সোনম ওয়াংচুক গত শুক্রবার একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন। বলেছিলেন, যেকোনো মূল্যে ২০ জুলাই পর্যন্ত বেঁচে থাকবেন। আর ২০ জুলাই ব্যর্থ হলে তিনি ভূত হয়ে ফিরে আসবেন।
আজ সেই ২০ জুলাই। ভারতের সংসদের বর্ষা অধিবেশনের প্রথম দিন, ককরোচ জনতা পার্টির ঘোষিত “চলো সংসদ” মিছিলের দিন।
দিনের শেষে খাতায় যা লেখা হলো, যন্তর মন্তরে লাঠিচার্জ, প্রতিবাদস্থল খালি, মিছিল সংসদের ধারেকাছে পৌঁছায় নাই। ওয়াংচুক নিজে সেখানে ছিলেনও না। দুই দিন আগে, অনশনের বিশতম দিনে, পুলিশ তাকে জোর করে তুলে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। সেখান থেকে তার ঘোষণা, অনশন চলবে।
ঘটনাটাকে একটা মিছিল আর একটা লাঠিচার্জের সংঘর্ষ হিসেবে পড়লে ভুল পড়া হবে। আজ যা সংঘর্ষে পৌঁছালো, তা দুই মাসের ভিন্ন দুইটা প্রস্তুতি। রাষ্ট্র তার মতো করে প্রস্তুতি নিয়েছে, আর অপরদিকে আন্দোলনও।
এই দুইটা প্রস্তুতির নকশা পাশাপাশি রাখলে আজকের দিনটা, এবং সামনের দিনগুলিও, পড়া যায়।
➖
রাষ্ট্রের প্রস্তুতিটা আগে, কারণ ওই অধ্যায়টা সবসময় কম জানা। লাঠি ভারতীয় রাষ্ট্রের প্রথম অস্ত্র ছিল না। ছিল চতুর্থ।
প্রথম অস্ত্র আইন। আন্দোলনের বয়স যখন মাত্র পাঁচ দিন, ইনস্টাগ্রামে দল হিসেবে বিজেপিকেও ছাড়িয়ে যাওয়ার মুখে, তখনই ২১ মে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নির্দেশে সিজেপির এক্স হ্যান্ডেল ভারতে ব্লক হয়ে যায়। যে ধারায় ব্লক হয়, সেই ৬৯-এ ধারার ঘোষিত কাজ রাষ্ট্রের সার্বভৌমত্ব আর নিরাপত্তা রক্ষা।
অর্থাৎ একটা মিম-পার্টি, যার তখনো নির্বাচন কমিশনে নিবন্ধন পর্যন্ত নাই, তাকে মাপা হলো রাষ্ট্রের নিরাপত্তা-হুমকির স্কেলে। দুই দিনের মাথায় দুই কোটির ফলোয়ারসহ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে হাতছাড়া, একই দিনে ওয়েবসাইট ব্লক।
কার হাতে হ্যাক, প্রমাণ নাই, কিন্তু এক সপ্তাহে একটা আন্দোলনের তিনটা ডিজিটাল অঙ্গ অচল হওয়ার কাকতাল হজম করা কঠিন।
দ্বিতীয় অস্ত্র নজরদারি। জুলাইয়ের মাঝামাঝি দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে যন্তর মন্তরের প্রতিবাদকারীদের উপর অবিরাম নজরদারির বিরুদ্ধে। আবেদনের ভাষায়, তৈরি করা হচ্ছে “ভীতির পরিবেশ।”
