপি