দ্বিতীয় সারিতে পঞ্চাশ বছর

গত বৃহস্পতিবার, ১৬ জুলাই, স্বামীবাগে রথযাত্রার উদ্বোধনী মঞ্চে একজন মন্ত্রী বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের শেষভাগে, প্রচণ্ড গরমে, তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। দ্রুত বাসায় নেওয়া হলো, চিকিৎসকের পরামর্শে বিশ্রাম।

মন্ত্রীর বয়স আটাত্তর।

পূর্ণ মন্ত্রী হিসেবে এটা তার প্রথম বছর। শপথ নিয়েছেন পাঁচ মাস আগে, ১৭ ফেব্রুয়ারি। রাজনীতিতে ঢুকেছেন যেই উনসত্তরে, সেই হিসাবে সাতান্ন বছরের মাথায় প্রথম পূর্ণ মন্ত্রিত্ব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী, ঠাকুরগাঁওয়ের সংসদ সদস্য।

বাংলাদেশের রাজনীতিতে তার চেয়ে ক্ষমতাবান মানুষ আছেন। তার চেয়ে জনপ্রিয়, তার চেয়ে ধনী, তার চেয়ে ভয়ংকর, সবই আছেন। কিন্তু গত পঞ্চাশ বছরের রাজনৈতিক ইতিহাসের এতগুলি অধ্যায়ের ভেতর দিয়ে হেঁটে আসা মানুষ প্রায় নাই।

উনসত্তরের গণঅভ্যুত্থান, ভাসানীর ন্যাপ, জিয়ার সচিবালয়, এরশাদের জেলা-রাজনীতি, খালেদার মন্ত্রিসভা, হাসিনার জেলখানা, তারেকের মন্ত্রিসভা, লোকটা সবগুলি ঘরে ঢুকেছেন, এবং প্রতিটা ঘর থেকে অক্ষত বেরিয়েছেন।

এই লেখা সেই হাঁটাটার হিসাব।

➖

হিসাবটা শুরু করা যাক সবচেয়ে নির্মম খাতাটা দিয়ে। ভোটের খাতা।

উনিশশো একানব্বই, ঠাকুরগাঁও-এক। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল হারলেন আওয়ামী লীগের খাদেমুল ইসলামের কাছে।

ছিয়ানব্বই। আবার দাঁড়ালেন, আবার খাদেমুল ইসলাম, আবার হার।

দুই হাজার এক। জিতলেন, রমেশ চন্দ্র সেনকে হারিয়ে।

দুই হাজার আট। সেই রমেশ চন্দ্র সেনের কাছেই হার।

দুই হাজার আঠারো। বগুড়া-ছয়ে জিতলেন, কিন্তু শপথ নিলেন না। দলের বাকি নির্বাচিতরা শেষ পর্যন্ত সংসদে গেলেন, তিনি গেলেন না। নির্ধারিত সময় পার হলো, আসন শূন্য ঘোষণা হলো, উপনির্বাচন হলো।

নিজের জেতা আসনটা তিনি নিজের হাতে ফেরত দিলেন, কারচুপির নির্বাচনের সংসদে তার সই থাকবে না, এই যুক্তিতে।

আর দুই হাজার ছাব্বিশ, ঠাকুরগাঁও-এক, দুই লাখ আটত্রিশ হাজার ভোট। পঁয়ত্রিশ বছরে পাঁচবার দাঁড়িয়ে দুই জয়, তিন হার। এবং একটা জয় স্বেচ্ছায় ফেরত।

এই খাতাটা জরুরি, কারণ এটা একটা অস্বস্তিকর সত্য বলে। বাংলাদেশের প্রধান বিরোধী দল পনেরো বছর চালিয়েছেন এমন একজন, ভোটের মাঠ যাকে বারবার ফিরিয়ে দিয়েছে।

তার ক্ষমতার উৎস কখনো জনজোয়ার ছিল না। ছিল সংগঠন, শৃঙ্খলা, আর টিকে থাকা। যেই তিনটা জিনিস এই দেশের রাজনীতিতে সবচেয়ে কম দামে বিক্রি হয়।

➖

টিকে থাকাটা অবশ্য তিনি বাড়িতেই শিখেছেন।

ঠাকুরগাঁওয়ের মির্জা পরিবার নিজেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা ক্রস-সেকশন। এক চাচা, উইং কমান্ডার এস আর মির্জা, একাত্তরের এপ্রিলে মুজিবনগর সরকারের ইয়ুথ ক্যাম্প ডাইরেক্টরেটের পরিচালক, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শিবির দেখতেন।