এখানে ভূগোলের একটা তথ্য যোগ করলে ছবিটা সম্পূর্ণ হয়। পুরা দিল্লি মহানগরে যন্তর মন্তরই একমাত্র জায়গা, যেখানে প্রতিবাদের পুলিশি অনুমতি মেলে। রাষ্ট্র আগে প্রতিবাদকে একটা খাঁচায় নামিয়ে আনল, তারপর খাঁচার উপর ক্যামেরা বসাল।
তৃতীয় অস্ত্র নীরবতা। বাইশ দিনের অনশন, আন্তর্জাতিক শিরোনাম, বিরোধীদের মিছিল, শিক্ষা মন্ত্রণালয় একটা শব্দও খরচ করে নাই। যে দাবির জবাব দেওয়া হয় না, সেই দাবি আনুষ্ঠানিকভাবে অস্তিত্বহীন।
চতুর্থ অস্ত্রটা নামল এই সপ্তাহে, বলা যায়, যখন আগের তিনটা কাজ করলো না। ১৮ জুলাই অনশনরত শরীরটাকে মঞ্চ থেকে তুলে নেওয়া হলো, আজ বাকি শরীরগুলিকে লাঠি দিয়ে সরানো হলো। ক্রমটা লক্ষ করার মতো, আগে এখতিয়ার, তারপর দৃশ্যমানতা, তারপর স্বীকৃতি, সবশেষে শরীর।
আধুনিক রাষ্ট্রে দমনের ব্যাকরণে লাঠিকে রাখা হয়েছে শেষ অধ্যায়ে, কারণ লাঠিই একমাত্র অধ্যায় যেটার ছবি ওঠে।
➖
আন্দোলনকারীদের প্রস্তুতিটা উল্টো দিক থেকে বোঝা যায়, তারা কী কী প্রত্যাখ্যান করেছিল, সেই তালিকা দিয়ে।
যন্তর মন্তরের তাঁবুতে যারা বর্ষা কাটাচ্ছে, তারা নিজের ভাড়ায় আসা মানুষ। তারা তহবিল নেয় নাই। তারা কাঠামো নেয় নাই, কমিটি নাই, পদ নাই, ফলে কেনার বা জেলে ভরার মতো কাঠামোও নাই। তারা বড় দাবিও নেয় নাই। একজন মন্ত্রীর পদত্যাগ, নিছক এইটুকুই, দাবি যত ছোট, ঐক্য তত টেকসই, আর প্রত্যাখ্যান তত দৃশ্যমান।
আর সবচেয়ে জরুরি, তারা মালিক হতে চায় নাই।
এই শেষ প্রত্যাখ্যানটাই আন্দোলনটার আসল উদ্ভাবন, মিম না। এর দামও তারা নগদে দিয়েছে, প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে যখন প্রকাশ্যে নিজের দলিত পরিচয় ঘোষণা করলেন, সোশ্যাল মিডিয়ায় তার উপর নেমে আসলো জাতপাতের গালির স্রোত।
তিনি পরিচয় লুকাননি, দলের ঘোষণায় লিখে দিয়েছেন। এখানে জাতের লাইন নাই, দলের লাইনও নাই। যে আন্দোলনের জন্মই একটা গালি থেকে, গালি তাকে আর নতুন কী দিবে।
➖
এই মালিকহীনতাই আজকের ভারতীয় রাজনীতির সবচেয়ে অদ্ভুত দৃশ্যটা তৈরি করেছে। যন্তর মন্তরে গত এক মাসে যা চলেছে, সেটা শুধু সরকারের বিরুদ্ধে আন্দোলন না। সেখানে বিরোধী দলগুলোও লাইন ধরে এসেছে মঞ্চের দিকে।
