এআই ও যৌন ফেটিশ নিয়ে চ্যাটজিপিটির লাখো চ্যাট ঘাটার পর যা মিলল

গবেষণাটার নাম ‘এআই ফিকশন ইন দ্য ওয়াইল্ড’। করেছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের তথ্য-বিজ্ঞান বিভাগের গবেষক নীল গুপ্তাসহ কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

তারা ব্যবহার করেছেন ‘ওয়াইল্ডচ্যাট’ নামের একটা তথ্যভাণ্ডার। এই তথ্যভাণ্ডারে আছে হাগিং ফেসের একটা মুক্ত চ্যাটবট ইন্টারফেসের মাধ্যমে সংগ্রহ করা লাখো কথোপকথন, ব্যবহারকারীদের সম্মতি নিয়েই।

এই তথ্যভাণ্ডার ঘাঁটতে গিয়ে গবেষকরা খুঁজে পান একজন ব্যবহারকারীকে, যাকে বলা যায় এই গবেষণার সবচেয়ে চমকপ্রদ আবিষ্কার।

এই ব্যক্তি কয়েক মাস ধরে একটা জনপ্রিয় ভিজ্যুয়াল নভেল ‘ডোকি ডোকি লিটারেচার ক্লাব’-এর স্কুল-বয়সী এক চরিত্রকে নিয়ে হাজার হাজার বার প্রায় একই রকম একটা দৃশ্য লিখিয়েছেন চ্যাটবট দিয়ে।

প্রতিবার প্রম্পট শেষ হতো ঠিক একই মুহূর্তে, চরিত্রটার হঠাৎ প্রসববেদনা শুরু হওয়ার দৃশ্যে। বাকিটা প্রতিবার লিখে দিত চ্যাটজিপিটি, প্রতিবার একটু ভিন্নভাবে।

গবেষকরা তাদের প্রবন্ধে এমনই একটা উত্তরের নমুনা তুলে ধরেছেন, যেখানে একজন কাল্পনিক প্যারামেডিক বলছে, অভিনন্দন, একটা সুন্দর কন্যাসন্তান হয়েছে।

এই একই কাঠামোর গল্প এই ব্যবহারকারী পুনরাবৃত্তি করেছেন কয়েক মাস ধরে, হাজার হাজার বার।

এই একজন মানুষের গল্পটা মজার শোনালেও, পুরো গবেষণাটা আসলে বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর খোঁজে। মানুষ এআই দিয়ে ঠিক কী ধরনের গল্প বানাচ্ছে, আর কতটা বানাচ্ছে।

পাঁচ লাখেরও বেশি কথোপকথনের প্রায় এক-তৃতীয়াংশই ছিল গল্প তৈরির অনুরোধ, মৌলিক গল্প থেকে শুরু করে রোলপ্লে, ফ্যানফিকশন, সবকিছু মিলিয়ে।

এর মধ্যে প্রায় অর্ধেক ছিল ফ্যানফিকশন, মানে জনপ্রিয় চরিত্র নিয়ে বানানো গল্প। আর এক-চতুর্থাংশের বেশি ছিল সরাসরি যৌন-বিষয়বস্তুতে ভরা।

গল্প-অনুরোধকারীদের মোট সংখ্যা ছিল প্রায় দশ হাজার।

কিন্তু এর মধ্যে মাত্র প্রায় দুইশোজন অতি-সক্রিয় ব্যবহারকারীই দায়ী দেড় লাখেরও বেশি গল্প-অনুরোধের জন্য।

অর্থাৎ, খুব অল্প কিছু মানুষই এই পুরো চিত্রটা বদলে দিচ্ছেন।

গবেষকরা এই ‘পাওয়ার ইউজার’-দের দুই ভাগে ভাগ করেছেন। একদল ‘স্টোরি সাইক্লার’, কিছুদিন একটা গল্প নিয়ে ঘোরাঘুরি করে অন্য গল্পে সরে যান। আরেকদল ‘ইনফিনিট স্টোরি ডিমান্ডার’, দীর্ঘদিন ধরে একই গল্পের প্রায় হুবহু সংস্করণ চাইতেই থাকেন, শেষ হয় না কিছুতেই।

ওই ‘ডোকি ডোকি’ ভক্তকে গবেষকরা চিহ্নিত করেছেন এই দ্বিতীয় ধরনের সবচেয়ে চরম উদাহরণ হিসেবে।

সংখ্যাটাও চমকে দেওয়ার মতো। গল্প-অনুরোধকারীদের মধ্যে মাত্র দুই শতাংশ ব্যবহারকারীই দায়ী মোট কথোপকথনের ৮০ শতাংশের বেশির জন্য।

যেসব কাল্পনিক জগৎ নিয়ে সবচেয়ে বেশি অনুরোধ এসেছে, তার তালিকায় ডোকি ডোকির পরেই আছে লিগ অব লেজেন্ডস, ফ্রিডম প্ল্যানেট, আর নারুতো।

একটা তুলনা এখানে বিশেষভাবে চোখে পড়ার মতো।

মানুষে-মানুষে লেখা সত্যিকারের ফ্যানফিকশনের জগতে সবচেয়ে জনপ্রিয় থাকে হ্যারি পটার বা মাই হিরো অ্যাকাডেমিয়ার মতো পরিচিত জগৎ, আর সেখানে লেখক-পাঠকের মধ্যে থাকে এক ধরনের সামাজিক আদান-প্রদান।

কিন্তু এআই দিয়ে গল্প বানানোর এই জগৎটা সম্পূর্ণ ভিন্ন, এখানে কোনো পাঠক নেই, কোনো সম্প্রদায় নেই, শুধু একজন ব্যবহারকারী আর একটা চ্যাটবট, নিজের মতো করে একই কল্পনা বারবার ঘুরিয়ে-ফিরিয়ে দেখার এক নিভৃত অভ্যাস।

0 FacebookTwitterEmail

মন্তব্য করুন