আরেক চাচা, মির্জা গোলাম হাফিজ, জিয়াউর রহমানের ভূমিমন্ত্রী, দ্বিতীয় জাতীয় সংসদের স্পিকার, পরে খালেদা জিয়ার আইনমন্ত্রী।

মানে একই বাড়ির এক দরজা খুলেছে মুজিবনগরে, আরেক দরজা বিএনপিতে।

বাবা মির্জা রুহুল আমিন, স্থানীয় নাম চোখা মিয়া। মুসলিম লীগের রাজনীতিক। বাষট্টি-ছেষট্টিতে দুইবার পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে যান। ঠাকুরগাঁও পৌরসভার মেয়র ছিলেন সতেরো বছর।

উনআশিতে দিনাজপুর-চার থেকে এমপি, অষ্টআশিতে ঠাকুরগাঁও-দুই থেকে। এরশাদের মন্ত্রিসভায় তিনটা মন্ত্রণালয়।

আইয়ুব থেকে এরশাদ। মাঝখানে একটা যুদ্ধ, একটা রাষ্ট্রের জন্ম, দুইজন সামরিক শাসক।

তবে ফখরুলের নিজের যাত্রাটা বাবার চেয়ে অনেক বেশি কৌতূহলোদ্দীপক, কারণ তিনি শুরু করেছিলেন পরিবারের ঠিক উল্টা দিক থেকে।

উনসত্তরে, গণঅভ্যুত্থানের বছরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এই ছাত্র ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে। বামপন্থী সংগঠন, মস্কো-পিকিং তর্কে বিভক্ত, মুসলিম লীগের ঘোর বিরোধী।

এসএম হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন, অভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে ছিলেন, সভাপতি না সহ-সভাপতি, সেই তথ্যেও সূত্রভেদে গরমিল। তারপর ভাসানীর ন্যাপ।

তারপরের বাঁকগুলি তারিখ ধরে পড়া যায়।

বাহাত্তরে বিসিএস দিয়ে শিক্ষা ক্যাডার, ঢাকা কলেজে অর্থনীতির শিক্ষক। উনআশিতে, জিয়াউর রহমানের আমলে, উপ-প্রধানমন্ত্রী এস এ বারীর একান্ত সচিব।

বারী নিজেও ন্যাপ থেকে আসা মানুষ, বাম-ঘরানার পুরানা চেনাজানাটাই সম্ভবত সরকারি চাকুরে ফখরুলকে ক্ষমতার সচিবালয়ে ঢুকিয়েছিল, যদিও এই সংযোগের দালিলিক প্রমাণ কেউ হাজির করে নাই।

এরশাদ ক্ষমতা নিলে ফিরে গেলেন ঠাকুরগাঁও কলেজের ক্লাসরুমে। ছিয়াশিতে চাকরি ছাড়লেন, আটাশিতে পৌর চেয়ারম্যান, তারপর বিএনপি।

ছাত্র ইউনিয়নের কর্মী থেকে জিয়ার দলের মহাসচিব, এই যাত্রার ব্যাখ্যা তিনি কোনোদিন বিস্তারিত দেন নাই। কোনো সাক্ষাৎকারে না, নিজের বইয়ে না।

অথচ এই একই যাত্রা তার প্রজন্মের কয়েকশো রাজনীতিকের, এবং এই যাত্রাটাই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে কম-লেখা অধ্যায়।

বামের বিশাল শিবিরটা সত্তর-আশির দশকে কোথায় গেল, কেন গেল। ফখরুল সেই ইতিহাসের জীবিত দলিল, এবং দলিলটা চুপ।

➖

তার মহাসচিব হওয়ার গল্পে একটা শব্দ আছে, যেটার ময়নাতদন্ত দরকার। ভারপ্রাপ্ত।

দুই হাজার এগারোর মার্চে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মারা গেলে খালেদা জিয়া ফখরুলকে “ভারপ্রাপ্ত মহাসচিব” ঘোষণা করলেন। দলের ভেতর থেকেই আপত্তি উঠল, বিএনপির গঠনতন্ত্রে এই নামে কোনো পদই নাই। আপত্তি ধোপে টিকল না।

পদ না-থাকা পদটাতে তিনি রইলেন টানা পাঁচ বছর। পূর্ণ মহাসচিব হলেন ষোলোর কাউন্সিলে, এবং কাউন্সিলের পরপরই গেলেন জেলে।