কেউ পাঠিয়েছে সংহতির চিঠি, কেউ পাঠিয়েছে বড় নেতা, কেউ একটা টুইট। আর আন্দোলন প্রতিটাকে ওজন করেছে, কাউকে মঞ্চে তুলেছে, কাউকে গেটেই থামিয়ে দিয়েছে। কোন দল কোন তারিখে মিছিলে এসে দাঁড়াল, সেই হাজিরা-খাতাটাই এখন রাজনৈতিক মানচিত্র।
তৃণমূলের মহুয়া মৈত্র, কীর্তি আজাদরা যুক্ত হয়েছেন একদম গোড়ায়, যখন সিজেপি স্রেফ একটা ভাইরাল কৌতুক। সমাজবাদী পার্টি এসেছে প্রতিনিধিদল নিয়ে, ডিম্পল যাদবের নেতৃত্বে। কৃষক নেতা রাকেশ টিকাইত এসে ছাত্রদের মঞ্চে কৃষকের সমর্থন ঘোষণা করেছেন। এইভাবে দুই অসন্তোষ এক মোহনায় এসে মিশল।
আর অরবিন্দ কেজরিওয়াল আসলেন ১৬ জুলাই, এবং এসে যে প্রস্তাবটা দিলেন, সেটা সমর্থনের চেয়ে বেশি কিছু, ওয়াংচুককেই শিক্ষামন্ত্রী বানানো হোক। প্রস্তাবটা উদার শোনায়, কিন্তু এর ব্যাকরণটা দত্তক নেওয়ার, আন্দোলনের সাধুকে মন্ত্রিত্বের প্রস্তাব দেওয়া মানে আন্দোলনটাকে নিজের ছায়ায় টেনে নেওয়ার চেষ্টা।
আর সবচেয়ে হিসেবি খেলোয়াড় যিনি, তিনি খেলেছেন মাঠে না নেমেই। রাহুল গান্ধী সপ্তাহের পর সপ্তাহ যন্তর মন্তরে আসেননি, আর সেই অনুপস্থিতি এতটাই চোখে লাগল যে ভারতীয় কলামিস্টরা লিখতে বসলেন, সিজেপির আড্ডায় প্রধানের পদত্যাগের চেয়ে বেশি কথা রাহুলের না-আসা নিয়ে।
কংগ্রেসের হিসাবটা অনুমানযোগ্য, যে আন্দোলন কারও লেজ হবে না বলে ঘোষণা দিয়ে রেখেছে, তার মঞ্চে গিয়ে খালি হাতে ফেরার ঝুঁকি। শেষে ১৮ জুলাইয়ের ক্র্যাকডাউন তাকে মুখ খোলাল। ওয়াংচুককে তুলে নেওয়ার নিন্দায় তার প্রথম বিবৃতি, বিজেপির পথ “অসত্য আর হিংসা।”
দৃশ্যটার মানে দাঁড়ায় এই, বৈধতার স্রোত উল্টো দিকে বইছে। এতকাল আন্দোলনগুলি দলের সার্টিফিকেট খুঁজত, এখন দলগুলি আন্দোলনের সার্টিফিকেট খুঁজছে। আর আন্দোলন সার্টিফিকেট দিচ্ছে না, শুধু হাজিরা খাতা রাখছে।
বিজেপির নিজের আচরণেও আজ সেই একই দ্বৈততা ধরা পড়ল, প্রায় পরিহাসের মতো। একই দিনে রাষ্ট্র লাঠি চালাল যন্তর মন্তরে, আর দলের সভাপতি জে পি নাড্ডা বৈঠকে বসলেন সিজেপির প্রতিনিধিদলের সঙ্গে। এক হাতে সংলাপ, আরেক হাতে লাঠি।
যে আন্দোলনকে মন্ত্রণালয় বাইশ দিন ধরে অস্তিত্বহীন গণ্য করছে, দলের সর্বোচ্চ পদাধিকারী তাকেই টেবিলে ডাকছেন। অস্তিত্বহীনের সঙ্গে কেউ বৈঠক করে না।
➖
তাহলে বড় প্রশ্নটা। এই স্রোত কি সরকার পতনের দিকে যাচ্ছে?