ভারপ্রাপ্তর ভারটা কী ছিল, সেই তালিকাও করা যাক।

চেয়ারপারসন কারাগারে, দুই হাজার আঠারো থেকে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে, দণ্ডিত, ফেরার উপায় নাই। মাঝখানে দেশে, পুলিশের সামনে, আদালতের বারান্দায়, প্রেস ব্রিফিংয়ের মাইক্রোফোনে, একজন মানুষ।

নিজের হিসাবে এগারোবার জেলে গেছেন, সাড়ে তিন বছর কারাবাস। নির্বাচনী হলফনামায় মামলার সংখ্যা পঞ্চাশ, সবগুলি থেকে অব্যাহতি বা খালাস, মুখের হিসাবে সংখ্যাটা দুইশো ছাড়ায়। কাগজ আর ক্ষোভের এই ফারাকটাও লোকটার একটা পরিচয়।

তবে সবচেয়ে বলার মতো তথ্যটা মামলার সংখ্যা না, মামলার ধরন। পনেরো বছরে রাষ্ট্র তার নামে যা দিয়েছে সব নাশকতা, ভাঙচুর, বিস্ফোরক। দুর্নীতির মামলা একটাও দাঁড় করাতে পারে নাই।

যেই আমলে প্রতিপক্ষের নামে দুর্নীতির মামলা বানানো ছিল প্রশাসনের রুটিন কাজ, সেই আমলেও এই লোকটার ব্যাংক হিসাবে ধরার মতো কিছু মেলে নাই।

হলফনামায় তার মোট সম্পদ চার কোটি টাকার ঘরে, এই দেশের একজন উপজেলা চেয়ারম্যানও শুনলে হাসবেন।

➖

এইবার একটা লাইব্রেরিতে ঢোকা যাক।

লোকটা পেশায় ছিলেন অর্থনীতির অধ্যাপক। ঢাকা কলেজ, ঠাকুরগাঁও সরকারি কলেজ, চৌদ্দ বছরের শিক্ষকতা। পঞ্চাশ বছরের রাজনীতি। এগারোবারের জেলজীবন।

তার নামে প্রকাশিত বই একটা। “আমার স্বপ্ন আমার দেশ”, দুই খণ্ড। সেটাও নিজের হাতে লেখা বই না, সভা-সমাবেশের বক্তৃতার সংকলন, দলের নিজস্ব প্রকাশনা সংস্থা থেকে ছাপা, মুখবন্ধ লিখে দিয়েছেন আরেকজন।

তাকে নিয়ে লেখা বই? শূন্য। কোনো জীবনী নাই, কোনো গবেষণা নাই, এমনকি ঠাকুরগাঁও থেকে ছাপা একটা সংবর্ধনা-স্মারকও অনলাইন ক্যাটালগে ওঠে নাই।

তার জন্মতারিখটা পর্যন্ত অমীমাংসিত, সরকারি জীবনী বলে ছাব্বিশে জানুয়ারি, একাধিক পত্রিকা বলে পয়লা অগাস্ট।

যেই মানুষ দেড় দশক ধরে প্রতিদিন খবরে, তার জন্মদিনটাই কেউ মিলিয়ে দেখে নাই।

এই শূন্যতা ফখরুলের ব্যর্থতা না। এটা আমাদের ইতিহাসচর্চার নকশা। এই দেশে ইতিহাস লেখা হয় চেয়ারের, শেখ মুজিবের, জিয়ার, এরশাদের, দুই নেত্রীর। চেয়ারের পাশে দাঁড়ানো মানুষটার কোনো ইতিহাস হয় না, সে যত বছরই দাঁড়িয়ে থাকুক।

তাজউদ্দীনের গুরুত্ব বুঝতে এই জাতির পঞ্চাশ বছর লেগেছিল। ফখরুল তাজউদ্দীন নন, সেই তুলনা এই লেখা করছেও না, কিন্তু নকশাটা এক। দ্বিতীয় ব্যক্তির খাতা রাষ্ট্র রাখে না, প্রকাশকও রাখে না।

আর যেই মানুষটার লেখার হাত ছিল, ক্লাসরুমের অভ্যাস ছিল, তিনি নিজেও খাতাটা রাখেন নাই।

পনেরো বছর তার প্রতিটা দিন গেছে প্রতিক্রিয়ায়, সকালের গ্রেপ্তারের নিন্দা, দুপুরের বিবৃতি, বিকালের ব্রিফিং। প্রতিক্রিয়ার জীবনে নিজের ভাষ্য লেখার ফুরসত মেলে না।

ইতিহাস তাকে যা বানিয়েছে, তিনি তা-ই থেকেছেন, অন্যের বাক্যের উত্তর।

➖

দলের ভেতরের সমালোচকরা বহু বছর ধরে বলে আসছেন, তিনি রাজপথের লোক না। সংগঠক না, বিবৃতিদাতা। হরতাল ডাকার গলা তার না, প্রেস ব্রিফিংয়ের গলা।

বারো থেকে পনেরোর আন্দোলন, তারপর তেইশ, রাস্তা গরম করার প্রতিটা মৌসুমে এই অভিযোগ ফিরে এসেছে, এবং অভিযোগটা বানানো না।

কিন্তু অভিযোগটা আরেকবার পড়েন। উত্তেজিত করতে পারেন না। ঝাঁঝ নাই। কোনো পক্ষকে রাগাতে পারেন না। পঞ্চাশ বছরে একটা উসকানিমূলক বাক্য নাই।

দলীয় রাজনীতিতে এগুলি খুঁত। এই দেশে রাজনীতিকের যেই গুণগুলি সবচেয়ে দামি, গলার জোর, প্রতিপক্ষকে মাটিতে মেশানোর ভাষা, নিজের লোক পোষার ক্ষমতা, তার একটাও এই লোকটার নাই।

যা আছে তা হলো উল্টাটা, প্রতিপক্ষের অসুস্থতায় শোকবার্তা পাঠানোর অভ্যাস, বিদেশি কূটনীতিকদের আস্থা, আর এমন একটা মুখ যেটা টানা পনেরো বছর টেলিভিশনে থেকেও কারও ঘৃণার তালিকায় উঠতে পারে নাই।

খুঁতের এই তালিকাটা মনে রাখবেন। রাজনীতির কোন কোন পদে ঠিক এই তালিকাটাই যোগ্যতা হিসাবে লেখা থাকে, পাঠক নিজেই জানেন।

➖

রথযাত্রার সেই মঞ্চে ফিরি।

আটাত্তর বছরের শরীরটা গরমে যখন টলে উঠল, পাশে ধরার লোকের অভাব হয় নাই। মন্ত্রীর প্রটোকল, দলের কর্মী, ক্যামেরা। পঞ্চাশ বছর আগে উনসত্তরের মিছিলে এই শরীরটাই দৌড়াত, পুলিশের লাঠির সামনে।

মাঝখানের পঞ্চাশ বছরে দেশ তাকে দিয়েছে দুইটা প্রতিমন্ত্রিত্ব, একটা মন্ত্রিত্ব, এগারোবার জেল, পঞ্চাশটা মামলা, একটা মিলনায়তনে বাবার নাম, আর নিজের নামে একটা বক্তৃতা-সংকলন।

এর চেয়ে বেশি তাকে কিছু দেওয়া হয় নাই। দেওয়া হবে না, সেটা তিনি যোগ দেওয়ার দিনই জানতেন। জেনেশুনে একটা মানুষ পঞ্চাশ বছর দ্বিতীয় সারিতে দাঁড়িয়ে থাকলেন, এবং দাঁড়িয়ে থাকতে থাকতেই সারিটার সংজ্ঞা হয়ে গেলেন।

মন্ত্রণালয়টা পেলেন আটাত্তরে এসে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়। শপথের দিন ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিলি হয়েছিল। পৌর শহরের এক মুদিদোকানি সাংবাদিকদের বলেছিলেন, এইবার জেলার স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানে গতি আসবে।

মুদিদোকানির প্রত্যাশাটা সরল, এবং নির্মম। পঞ্চাশ বছরের রাজনীতি, পনেরো বছরের মহাসচিবত্ব, এগারোবারের জেল, সব শেষে মানুষটার কাছে জেলাবাসীর চাওয়া দাঁড়িয়েছে একটা হাসপাতাল, কয়টা স্কুল, কিছু চাকরি।

যেই চাওয়া একজন সৎ উপজেলা চেয়ারম্যানের কাছেও করা যেত।

আটাত্তর বছর বয়সে তার হাতে এখন সেই সুযোগটাই আছে। আর আছে ঘড়ি। সামনের দিনগুলিতে, খুব সম্ভবত, আরও কিছু একটা আছে। সেটার ঘোষণা অবশ্য তিনি দেবেন না।

0 FacebookTwitterEmail

মন্তব্য করুন