আন্দোলনের নিজের উত্তর, না। ওয়াংচুক বারবার বলছেন আন্দোলনের কোনো রাজনৈতিক রং নাই, দাবিটা শিক্ষা-ব্যবস্থার জবাবদিহি। দিপকের ঘোষণা, কোনো দলের সঙ্গে জোট না। নকশাটাই এক-দাবির, এক-মৌসুমের।
কিন্তু উপাদানের হিসাব আলাদা কথা বলে।
প্রশ্নফাঁস এখানে দেশলাইয়ের কাঠি মাত্র, নিচে জমা বারুদের নাম বেকারত্ব, কোচিং-ঋণ, বছরে চৌদ্দ হাজার ছাত্র-আত্মহত্যা, আর প্রতিষ্ঠানের উপর ভেঙে পড়া আস্থা। আন্দোলনের জন্মই তো হয়েছে খোদ প্রধান বিচারপতির মুখের গালি থেকে, অর্থাৎ ক্ষোভের ঠিকানা শুধু সরকার না, সম্পূর্ণ ব্যবস্থা।
ক্যালেন্ডার বলছে, দিল্লি এই মুহূর্তে ঘেরাওয়ের সপ্তাহ পার করছে, আজ ছাত্রদের সংসদ-মিছিল, কাল প্রায় আড়াইশো কৃষক সংগঠনের মোটরসাইকেল-বহরের দিল্লি ঢোকার কথা, সংসদে বিরোধীরা তৈরি।
ছাত্র, কৃষক, বিরোধী দল, তিন স্রোত এক সপ্তাহে এক শহরে। অভ্যুত্থানের শারীরবিদ্যা যারা বোঝেন, উপাদানের এই তালিকা তাদের অচেনা লাগবে না।
তবে সবচেয়ে নির্ভরযোগ্য সাক্ষীটা আন্দোলনও না, বিরোধীও না। সাক্ষীটা রাষ্ট্র নিজে। মুখে সে বলছে কিছু ঘটছে না, কাজে সে পাঁচ দিনের একটা মিম-পার্টিকে জাতীয়-নিরাপত্তার ধারায় ব্লক করেছে, একটামাত্র প্রতিবাদস্থলে ক্যামেরা বসিয়েছে, না-খাওয়া একটা উনষাট বছরের শরীরকে জোর করে সরিয়েছে, আর সংসদমুখী ছাত্রদের উপর লাঠি চালিয়েছে।
কোনো আন্দোলনের ওজন মাপার সবচেয়ে সৎ দাঁড়িপাল্লা হলো, রাষ্ট্র তাকে থামাতে কতটা খরচ করছে।
➖
আজকের আহতের সংখ্যা নিয়ে দুই পক্ষের ভাষ্য মুখোমুখি। সিজেপি বলছে চল্লিশ-পঞ্চাশ, ওয়াংচুকের স্ত্রীর চুল ধরে টানার অভিযোগও তুলেছে তারা। পুলিশ পুরোটাই মিথ্যা বলছে। সেই মীমাংসা তদন্তের কাজ। তবে আসল কথা হল, সন্ধ্যার হিসাবটা রাত পর্যন্ত টেকে নাই।
বিকেলে পুলিশ মঞ্চটা ভেঙে দিয়েছিল। যে মঞ্চে ওয়াংচুক অনশনে বসেছিলেন, সেটা খুলে নিয়ে যাওয়া হলো, সঙ্গে ম্যাট্রেস, কার্পেট, ট্রাম্পোলিন। সমস্ত মধ্য দিল্লিতে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, একশো পঞ্চাশটা টাওয়ার, কৃষক আন্দোলনের পর এই প্রথম।
হাসপাতালের খাতায় উঠল শতাধিক আহতের নাম, মাথা ফাটা, হাড় ভাঙা, কাঁদানে গ্যাসে ফোলা চোখ।
আর রাত দশটা দশে, ভাঙা সেই চত্বরে, দীপকের নেতৃত্বে আবার মানুষ ফিরে আসলো।
এই লেখা যখন শেষ হচ্ছে, যন্তর মন্তর আবার ভরা। আলো নেভানো, মঞ্চ নেই, তবু ভরা। হাসপাতালের বিছানা থেকে ওয়াংচুক জানিয়েছেন, অনশন চলবে। তার স্ত্রী, যার চুল ধরে টানার অভিযোগ উঠেছে দুপুরে, রাতে বলেছেন, আজকের প্রতিবাদ সফল।
লাঠি দিয়ে শরীর সরানো যায়, ভারত রাষ্ট্র আজকে আরেকবার প্রমাণ করল। কিন্তু ভূত সরানোর লাঠি আজও কোনো রাষ্ট্র বানাতে পারে নাই, এই প্রমাণটা বাকি রইল সামনের দিনগুলির জন্য।